
মাঠে জয় পেতে ভাগ্যও পাশে চাই। ব্রাজিল ঠিক সময়েই ভাগ্য নামের পরশ পাথরের ছোঁয়া পেল।
চিলির বিপক্ষে ব্রাজিল শুরুটা করেছিল বেশ ভালো। একটু নড়েচড়েই বসলাম। যাক, ব্রাজিল আজ নিজেদের চেনাবে। চিলির অ্যাটাকিং থার্ডে ঢুকল বেশ কয়েকবার। কিন্তু যাথারীতি সব নেইমারকেন্দ্রিক হওয়ায় তাল কেটে যাচ্ছিল। সতীর্থদের কাছ থেকে নেইমার তেমন সমর্থন পেলেন না। ডানে, বাঁয়ে, সামনে লোক খুঁজলেন। তার পরও এই সময়টা উজ্জীবিতই লাগল ব্রাজিলকে।
অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিটও ভালো লেগেছে স্বাগতিকদের খেলা। তখনই মনে হয়েছিল, ব্রাজিল কিছু করতে মরিয়া। পরিস্থিতিও সেটা দাবি করছিল। বাকি সময়টা কিন্তু ব্রাজিলকে চেনা যায়নি।
ভুল পাসই ব্রাজিলের খেলার সবচেয়ে বিরক্তিকর উপাদান এখন। সেলেসাওদের খেলা দেখছি সেই ষাটের দশক থেকে। কখনো এমন ভুল পাসের ছড়াছড়ি দেখিনি। প্রতিপক্ষের পায়ে এত বল তুলে দিলে খেলার সৌন্দর্য থাকে না। পরশুর ম্যাচে এমন সব জায়গায় ভুল পাস দিয়েছে ব্রাজিল যে আরও বিপদে না পড়াটাই বিস্ময়ের। মাঝমাঠে একটা বল হারানো মানে প্রতিপক্ষ দ্রুত প্রতি-আক্রমণে গোল করে বেরিয়ে যেতে পারে। সেই সুযোগ কয়েকবারই নিয়েছে চিলি।
লক্ষ করছিলাম, বল দখলের লড়াইয়ে চিলির খেলোয়াড়েরাই জয়ী হচ্ছিলেন বারবার। প্রতিপক্ষের বক্সের সামনে বল নিজেদের পায়ে রাখতে পারেননি ব্রাজিলিয়ানরা। ফলে মাঝমাঠ ও রক্ষণে চাপ পড়েছে। তবে চাপ-টাপ নয়, ব্রাজিলের তারকাখচিত রক্ষণ কিনা গোল খেয়েছে সিলভা-লুইজদের রক্ষণ ফুরফুরে থাকার কারণে!
শেষ পর্যন্ত নায়কের নাম জুলিও সিজার। এই অভিজ্ঞ সেনানীই পার করে নিলেন রুদ্ধশ্বাস লড়াইয়ে। কিন্তু এভাবে কটা ম্যাচ পার হবে ব্রাজিল! হলুদ জার্সির ধার দেখাতে হবে মাঠে। সেই ধার গত চারটা ম্যাচে খুঁজেছি, পাইনি।
নেইমার ছাড়া ব্যক্তিগত নৈপুণ্যের অভাব আরও একবার বেরিয়ে পড়ল ব্রাজিলের খেলায়। তিনি ছাড়া অন্যরা ১: ১ অবস্থায় বল নিয়ে বেরোতে পারেননি। তাই লম্বা বল, ব্যাক অব দ্য ডিফেন্ডার খেলার চেষ্টা করেছেন। হাল্ককে তবু বল পায়ে কিছুটা দেখা গেছে, অস্কার তো পুরোই ফ্লপ। অস্কার আসলে শিল্পী খেলোয়াড়, বলটা সুন্দর ছাড়েন। কিন্তু প্রতিপক্ষ যেসব চ্যালেঞ্জ করছে, অস্কার তা সামলাতে পারছেন না। নিজের নামের প্রতি তিনি মোটেই সুবিচার করেননি। ব্রাজিলের জন্য চিন্তার কারণ, বদলিরাও ভালো করছেন না।
গুস্তাভো ভালোই খেলেছেন, মাঠে তাঁর উপস্থিতি বোঝা যায়। তবে ফ্রেড যথারীতি অনুজ্জ্বলই। তাঁকে নামানো জো-ও একই রকম। ব্রাজিলের মতো দলের সঙ্গে জোকে বেমানানই মনে হয়। উচ্চতা ভালো, কিন্তু শুধু ওটা দিয়ে চলবে না।
মেসির পাশে তবু ডি মারিয়া, হিগুইয়েনরা আছেন; যাঁরা প্রত্যাশা মেটাতে না পারলেও মেসিকে সমর্থন দিচ্ছেন। কিন্তু নেইমার সেটি ব্রাজিল দলে পাচ্ছেন না। তাই গত চারটি ম্যাচে ব্রাজিলের যে খেলাটা দেখতে চেয়েছিলাম, তা পাইনি। ব্রাজিল-সমর্থকেরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, এটা ব্রাজিলের খেলা নয়।
তুলনায় সানচেজদের বল পায়ে এবং বল ছাড়া অনেক বেশি কার্যকর লাগল। দ্রুতগতির চিলিকে একরকম ভয়ই পাচ্ছিলেন স্কলারি। চিলি যে সতি৵কারের ফাঁড়া ছিল ব্রাজিলের জন্য, সেটা প্রমাণ করতে আর কিছুই বাকি রাখেনি। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট চিলি এত রক্ষণাত্মক খেলল কেন বুঝলাম না। ওই সময়টা চিলিকে নেতিবাচক লাগল। হতে পারে তারা টাইব্রেকার চাইছিল বলেই সময়টা পার করতে চেয়েছে কোনোমতে ঠেকিয়ে।
নির্ধারিত সময়েই উরুগুয়েকে পরিষ্কার ব্যবধানে হারিয়ে কলম্বিয়া যোগ্যতর দল হিসেবেই উঠে এল শেষ আটে। উরুগুয়ে এদিন সুয়ারেজের জায়গায় একাদশে রাখল ফোরলানকে। কিন্তু বয়স হয়ে যাওয়ায় ফোরলানও এখন অনেক ধীর। ইতালির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জিতলেও উরুগুয়েকে দেখে মনে হয়েছিল, বেশি দূর যেতে পারবে না। কার্যত তা-ই হলো।
উরুগুয়েকে বাড়ি পাঠিয়ে দিলেন তরুণ রদ্রিগেজ, যাঁর প্রথম গোলটা চোখে মায়াঞ্জন বুলিয়ে দিয়েছে। বল বুক দিয়ে নামিয়ে এমন চোখ জুড়ানো ভলি অনেক দিন দেখিনি। দুই উইং এত কার্যকরভাবে ব্যবহার করল কলম্বিয়া, এক কথায় দারুণ। গোটা কলম্বিয়া দলটাই আসলে চকচক করছে। চিলির গতি ছিল বড় অস্ত্র, কলম্বিয়ার আছে গতির সঙ্গে স্কিলও। এই কলম্বিয়ার বিপক্ষে শেষ আটে ব্রাজিল সত্যিকারের ব্রাজিল হয়ে না উঠলে সমস্যায় পড়বে। ভাগ্যের ছোঁয়া প্রতিদিন পাওয়া যাবে, এমন তো কথা নেই!