ব্রাজিলের কোচ স্কলারি
মানো মেনেজেসের উত্তরসূরি বেছে নিল ব্রাজিল? বিশ্বকাপজয়ী সাবেক কোচ লুই ফেলিপে স্কলারিই আবারও পেতে যাচ্ছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব। আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন স্কলারিই পাচ্ছেন দায়িত্বটা। আনুষ্ঠানিক ঘোষণাটা আসতে পারে আজই। গত শুক্রবার বরখাস্ত হওয়া মেনেজেসের উত্তরসূরি হিসেবে এগিয়ে ছিলেন ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো স্কলারিই। সর্বশেষ ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব পালমেইরাসের কোচের দায়িত্বে ছিলেন এই ৬৪ বছর বয়সী।সিবিএফ সভাপতি হোসে মারিয়া মারিনও নিশ্চিত করেছেন কোচ নিয়োগ চূড়ান্ত। তবে কে এই কোচ তা খুলে বলেননি মারিন। কাল সাও পাওলোতে এক অনুষ্ঠানে অবশ্য বলেছেন ব্রাজিল সমর্থকেরা খুশিই হবে নতুন কোচের নাম দেখে, ‘আমরা এমন একজনকে খুঁজেছি যিনি কি না একই সঙ্গে দক্ষ, নিবেদিত ও অভিজ্ঞ। তুল্যমূল্য বিচারের পর আমরা এমন একজনকে পেয়েছিও। আমি নিশ্চিত, আমাদের পছন্দ দেখে সমর্থকেরা খুশি হবে।’এদিকে পদত্যাগ করেছেন জাতীয় দলের ডিরেক্টর আন্দ্রেস সানচেজ। তাঁর সঙ্গে কোনো রকম আলোচনা না করেই মেনেজেসকে সরিয়ে দেওয়াতেই এ সিদ্ধান্ত। রয়টার্স।