ব্রাজিলের ওপর ব্ল্যাটারের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ প্রস্তুতির কাজে ব্রাজিলিয়ানদের ধীরগতি নিয়ে সমালোচনা হচ্ছে সেই শুরু থেকেই। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার আবারও এ নিয়ে তাঁর ক্ষোভ প্রকাশ করলেন। যদিও দিন দুই আগেই তিনি ব্রাজিলিয়ানদের ভাসিয়েছিলেন প্রশংসায়। কিন্তু এখন মনে হচ্ছে, ওটা তাঁর মনের কথা ছিল না। বিশ্বকাপ প্রস্তুতিতে ব্রাজিল একটু বেশিই সময় নিয়ে ফেলায় ব্ল্যাটার আসলে ক্ষুব্ধ।
বিশ্বকাপের আর মাত্র মাস ছয়েক বাকি। অথচ স্টেডিয়ামের নির্মাণকাজে ব্রাজিল এখনো সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু ব্রাজিল অবকাঠামো নির্মাণের জন্য সময় পেয়েছে সাত বছর। গতকাল সুইজারল্যান্ডের পত্রিকা ২৪ আওয়ারসকে ব্ল্যাটার নিজেই বললেন, বিশ্বকাপ প্রস্তুতির জন্য ব্রাজিল যত সময় পেয়েছে, অন্য কোনো দেশ ততটা সময় পায়নি, ‘ব্রাজিলকে বুঝতে হবে, তারা একটু বেশিই দেরিতে শুরু করেছে। আমি ফিফায় আসার পর থেকে তারাই কাজ শুরু (বিশ্বকাপ আয়োজনের কাজ) করতে সবচেয়ে বেশি দেরি করেছে। তারাই একমাত্র দেশ, যারা প্রস্তুতির জন্য দীর্ঘ সাত বছর সময় পেয়েছে।’
তবে ব্ল্যাটার আশাবাদী, শেষ পর্যন্ত বিশ্বকাপ হবে নির্ঝঞ্ঝাট-শান্তিপূর্ণ, ‘আমি হতাশাবাদী নই, আশাবাদী মানুষ। ফুটবল সুরক্ষিতই থাকবে। আমি বিশ্বাস করি, ব্রাজিলিয়ানরা সরাসরি ফুটবলকে আঘাত করবে না। এটা ফুটবলের দেশ, ফুটবল তাদের ধর্ম।’ ওয়েবসাইট।