ব্রাজিলের কাছে ক্ষমা চাইলেন জেরোমে ভালকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনের গতি নিয়ে বেফাঁস মন্তব্য করে ব্যাপক রোষানলের মুখে পড়েছেন ফিফার সাধারণ সম্পাদক জেরোমে ভালকে। গত সপ্তাহে ভালকে বলেছিলেন, বিশ্বকাপ আয়োজনের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকাজের গতি বাড়াতে ব্রাজিলের ‘পেছনে লাথি মারা’ দরকার। অপমানসূচক এই মন্তব্যের পর ভালকের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হবে না বলে হুমকি দিয়েছিল ব্রাজিল। তবে শেষ পর্যন্ত নমনীয়তা দেখিয়েছেন জেরোমে ভালকে। ব্রাজিলের ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক এক চিঠিতে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার শীর্ষস্থানীয় এই কর্মকর্তা।ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনের গতি নিয়ে শুরু থেকেই নিজেদের অসন্তুষ্টি জানিয়ে এসেছেন ফিফার কর্তাব্যক্তিরা। ২০১৪ সালে ফুটবলের সবচেয়ে বড় এই আসরটি আয়োজনের জন্য, নির্ধারিত সময়সূচির মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কাজ ব্রাজিল করতে পারছে না বলে অভিযোগ ফিফার। গত সপ্তাহে ব্রাজিলকে নিয়ে অপমানসূচক মন্তব্য করার সঙ্গে সঙ্গে জেরোমে ভালকে আরও বলেছিলেন, বিশ্বকাপটা জেতার দিকে মনোযোগ দেওয়ার চেয়ে বরং সেটা আয়োজনের দিকেই ব্রাজিলের বেশি মন দেওয়া দরকার। এ ধরণের বক্তব্যের পর বিশ্বকাপ আয়োজনের জন্য জেরোমের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়ার দাবিও জানিয়েছিলেন ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলো। তবে এখন জেরোমের ক্ষমাসূচক বার্তার পর এখনো এ বিষয়ে কোনো ফিরতি জবাব দেয়নি দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। বিবিসি অনলাইন।