ব্রাজিলের কোচ ছাঁটাই
হঠাৎ করেই যেন হিড়িক পড়ে গেল কোচ ছাঁটাইয়ের। রবার্তো ডি মাত্তেও, মার্ক হিউজের পর এবার খড়্গটা পড়ল মানো মেনেজেসের ওপর। গত পরশু ব্রাজিলের কোচ মেনেজেসকে ছাঁটাই করা হয়েছে। এবং অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই এল খবরটা। গত কিছুদিনে ব্রাজিল দলের পারফরম্যান্সের পর এই ঘোষণাটা দারুণ অভাবিতই ছিল। মেনেজেসের অধীনে শেষ আট ম্যাচের ছয়টিই জিতেছিল সেলেসাওরা। ২৬টি গোলও করেছিল এই কটি ম্যাচে। তার ওপর দলটাকেও ধীরে ধীরে গুছিয়ে আনার আভাসই দিয়েছিলেন। আক্রমণে কাকা, নেইমার, হাল্ক, অস্কারদের একসূত্রে গাঁথার দিকেও অনেকটা এগিয়ে গিয়েছিলেন। দেশের মাটিতে বিশ্বকাপের মাত্র ১৮ মাস আগে এই খবর ব্রাজিলবাসীর কাছে বিস্ময়কর বৈকি। ব্রাজিলের জাতীয় দলের পরিচালক আন্দ্রেস সানচেজ বলছেন, নিছক নেতিবাচক ফলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং ফেডারেশনের প্রেসিডেন্টের (হোসে মারিয়া মারিন) ইচ্ছাতেই এই পরিবর্তন। সানচেজ নিজেই নাকি একমত ছিলেন না, ‘আমার মনে হয় না এই সময়ের মধ্যে ট্যাকটিক্যালি দারুণ পরিবর্তন হবে আমাদের, কিন্তু আমার কথা কেউ শুনলে তো!’ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর ৪০টি ম্যাচের ২৭টিতে জিতেছেন। ড্র করেছেন ছয়টি, আর হেরেছেন সাতটি ম্যাচে। খুব খারাপ বলা যাবে না। সিদ্ধান্তের যৌক্তিকতা এখনো ব্যাখ্যা করেনি ফুটবল ফেডারেশন, মেনেজেস অবশ্য টুইট করে ব্রাজিল দলকে শুভকামনাই জানিয়েছেন, ‘২০১৪ সালে ষষ্ঠ বিশ্বকাপ জেতার জন্য আমি ব্রাজিলের সাফল্য কামনা করছি।’তবে সবাই যে নাখোশ, তা নয়। রোমারিও তো আনন্দে আটখানা। ‘এত দিনে অথর্ব সিবিএফ বোর্ড ব্রাজিলের ফুটবলের জন্য ভালো কিছু করল’—টুইট করেছেন এই সাবেক ফুটবলার। নতুন কোচ হিসেবে সান্তোসের রামালহো, করিন্থিয়ানসের টিটে ও বিশ্বকাপজয়ী সাবেক কোচ লুইস ফেলিপে স্কলারির নাম বাতাসে ভাসছে। এএফপি।