ব্রাজিলের কাছে টাকার আগে ট্রফি
১৯৯০ বিশ্বকাপের ঘটনা। পুরস্কারের অর্থ নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে গোলমালের একপর্যায়ে খেলোয়াড়েরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানালেন। অফিসিয়াল ছবি তোলার সময় কয়েকজন খেলোয়াড় স্পনসরদের লোগো হাত দিয়ে ঢেকে ফেলার চেষ্টাও করেছিলেন।সেই প্রতিবাদকারী খেলোয়াড়দের মধ্যে ছিলেন কার্লোস দুঙ্গা, জর্জিনহো এবং গোলরক্ষক ক্লদিও তাফারেল। ঘটনাচক্রে তিনজনই আজ ব্রাজিল দলের অংশ। প্রথমজন কোচ, দ্বিতীয়জন সহকারী কোচ এবং তাফারেল পর্যবেক্ষক। তিনজনের অভিজ্ঞতা কী বলে? টাকা-পয়সা কি এখনো ব্রাজিল দলে সমস্যা?পুরস্কারের অর্থ নিয়ে বিভিন্ন সময় ব্রাজিল দলে সমস্যা হয়েছে। সেই সমস্যার চূড়ান্ত রূপ দেখে ফেলা এই তিন সাবেক খেলোয়াড়ই এক সুরে বলে দিলেন, সেই দিন আর নেই। এখন আর টাকা-পয়সা নিয়ে ঝামেলা বাধার সুযোগ নেই।দুঙ্গা বলেছেন, ১৯৯০ সালের ঘটনাটা বিচ্ছিন্ন একটা ঘটনা, ও রকম সমস্যা আর হয়নি, ‘ওটা আলাদা ব্যাপার ছিল। তখন আমরা একটু নতুন দল ছিলাম। আর (কনফেডারেশন) সভাপতিও মাত্র কাজ শুরু করেছিলেন। বিশ্বকাপের পর কিন্তু আর কখনো কোনো সমস্যা হয়নি।’সমস্যা হওয়ার কথাও নয়। একসময় অর্থসংকটে ভোগা সেই ব্রাজিল দলটির এখন ১০টি অফিসিয়াল স্পনসর। বিশেষ সূত্রের খবর, ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের প্রত্যেক সদস্যই আড়াই লাখ মার্কিন ডলার করে পুরস্কার পেয়েছিলেন। ২০০৬ বিশ্বকাপ জিতলেই পরিমাণটা ৩ লাখ ডলার করে হতো। এবারও হয়তো পুরস্কার হবে বিরাট অঙ্কের। কনফেডারেশন এখন পর্যন্ত পুরস্কারের অঙ্ক জানায়নি। তবে সিবিএফের মুখপাত্র রদ্রিগো পাইভা বলছেন, খেলোয়াড়েরা এখন এ নিয়ে চিন্তাই করে না, ‘পরিস্থিতি একই রকম আছে। কিন্তু খেলোয়াড়েরা এখন আর এসব নিয়ে কথা বলে না।’কেন বলেন না? নব্বইয়ের অভিজ্ঞতাসম্পন্ন জর্জিনহো বলছেন, খেলোয়াড়েরা এখন আর বিশ্বকাপে খেলা বা জাতীয় দলে খেলাকে টাকা উপার্জনের পথ বলেই মনে করেন না। ব্রাজিলের দুজন মাত্র খেলোয়াড়, জিলবার্তো ও ক্লেবারসন ছাড়া বাকি সবাই ইউরোপে খেলেন। সুতরাং তাঁদের হাতে এখন রাশি রাশি টাকা।সেটাই বলছেন জর্জিনহো, ‘খেলোয়াড়েরা এখানে টাকার জন্য আসেনি। সুতরাং আমরা এটা নিয়ে চিন্তিত নই। ছেলেরা এমনিতেই আর্থিক দিক দিয়ে অনেক ভালো আছে। আমরা জানি, দলের খেলোয়াড়দের সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্বকাপে খেলা।’এই কথাটাই যেন পুনর্ব্যক্ত করলেন বিশ্বকাপ দলের গোলরক্ষক গোমেজ, ‘কোনো সন্দেহই নেই যে, প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন জাতীয় দলে থাকা।’ ওয়েবসাইট।