ব্রাজিলের একমাত্র আশা নেইমার: রোমারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

তারকার অভাব ব্রাজিল দলে কখনোই ছিল না। একের পর এক সব বিস্ময়কর ফুটবলার উপহার দিয়ে গেছে ব্রাজিল। এমনও বলা হয়, কফির চেয়ে নাকি ফুটবলার রপ্তানি করেই বেশি আয় করে দেশটি।
হুট করে কী যে হলো, ব্রাজিল থেকে সেই উঠে আসা তারকার স্রোত এখন ক্ষীণধারা। ব্রাজিলের এই দলটার ভার এখন ২১ বছর বয়সীর একটি ছোট্ট কাঁধে। রোমারিওও বলছেন, আগামী বিশ্বকাপে ব্রাজিলের একমাত্র আশা নেইমার। ব্রাজিল নিজ দেশে বিশ্বকাপ জিততে পারবে কি না, সেটি অনেকটাই নির্ভর করবে নেইমার ফর্ম আর ফিটনেসের ওপর।
ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপের নায়ক বলছেন, ‘নেইমার আমাদের সেরা খেলোয়াড়। সে এখন বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লিগে খেলছে। সে আমার আশা, সে ব্রাজিলের আশা।’
বয়স কম হলেও এখনই যে ব্রাজিলের ভার বইতে তিনি প্রস্তুত, নেইমার সেটা প্রমাণ করে দিয়েছেন। বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট ছিল তাঁর আলোয় উদ্ভাসিত। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। ওই বিশ্বকাপে ব্রাজিলের নায়ক ছিলেন আরেকজন—লুইজ ফেলিপে স্কলারি। মানো মেনেজেসের কাছ থেকে দায়িত্ব নিয়ে দ্রুতই দলটাকে একসুতোয় গেঁথেছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই কোচ।

মেনেজেসকে ছাঁটাই করে স্কলারিকে দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলেন রোমারিওই। নিজের ভুলটা স্বীকার করে এখন স্কলারিকে প্রাপ্য ধন্যবাদ দিতে কোনো কুণ্ঠা নেই তাঁর, ‘কনফেডারেশনস কাপের আগে সবচেয়ে বড় সমালোচকদের একজন ছিলাম আমি। তবে আমাকে বলতেই হবে, তিনিই আমাদের দলটাকে চ্যাম্পিয়ন বানিয়েছেন।’