ব্রাজিলের কোচ হবেন না পেলেগ্রিনি

জগতের নিয়মটাই এমন। কেউ যাবে, কেউ আসবে। বিশ্বকাপে ব্যর্থতার পরই ব্রাজিল দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে লুইস ফেলিপে স্কলারিকে। কিন্তু স্কলারির জায়গায় আসছেন কে? এ ব্যাপারে পরিষ্কার করে কিছু শোনা না গেলেও বাতাসে ভেসে বেড়াচ্ছে ম্যানুয়েল পেলেগ্রিনির কথা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনস (সিবিএফ) নাকি পেলেগ্রিনিকে এ ব্যাপারে প্রস্তাবও দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, ব্রাজিলের কোচ হওয়ার এই ‘আপাত লোভনীয়’ প্রস্তাব বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির এই চিলিয়ান কোচ।
প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে ৬০ বছর বয়সী এ চিলিয়ান কোচ যুক্তি দেখিয়েছেন, ‘সিটির সঙ্গে তিন বছরের চুক্তি শেষ না হওয়ার আগে কোথাও যাওয়ার ইচ্ছে নেই।’ গত মৌসুমে সিটিকে জিতিয়েছেন প্রিমিয়ার লিগ, ক্যাপিটাল ওয়ান শিরোপা। সময়টা বেশ ভালোই যাচ্ছে পেলেগ্রিনির। কেন সাধ করে সমস্যা ঘাড়ে নেবেন তিনি! আইএএনএস।