ব্রাজিলের গ্যাবন-জয়
ব্রাজিলের আগের আফ্রিকা সফরটা ছিল ব্যর্থ। সেই যে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গিয়েছিল ব্রাজিলের ষষ্ঠ শিরোপা অভিযান। বিশ্বকাপের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের যদিও তুলনা চলে না, তবু ব্রাজিল আবারও আফ্রিকা সফরে ফিরে জয়ের হাসিই হাসল। গত পরশু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারাল গ্যাবনকে।আগামী বছরের ১২ ফেব্রুয়ারি আফ্রিকান নেশনস কাপের ফাইনালের ভেন্যু গ্যাবনের রাজধানী লিব্রেভিলের স্টাডে ডি লে’মিতাই। সেটির উদ্বোধন হলো আফ্রিকান নেশনস কাপের যৌথ আয়োজক বনাম ২০১৪ বিশ্বকাপের স্বাগতিকদের ম্যাচ দিয়ে। গ্যাবন ও ইকুয়েটরিয়াল গিনি ২০১২ আফ্রিকান নেশনস কাপের যৌথ আয়োজক। ব্রাজিল প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে দেয় দুই মিডফিল্ডারের গোলে। ১২ মিনিটে টটেনহামের সান্দ্রো করেন প্রথম গোল। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান লাৎসিওর হার্নানেস। গ্যাবন যথেষ্টই লড়েছে, ম্যাচ শুরুর আগে প্রবল বৃষ্টিতে প্রায় খেলার অনুপযোগী হয়ে পড়া মাঠে তাদের অস্ত্র ছিল কড়া ট্যাকলিং। কিন্তু প্রায় নতুনদের নিয়ে গড়া ব্রাজিলকে আটকাতে পারেনি। ব্রাজিলের কোচ মানো মেনেজেসের সন্তুষ্টি, দল ইনজুরি এড়িয়ে জিতেছে। প্রথম দলে অনিয়মিত একগুচ্ছ খেলোয়াড়কে নিয়ে পাওয়া সহজ জয়টাও তাঁর খুশির কারণ, ‘আমরা দুটি গোল করেছি, কিন্তু করতে পারতাম আরও কয়েকটি। বেশ ভালো খেলেছি আমরা, বোঝা গেল আমরা ভালোই করছি। বেশ কিছু খেলোয়াড়কেও আমরা দেখে নিতে পারলাম।’ আগামী সোমবার দোহায় আরেক আফ্রিকান প্রতিপক্ষ মিসরের সঙ্গে খেলবে ব্রাজিল। এএফপি, রয়টার্স।