ব্রাজিলের কোচ হচ্ছেন না রামালহো
রামালহোর ব্রাজিলের কোচ হওয়া প্রায় নিশ্চিতই ছিল। বাধা হয়ে ছিল কেবল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসের ছাড়পত্র। তবে ফ্লুমিনেস জানিয়ে দিয়েছে, এ ক্লাবের সঙ্গেই থাকছেন রামালহো! ২০১২ সাল পর্যন্ত তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে, সেই চুক্তির মেয়াদ শেষ হলে তবেই অন্য কারও দায়িত্ব নিতে পারবেন রামালহো। আর্জেন্টিনার দৈনিক বুয়েন্স আয়ার্স হেরাল্ড এ খবর জানিয়েছে।গতকাল ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি রিকার্ডো টিসেরার সঙ্গে বৈঠক হয়েছে রামালহোর। বৈঠক শেষেই সমস্যার ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন রামালহো—‘কিছুই ঠিক হয়নি। কারণ, আমার সঙ্গে ফ্লুমিনেসের চুক্তি রয়েছে।’ এর কয়েক ঘণ্টা পরই ফ্লুমিনেস সিবিএফকে জানিয়ে দেয়, চুক্তির মেয়াদ শেষ না হলে ক্লাব ছাড়বেন না রামালহো।ক্লাব প্রেসিডেন্ট রবার্তো হরকাদেস সাংবাদিকদের বলেন, ‘ফ্লুমিনেসের সঙ্গেই থাকতে চান রামালহো। প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তি শেষ করেই ক্লাব ছাড়বেন তিনি।’ এরপর রামালহোর প্রতি ধন্যবাদ জানিয়ে ক্লাব প্রেসিডেন্ট বলেন, ‘ফুটবলে রামালহোর মতো মানসম্মত কোচ অপরিহার্য।’দুঙ্গার উত্তরসূরির সম্ভাব্য তালিকায় ছিলেন লুই ফেলিপে স্কলারি, ভ্যান্ডারলি লুক্সেমবার্গো, রিকার্ডো গোমেজ, লিওনার্দো ও রামালহো মুরিসি। স্কলারিকে এত দিন এগিয়ে রাখা হলেও সবাইকে অবাক করে আনুষ্ঠানিক প্রস্তবটা পেয়েছিলেন রামালহো। কিন্তু তাঁর ক্লাব ফ্লুমিনেস তাঁকে ছাড়ছে না বলে বাকিদের মধ্যে কাউকে বেছে নিতে হবে।