ব্রাজিলের আশা দেখেন না ‘ক্যাপ্টেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাপ্রথায় বিশ্বাস নেই কার্লোস দুঙ্গার। ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর দলটাকে নতুনভাবে গড়েপিটে মানুষ করেছেন। যে দলে শিল্পের চেয়ে শ্রমের মূল্য বেশি। রোনালদো-রোনালদিনহোরা তাই এই দলে ব্রাত্য।ওদিকে আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো বলছেন, ব্রাজিলের এই দলের সবচেয়ে বড় দুর্বলতাই হলো, দলে তারকার অভাব। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলকে তৃতীয় শিরোপা জেতানো এই সাবেক ডিফেন্ডারের মন্তব্য, ‘অতীতে ব্রাজিল প্রতিবারই যখন বিশ্বকাপ খেলার জন্য দেশ ছেড়েছে, দলে চার, পাঁচ কিংবা ছয়জন গ্রেট খেলোয়াড় পেয়েছে। যাদের প্রত্যেকের একারই বিশ্বকাপ জেতানোর ক্ষমতা ছিল। গারিঞ্চা আর পেলের বেলায় এটি হয়েছে, ১৯৯৪ সালে রোমারিও যেমন ছিল। তেমনি ২০০২ বিশ্বকাপে ছিল রোনালদো আর রিভালদো। সব সময়ই কেউ না-কেউ ছিলই।’ব্রাজিলের এই দলে কাকা আছেন। রবিনহোও আছেন। কিন্তু এক কাকার ওপর ব্রাজিল বড় বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। তা ছাড়া রিয়াল মাদ্রিদে যাওয়ার পর কাকা যেন নিজের ছায়া হয়ে আছেন। দুর্দান্ত সেই খেলাটা কোথায় যেন হারিয়ে গেছে তাঁর। ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে অবিশ্বাস্য গোল করে ইতিহাসে চিরস্থায়ী আসন পেয়ে যাওয়া আলবার্তো তাই বলেছেন, ‘আজ ব্রাজিল কাকার ওপর প্রায় পুরোপুরিই নির্ভরশীল। কাকা যদি ইনজুরিতে পড়ে ছিটকে যায় দলের বাইরে, কী হবে তখন? ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো, ব্রাজিলকে শিরোপা এনে দেওয়ার মতো আর কোনো খেলোয়াড় তো আমাদের নেই।’সব মিলে ব্রাজিলের ষষ্ঠ শিরোপার ব্যাপারে খুব বেশি আশাবাদী হতে পারছেন না। তাই গোঁ ধরে না থেকে রোনালদিনহোকে দ্রুত দলে ফেরানোর পরামর্শ দুঙ্গাকে দিয়েছেন পেলের সর্বকালের সেরা ১২৫ ফুটবলারের একজন আলবার্তো।৬৫ বছর বয়সী সাবেক তারকার দুই ফেবারিট জার্মানি ও ইংল্যান্ড। হিসাবের মধ্যে স্পেন, ইতালি আর আর্জেন্টিনাকেও রাখতে বলছেন তিনি। ‘জার্মানিকে তাদের ঐতিহ্যের কারণে আমরা খুবই শ্রদ্ধা করি। আর দেখে ভালো লাগছে, ব্রাজিলিয়ানরাও এখন ইংল্যান্ডের ফুটবল নিয়ে উচ্ছ্বাস দেখায়, যেখানে আগে এ নিয়ে কথাই হতো না। ইংল্যান্ডের সবচেয়ে বড় ইতিবাচক পদক্ষেপ হলো ক্যাপেলোকে কোচ বানানো। দলের মধ্যে তিনি লাতিন মানসিকতা ছড়িয়ে দিয়েছেন’—বলেছেন আলবার্তো।বিশেষ করে ওয়েইন রুনির খেলায় নিজের মুগ্ধতার কথাও জানালেন চেক প্রজাতন্ত্রের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা আলবার্তো, ‘আমার মতে, ও-ই এখন বিশ্বের সেরা খেলোয়াড়।’লোকে যে এখনো ৪০ বছর আগে তাঁর সেই গোলটির কথা বলে, এ জন্য কৃতজ্ঞতাও জানালেন, ‘ভেবে খুব ভালো লাগে মানুষ এখনো আমাদের ওই দলটি, আমার সেই গোলটি, শিরোপা জেতার কথা মনে রেখেছে। উচ্ছ্বাসে ভেসে যাই যখন ব্রাজিলের মানুষ এখনো আমাকে “ক্যাপ্টেন” বলে ডাকে। ব্রাজিলে কেউ আমার নাম ধরে ডাকে না। শুধু বলে, “ক্যাপ্টেন”।’ ওয়েবসাইট।