ব্রাজিলের অলিম্পিক-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের সঙ্গে সমার্থক সে দেশের নাম। ঘরের মাঠে দুবার হয়ে যাওয়া বিশ্বকাপ ফুটবল তবুও জেতা হয়নি। ক্ষতে একটু প্রলেপ বুলানোর উপলক্ষই এসেছে ব্রাজিলের সামনে। ২০১৬ সালের অলিম্পিক গেমসের আয়োজক যে দেশটির রিও ডি জেনিরো শহর। সেখানে পদক তালিকার সেরা দশে থাকার লক্ষ্য নিয়েই এগোচ্ছে স্বাগতিক ব্রাজিল।
১৯২০ থেকে অলিম্পিক গেমসে অংশ নিচ্ছে দক্ষিণ আমেরিকার দেশটি। সেরা সাফল্যও এসেছিল সেবারই। পদক তালিকায় ১৫তম স্থান। এবার নিজেদের অলিম্পিক ইতিহাসের সেরা সাফল্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটি (সিওবি)। লক্ষ্য ১৩টি খেলায় পদক জয়। সে জন্য বিদেশি কোচ, বড় অঙ্কের বিনিয়োগ এবং নতুন খেলায় মনোযোগ দিয়েছে তারা। অলিম্পিকে পদক তালিকার সেরা দশে স্বাগতিকদেরই দেখা যায় প্রায় সব সময়। ব্যতিক্রমও অবশ্য আছে। ২০০৪ সালের অলিম্পিকের পদক তালিকায় স্বাগতিক গ্রিসের অবস্থান ছিল ১৫ নম্বরে।
ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটির কর্তাব্যক্তিরা জানেন কাজটা মোটেই সহজ হবে না। খেলা বলতে যে ফুটবলকেই বোঝে সে দেশের মানুষ! বিশ্ব জুডো চ্যাম্পিয়নে রুপাজয়ী এরিকা মিরান্ডা অবশ্য চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত, ‘চ্যলেঞ্জটা খুব কঠিন হলেও অসম্ভব নয়।’ সেরা দশে থাকতে হলে মিরান্ডাদের দিকে ব্রাজিল অনেক আশা নিয়েই তাকিয়ে থাকবে। অলিম্পিকে দেশটির সাফল্য এসেছে মূলত অ্যাথলেটিকস, জুডো, সেইলিং ও ভলিবলের মতো খেলাগুলোতে। সিওবির ক্রীড়া বিভাগের নির্বাহী পরিচালক মার্কাস ভিনিসিয়াস ফ্রেইরেও এসব খেলাকেই গুরুত্ব দিচ্ছেন বেশি, ‘আমরা ক্যানোিয়ং, হ্যান্ডবল, ওয়াটার পোলো, শ্যুটিং—এই খেলাগুলোকে অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্ব দিতে পারি। অলিম্পিকে এসব খেলাই আমাদের সফল্য এনে দিয়েছে। রিওতে আশা করি দুর্দান্ত পারফরম্যান্সই হবে খেলাগুলোয়।’
সময়টা অবশ্য ভালোই যাচ্ছে ব্রাজিলের। সব খেলার ২০১৩ ও ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ব্রাজিলের অর্জন ২৭টি পদক। ২০১৩তে ক্যানোয়ার ইসাকুয়েস কুইরোজ ৫০০ মিটারের ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হন। ব্রাজিলের নারী হ্যান্ডবল দলও বিশ্বসেরা। তরুণ তিরন্দাজ মার্কাস ভিনিসিয়াস ডি’আলমেইদা গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রানারআপ। সেইলিং ও জুডোর মতো খেলাগুলোতেও ভালো করতে আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ানরা। খুব একটা প্রচলিত নয় এমন খেলাগুলোতেও জোর দিয়েছে দেশটি। রাগবি, জিমন্যাস্টিকস ও রেসলিংয়ের মতো খেলাগুলোতে নিউজিল্যান্ড, রাশিয়া ও কিউবা থেকে কোচ নিয়োগ সে চেষ্টারই প্রতিফলন।
ব্রাজিলের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে খারাপ গেছে ২০০০ সালের সিডনি অলিম্পিকে। পদক তালিকার ৫২তম ব্রাজিল সেবার একটি সোনাও জিততে পারেনি। এই অভিজ্ঞতা থেকে অবশ্য ভালোই শিক্ষা নিয়েছেন ব্রাজিলীয় খেলোয়াড় ও সংগঠকেরা। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে ১৬তম হয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। সর্বশেষ লন্ডন অলিম্পিকে ২২তম স্থান লাভকারী ব্রাজিল এবার মরিয়া সেরা দশে নাম লেখাতে। সে জন্য দেদার টাকা খরচ করছে দেশটির অলিম্পিক কমিটি, অ্যাথলেটদের পারফরম্যান্স উন্নয়নে বরাদ্দ করেছে প্রায় ২৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
অবশ্য ব্রাজিলিয়ান অ্যাথলেটদের জন্য আরেকটা বড় চাপ হতে পারে স্বাগতিক দর্শকদের প্রত্যাশা। মানসিক এই বাধাটি ডিঙানোর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞাই ধ্বনিত হলো মিরান্দার কণ্ঠে, ‘আমি কোনো চাপ অনুভব করি না। দেশের মাটিতেই আমার সেরাটা বেরিয়ে আসে। যারা চাপ অনুভব করে তারা এ নিয়ে কাজ করছে। এখনো অলিম্পিকের এক বছর বাকি। চাপ নিয়ে কাজ করার মতো যথেষ্ট সময়ই আছে তাদের।’ মিরান্ডাদের আত্মবিশ্বাস খেলার মাঠে দেখা গেলে বিশ্বকাপ ফুটবলের দুঃখ ভোলার ভালো একটা উপলক্ষই পাবে ব্রাজিলীয়রা। রয়টার্স।

এক নজরে রিও অলিম্পিক
এক নজরে রিও অলিম্পিক