ব্রাজিলের এক যে আছে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেক্সার স্বপ্নে কি তাহলে রং লাগল?
গত পরশু মানে গারিঞ্চা স্টেডিয়ামের গ্যালারি যেন আদিগন্ত সরষেখেত! ম্যাচ শুরুর আগে থেকেই যেখান থেকে ‘ব্রাজিল’ ‘ব্রাজিল’ গর্জন। ম্যাচের শেষ দিকে যা বদলে গেল ‘গোওওল’ ‘গোওওল’ কোরাসে। মেক্সিকোর বিপক্ষে আগের ম্যাচে গোলের দেখা না পাওয়াই কি এক ম্যাচে চার গোলকে আরও বেশি উদ্যাপনের উপলক্ষ বানিয়ে দিল!
ক্যামেরুনের এক খেলোয়াড় জার্সিটা চেয়ে নিয়েছেন। নেইমারের তাই আদুল গা। গলায় বাঁধা ক্যামেরুনের জার্সি। বেঞ্চ থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরলেন সতীর্থদের। ক্যামেরুনের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলালেন। অ্যালান নিয়মের সঙ্গেও। এই নিয়মই তাঁকে ধাক্কা দিয়ে প্রায় ফটোগ্রাফারদের ওপরে নিয়ে ফেলেছিলেন। পরে হাত বাড়িয়ে দিয়েছেন, ক্ষুব্ধ নেইমার সেই হাতে হাত রাখেননি। এখন ম্যাচ শেষ, ওসব মনে রাখার কী দরকার!
অধিনায়কের আর্মব্যান্ড না পরেও ২২ বছরের তরুণই যেন ব্রাজিলের এই দলের নেতা। ওয়ার্মআপের সময় একটু পরপরই সতীর্থদের জড়িয়ে ধরে কানে কানে কী যেন বলছিলেন। উজ্জীবনী কিছুই হবে। ১১ জন মাঠে নামার সময় নেইমার সবার শেষে। জাতীয় দলকেও ক্লাবের মতো একতাবদ্ধ করার যে মন্ত্র স্কলারির, সেটির প্রতীকী রূপ যেন একে অন্যের কাঁধে হাত রেখে মাঠে নামা।
মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ৯০ মিনিট যেন তাড়িয়ে বেড়াচ্ছিল। খেলা শুরুর বাঁশি বাজতেই তাই ঝাঁপিয়ে পড়ল ব্রাজিল। দেখিয়ে দেওয়ার বাড়তি তাড়নায় অবশ্য হিতে বিপরীতই হলো। স্কলারির যা একদমই পছন্দ হয়নি, ‘আমরা বোধ হয় একটু নার্ভাসই ছিলাম। এ কারণেই বেশি তাড়াহুড়ো করেছি। এর কোনো দরকার নেই। শান্তভাবে নিজেদের খেলাটা খেললেই তো হয়।’
মেক্সিকোর বিপক্ষে ড্রয়ের পরও ব্রাজিলের খেলায় উন্নতি দেখায় স্কলারিকে িটকািটপ্পনী শুনতে হয়েছে। সেটির প্রচ্ছন্ন উত্তরও যেন থাকল পরের কথাটিতে, ‘বিশ্বকাপ এমন একটা টুর্নামেন্ট, যেখানে ধাপে ধাপে উন্নতি করতে হয়। আজ আমরা চার গোল করেছি। সাত-আট গোলও করতে পারতাম। মেক্সিকোর বিপক্ষে যা খেলেছিলাম, আজ আমরা তার চেয়ে ভালো খেলেছি।’
কে কেমন খেলেছে, তার কাটাছেঁড়ায় অবশ্য যেতে চাইলেন না। সে জন্য যে সময় দরকার, ‘ম্যাচের সময় উত্তেজনায় অনেক কিছুই চোখে পড়ে না। কাল ঠান্ডা মাথায় ম্যাচটা আবার দেখব। তখন বুঝতে পারব।’ ঠান্ডা মাথায় ম্যাচটি দেখার সময় ৪-১ গোলে জয় ছাপিয়ে অস্বস্তিকর অনেক কিছুই নিশ্চয় চোখে পড়েছে স্কলারির—
১. এই বিশ্বকাপে সবচেয়ে বিখ্যাত ডিফেন্স প্রায়ই নড়বড়ে। লখিন্দরের লোহার বাসরঘরে একচুল পরিমাণ ছিদ্র দিয়ে সাপ ঢুকেছিল। এখানে ছিদ্র আরও বড়। পিছিয়ে পড়ার ৯ মিনিটের মধ্যেই ক্যামেরুনের সমতাসূচক গোলে দানি আলভেজ ও ডেভিড লুইজের বড় দায় আছে। ওয়ান টু ওয়ানে আলভেজ জঘন্য করেছেন। গোলমুখে ক্রসেও লুইজ ছিলেন দর্শক।
২. মাঝমাঠ বলতে ব্রাজিলের কিছুই ছিল না। অ্যাটাকিং থার্ডে বলতে গেলে কোনো খেলাই হয়নি। ডিফেন্সে কিছু পাস খেলে দুই উইংয়ের দিকে বল বাড়িয়ে দেওয়া হয়েছে। যার অনেকগুলোই পড়েছে ক্যামেরুনের খেলোয়াড়দের পায়ে।
৩. হাল্কের অবস্থা যাচ্ছেতাই। ফ্রেডের অবস্থাও ভালো নয়। একটি গোল পেলেও সেটি ছিল পরিষ্কার অফসাইড থেকে। পাউলিনহোকে বিরতির পর আর নামানোই যায়নি। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কাকাকে মনে করিয়ে দেওয়া অস্কারও এদিন ম্রিয়মাণ।
আক্রমণভাগের চার খেলোয়াড়ের এমন অবস্থা হলে একটা দলের আর থাকে কী?
থাকেন নেইমার।
ব্রাজিল যে আবারও চনমনে এই তরুণের কাঁধে ভর দিয়েই পার হয়ে গেল, সেটি বুঝতে স্কলারির ঠান্ডা মাথায় ম্যাচ দেখার কোনো প্রয়োজনই পড়ছে না। তিন ম্যাচে দ্বিতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচ। এদিনের নেইমার এমনই বৈচিত্র্যময়, এমনই ঝলমলে যে ম্যাচসেরার তিনটি পুরস্কার থাকলে তিনটিই তিনি পেতেন।
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা, গ্রুপ জেতা—এর বাইরেও এই ম্যাচটির আলাদা একটি মাহাত্ম্য ছিল। বিশ্বকাপে ব্রাজিলের শততম ম্যাচ। সেই ম্যাচের পাণ্ডুলিপিতে আরেকটি ‘শততম’ লিখে রেখেছিলেন ফুটবল-দেবতা। এই বিশ্বকাপের শততম গোলটি এল নেইমারের পা থেকে।
দুটি গোলই দেখতে সাধারণ, কিন্তু আসলে অসাধারণত্বে উজ্জ্বল। ১৭ মিনিটে প্রথম গোলটিতে শরীরটাকে মেলে বলটা সামনে যেতে দিলেন, তার পর আয়েশি ভঙ্গিমায় নিখুঁত প্লেসিং। সেটি ছিল লুইস গুস্তাভোর ক্রস। দ্বিতীয় গোলটি নিজেই বানালেন। বল নিয়ে ঢুকে গোলরক্ষককে একটু বাঁ দিকে ঝুঁকতে দেখে মারলেন তাঁর ডান পাশে দিয়ে। ক্যামেরুন ডিফেন্ডারের দুপায়ের ফাঁক দিয়ে।
কিন্তু নেইমারের এই দুর্দান্ত পারফরম্যান্স যে আরও বড় করে তুলছে প্রশ্নটাকে—এই ব্রাজিল কি তাহলে নেইমারসর্বস্ব দল? স্কলারি অবশ্য প্রশ্নটাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন, ‘আর্জেন্টিনাও তো মেসির দিকে তাকিয়ে থাকে। অন্য অনেক দলেও এমন খেলোয়াড় আছে, যার ওপর নির্ভর করে দল। এরা হলো বড় খেলোয়াড়, যারা ম্যাচে পার্থক্য গড়ে দেয়।’
গত আটটি বিশ্বকাপের মতো এবারও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল। কিন্তু তাতেই যে স্কলারির ভয়টা সত্যি হয়ে গেল! সেই কবেই বলে রেখেছেন, নকআউট পর্বের প্রথম ম্যাচে আর যে-ই পড়ুক, চিলি যেন না পড়ে। আগামী শনিবার বেলো হরিজন্তেতে সেই চিলিরই মুখোমুখি ব্রাজিল। আগের কথাটাকে হালকা করে দেখাতে পারতেন স্কলারি। মোটেই তা করলেন না। বরং অনড় থাকলেন আগের কথাতেই, ‘সুযোগ থাকলে আমি অন্য কোনো দলকে বেছে নিতাম। চিলি বেশি কঠিন, কারণ ওরা দক্ষিণ আমেরিকান দল। ভালো দল, সংগঠিত দল, তীব্র ইচ্ছাশক্তির এক দল। চিলির সঙ্গে দুবার খেলেছি, ওরা কেমন কঠিন দল সেটিও বুঝতে পেরেছি। অনেকেই ভেবেছিল, চিলি শুরুতেই বিদায় নেবে। কিন্তু আমি তা ভাবিনি।’
স্কলারি যে দুটি ম্যাচের কথা বলছেন, গত নভেম্বরে তার প্রথমটিতে ব্রাজিল ২-১ গোলে জিতেছিল। এপ্রিলে দ্বিতীয় ম্যাচটি ২-২ ড্র। সেই ম্যাচটিও বেলো হরিজন্তেতেই। চিলি যখন পড়েই গেছে, এ নিয়ে বেশি না ভেবে ইতিবাচক দিকগুলোকে সামনে নিয়ে এলেন স্কলারি, ‘আমাদের কোনো খেলোয়াড়ের ইনজুরি সমস্যা নেই। বড় কোনো সমস্যা ছাড়াই আমরা কোয়ালিফাই করেছি। আর এখন আসলে দুর্বল বলা যায়, এমন দল খুব একটা নেই। আজ ক্যামেরুনের খেলা দেখে কে বলবে, ওরা একটা ম্যাচও জেতেনি!’
যে কথাটা অবশ্যই স্কলারির মনে আছে, কিন্তু মুখে বলেননি, তা অনুমান করা মোটেই কঠিন নয়।
হোক না চিলি, আমাদের একজন নেইমার আছে না!