ব্রাজিলের কাছাকাছি উরুগুয়ে-মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্মান থেকে মেক্সিকো সিটির দূরত্ব ৭ হাজার ৮০০ মাইল। পরশু দুই মহাদেশের দুই শহরে একই রকম উৎসব হলো। এই দুই ভেন্যুতে বিশ্বকাপ বাছাই প্লে-অফে বড় জয় পেয়েছে উরুগুয়ে ও মেক্সিকো। জর্ডানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে উরুগুয়ে, মেক্সিকো নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করেছে ৫-১ গোলে। অ্যাওয়ে ম্যাচে এত বড় জয়ে উরুগুয়ের বিশ্বকাপে খেলা তো প্রায় নিশ্চিতই, ব্রাজিল দেখতে পাচ্ছে মেক্সিকোও।
বিশ্বের ছয় নম্বর দল উরুগুয়ের সঙ্গে ৭০ নম্বর জর্ডানের খেলা অসমই হওয়ার কথা। কিন্তু বিশ্বকাপ প্লে-অফের ম্যাচটা যখন জর্ডানের মাঠে, তখন একটু লড়াই হওয়ার কথা তো ছিলই। কিন্তু এশিয়ার প্রতিনিধি জর্ডান এমন আত্মসমর্পণ করবে কে ভেবেছিল? আরেকটা অবাক করা ব্যাপার, এর মধ্যে লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজের কোনো গোল নেই। একটা গোল পেয়েছেন পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানি। তবে ফ্রি-কিক থেকে ওই গোলটা অনেক দিন মনে রাখার মতো। আর গোল করেছেন পেরেইরা, স্তুয়ানি, লোদেইরো ও রদ্রিগেজ।
প্রতিপক্ষকে এমন প্রতিরোধহীন দেখে উরুগুয়ে কোচ অস্কার তাবারেজও একটু অবাক, ‘আমি আশা করেছিলাম জয়ের জন্য কষ্টই করতে হবে আমাদের। কিন্তু এতগুলো গোল হয়ে যাবে ভাবিনি।’ ঘরের মাঠে পরের ম্যাচটা অনেকটাই আনুষ্ঠানিকতা। তবে তাবারেজ সতর্ক, ‘আমরা বিশ্বকাপের খুব কাছাকাছি, সামনের বুধবার পরের ম্যাচে সবাই খেলবে।’
বিস্ময় অপেক্ষা করছিল মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামেও। র‌্যাঙ্কিংয়ে মেক্সিকোর (২৩) সঙ্গে নিউজিল্যান্ডের (৭৯) ব্যবধান মাঠে এমনভাবে অনূদিত হওয়ার কথা ছিল না। খুঁড়িয়ে খুঁড়িয়েই তো প্লে-অফে এসেছে মেক্সিকো। গত ছয় সপ্তাহে কোচ বদল হয়েছে চারবার! নতুন কোচ মিগুয়েল হেরেরা এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাহসী একটা সিদ্ধান্তই নিয়েছিলেন। জিওভান্নি দস সান্তোস, হাভিয়ের হার্নান্দেজদের মতো ইউরোপীয়-অভিজ্ঞদের বসিয়ে রেখে আস্থা রাখেন স্থানীয় খেলোয়াড়দের ওপর। ফাটকাটা দারুণভাবেই লেগে গেছে। জোড়া গোল করেছেন ওরিবে পেরালতা। গোল করেছেন পল আগুইলিয়ার, রাউল জিমেনেজ ও সাবেক বার্সা ডিফেন্ডার রাফায়েল মার্কেজ। নিউজিল্যান্ডের সান্ত্বনাসূচক গোলটি ক্রিস জেমসের।
১৯টি বিশ্বকাপের ১৪টিতেই খেলেছে মেক্সিকো। আরেকটি হাতছোঁয়া দূরত্বে। কোচ হেরেরা অবশ্য সতর্ক, ‘আমাদের সমর্থকদের কাছে একটা ঋণ আছে। এখনো সেটা শোধ করা বাকি।’ এএফপি।