ব্রাজিলের খেলার ধরন নিয়ে জার্মানির প্রশ্ন

ম্যাচটা জার্মানি আর ব্রাজিলের। ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল দুই দল। যান্ত্রিকতার খোলস ছেড়ে জার্মানি এখন যেমন খেলছে, তাতে ম্যাচটাও পরিণত হওয়ার কথা নান্দনিকতা আর উত্তেজনার। ঝড় বয়ে যাওয়ার কথা দু’দলের ওপর দিয়েই। কিন্তু জোয়াকিম লো বলেছেন, এই ম্যাচে মূল চাপটা থাকবে রেফারির ওপরই! এর কারণ, ব্রাজিল আগের ম্যাচে যে শট নেয়ার চেয়ে ফাউলই করেছে বেশি।
কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ রীতিমত ‘কুস্তিতে’ পরিণত হয়েছিল বলে মনে হয়েছে জার্মান কোচের। ম্যাচে রেফারিংয়ের কড়া সমালোচনা করেছেন তিনি, ‘ম্যাচে ফুটবলের চেয়ে শারীরিক শক্তির প্রদর্শনই বেশি ছিল। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই ম্যাচ ইউরোপে হলে ২২ জন খেলোয়াড়ের অনেকই পুরো ম্যাচ খেলার আগেই বহিষ্কৃত হয়ে যেত। প্রতিপক্ষকে যে কোনোভাবে থামানোর একটা প্রবণতা ছিল প্রত্যেকের মধ্যে, যা আমার কাছে প্রচণ্ড বাড়াবাড়ি মনে হয়েছে।’
ব্রাজিলের খেলায় নান্দনিকতার বদলে এখন শারীরিক শক্তির ব্যবহারই বেশি দেখা যাচ্ছে বলে মনে করেন লো, ‘আমি আশা করছি সেমিফাইনালেও ব্রাজিলের খেলোয়াড়রা এমন কিছু করলে রেফারি মার্কো রদ্রিগেজ তা শক্ত হাতে দমন করবেন। আমরা ওই ম্যাচে যেমন নিষ্ঠুর সব আচরণ দেখেছি সেগুলো খুব দ্রুত সামলানো দরকার। না হলে মেসি, ওজিল, নেইমারদের মতো শৈল্পিক ফুটবলারদের বদলে আমরা শুধু ধ্বংসাত্মক খেলোয়াড়দেরই দেখব।’
ব্রাজিল-কলম্বিয়ার কোয়ার্টার ফাইনালে ৫৪ ফাউলের ৩১টিই ব্রাজিলের। এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কলম্বিয়ার হামেস রদ্রিগেজকেই ফাউল করা হয় ছয়বার। পরে অবশ্য কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগার বিধ্বংসী এক ট্যাকলে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেইমার। বিশ্বকাপ থেকেই ছিটকে যান ব্রাজিলের স্বপ্নসারথি।