ব্রাজিলের কান্না আর শোকের বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগিজ না জানলেও এই ভাষাটা বোঝা যায়। হতাশা, কান্না, শোক কিংবা বিষাদের ভাষা যে পৃথিবীর সব প্রান্তেই একই রকম। কাকা, হুলিও সিজার, জিলবার্তো সিলভারা মাঠ থেকেই বেরিয়েছিলেন জলভরা চোখে। ড্রেসিংরুমে ফিরে কেঁদেছেন আরও। অনেকক্ষণ নাকি তাঁরা কেবল কান্নার ভাষাতেই কথা বলেছেন।সংবাদ সম্মেলনে তখন ব্রাজিল কোচ দুঙ্গা দলের পরাজয়ের সব দায়ভার নিচ্ছেন নিজের কাঁধে। ঠিক তখনই মিক্সড জোন দিয়ে দু দলের খেলোয়াড়েরা এক এক করে বেরোলেন। ব্রাজিলের মিডিয়া কর্মকর্তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন, ড্রেসিংরুমের পরিস্থিতি নিশ্চয়ই খুব খারাপ ছিল? ‘সে কথা বলে বোঝাতে পারব না। কী থমথমে পরিবেশ। সবার চোখে জল’—বললেন ওই কর্মকর্তা। কে বেশি কেঁদেছে? একটু ভাবলেন ভদ্রলোক। স্মৃতির মধ্যে একটা আলোড়ন তাঁকে তুলতেই হলো। কান্নাভেজা মুখ তো আর গুটিকয় মাত্র দেখেননি তিনি! একটা লম্বা মিছিলই ছিল সেখানে।প্রথমে এলেন মিশেল বাস্তোস, লাল কার্ড পেয়ে বসতে পারেন, এই ভয়ে যাকে তুলে নিয়েছিলেন দুঙ্গা। কিন্তু লাল কার্ড পেয়ে গেলেন ফেলিপে মেলো। যিনি ব্রাজিলের মাঝমাঠটাকে কংক্রিটের শক্ত গাঁথুনিতে বেঁধেছিলেন। প্রথম গোলটিতে রেখেছিলেন ভূমিকা। অথচ মেলো দিনশেষে নায়ক থেকে খলনায়ক। প্রথমে সমতা ফেরানো আত্মঘাতী গোলটা লেখা হলো তাঁরই নামে। এরপর আরিয়েন রোবেনকে পা দিয়ে মাড়িয়ে দেখেছেন লাল কার্ড। ব্রাজিলের জয়ের আশাটা শেষ করে দিয়েছেন তিনি। ব্রাজিলের জাতীয় খলনায়ক এখন এই জুভেন্টাস মিডফিল্ডার। সাবেক সতীর্থ রোনালদো তো বলেই দিয়েছেন, এখনই যেন মেলো দেশে না ফেরেন।কিন্তু মেলোর প্রতিক্রিয়া কী? অন্তত বার চারেক সাংবাদিক জটলায় কথা বললেন তিনি। উচ্চস্বরে। তাঁর কাঠগড়ায় রোবেন, ‘রোবেন ভালোই অভিনয় করতে জানে। তাকে চ্যালেঞ্জ করতে গেলেই সে লাফ দিয়ে পড়ে যাচ্ছিল। কিন্তু সত্যি আমি যদি তাকে আঘাত করতে চাইতাম, তাকে মাঠের বাইরে থাকতে হতো। সেই শক্তি আমার আছে।’ শুরুটা উঁচুস্বরে করলেও শেষটা করলেন বিষাদ মিশিয়ে, ‘কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়াটা সত্যিই দুঃখজনক। ব্রাজিলের মানুষের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। তাদের জবাব দেওয়ার ভাষা আমার নেই। আমি তো আমার ছেলেকেই কিছু বলতে পারব না, নিশ্চিত টেলিফোনের ও প্রান্ত থেকে শুধু কান্নাই শুনতে হবে আমাকে।’পরশু ব্রাজিলের ভাষাটা যে ছিল কান্নার সে তো দেখাই গেছে পরিষ্কার। জিলবার্তো সিলভা কাঁদতে বেরিয়ে গেলেন। অনেক ধরাধরির পর একেবারে শেষ প্রান্তে গিয়ে একজনের সঙ্গে কথা বললেন। হুলিও সিজারও তাই, মুখে আত্মসমালোচনা, ‘প্রথম গোলের বলটি আমি বুঝে উঠতে পারিনি। দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে শুরু করে ম্যাচ শেষে আমাদের ড্রেসিংরুমটাকে ভেঙে পড়তে দেখলাম। আবারও আমি বিদায় নিলাম কোয়ার্টার ফাইনালে। দুঃখ ছাড়া আর কিছু থাকল না আমাদের কাছে।’সবশেষে এলেন কাকা। পরনে কালো জার্সি, যেন ব্যক্তিগত শোক দিবস পালন করছেন। মুহূর্তেই হুড়োহুড়ি পড়ে গেল। ব্রাজিল সাংবাদিকেরা ছুটলেন। ডাচ অধিনায়ক মার্ক ফন বোমেলকে ফেলে হল্যান্ডের সাংবাদিকেরাও ছুটলেন সেদিকে। কী বলেন কাকা! কিন্তু কাকা কোনো কথাই বলতে চাইছিলেন। চোখের কান্নার দাগ তখনো মোছেনি।ব্রাজিলের সাংবাদিকেরা আশ্চর্য রকম শান্ত। কার্লোস দুঙ্গার সঙ্গে অহংবোধের একটা লড়াই চলে এসেছে তাদের সেই শুরু থেকে। দুঙ্গা তো কদিন আগে এমন মন্তব্যও করে বসলেন, ব্রাজিল সাংবাদিকেরাই সবচেয়ে খুশি হবে দুঙ্গার দল হারলে। তা হলে যে দুঙ্গা ভুল, আর সাংবাদিকেরা ঠিক প্রমাণিত হন।কিন্তু না, ছিলেখুঁড়ে খাওয়ার কোনো ইচ্ছেই দেখা গেল না তাদের মধ্যে। তারাও যে শোকগ্রস্ত। তাই হুল ফোটানো কোনো প্রশ্ন আসেনি সংবাদ সম্মেলনে। মিক্সড জোনেও না। প্রবীণ এক সাংবাদিকের সঙ্গে কেবল হতাশার কথাই বলে গেলেন কাকা। ষষ্ঠ শিরোপাটা আর জেতা হবে কি না সে নিয়ে ব্যক্ত করে গেলেন সংশয়, ‘আরও চার বছর পর আরেকটি বিশ্বকাপ। জানি না দেশের মাটির সেই বিশ্বকাপে আমি থাকব কি না। শুধু জানি অনেক কষ্ট করে আমি ষষ্ঠ শিরোপা জিততে এসেছিলাম। আমি ভেবেছিলাম ইনজুরি হয়তো এই বিশ্বকাপ আমাকে খেলতে দেবে না। কিন্তু সতীর্থরা আমাকে সমর্থন ও শক্তি জুগিয়েছে বলেই আমি আসতে পেরেছি। কিন্তু কী হলো শেষ পর্যন্ত!’কথা বলেই দ্রুতপায়ে এগোতে থাকেন কাকা। ‘কাকা’ ‘কাকা’ শব্দে তবু কাঁপতে থাকে নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামের মিক্সড জোন। যাঁর অসামান্য নৈপুণ্যের আলো গায়ে মাখবে বলে অপেক্ষা করে ছিল বিশ্বকাপ, তিনি কিছুই করতে পারলেন না। একটা গোল করতে পারলেন না, একটা ম্যাচের সেরা খেলোয়াড় পর্যন্ত হতে পারলেন না। তাঁর জন্য সাংবাদিকদের কেন এই আকুলতা? কাকার মধ্যে তবু যেন কী আছে! যা ব্যর্থতার মধ্যেও জ্বলতে থাকে। সবার শেষে এক প্রবীণা ব্রাজিল সাংবাদিকের ডাকে সাড়া দিলেন তিনি। কোনো প্রশ্ন নয়, কোনো উত্তর নয়। সাংবাদিক পরিচয় ভুলে সেই প্রবীণা নিলেন মায়ের ভূমিকা। তাঁর দুগালে এঁকে দিলেন স্নেহচুম্বন। মুখটা সরিয়ে নিতেই কাকার চোখ দুটোয় যেন ঘনিয়ে এল সজল মেঘ।