ব্রাজিলের চোখ বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকায় ব্রাজিলের সাফল্যের ইতিহাস সত্যিই অবাক করে। না, এই অবাক হওয়া ব্রাজিলের সাফল্য পাওয়ার ক্ষেত্রে নয়, না পাওয়ার দিক থেকে!কোপায় রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়েও তা-ই। সেখানে গত পাঁচ আসরের চারটিতেই শিরোপাজয়ী ব্রাজিল ১৯১৬ থেকে ১৯৯৫ পর্যন্ত ৭৯ বছরে আয়োজিত ৩৭টি আসরে শিরোপা জিতেছে মাত্র চারবার। সব মিলে ব্রাজিলের শিরোপা ৮টি। সবচেয়ে বিস্ময় লাগে, ১৯৭০ বিশ্বকাপজয়ী যে ব্রাজিলকে অনেকেই সর্বকালের সেরা দল বলে মানেন, তারাও কোপা আমেরিকা জিততে পারেনি! ১৯৫০ থেকে ১৯৮৮ পর্যন্ত কোপায় বারবার খালি হাতেই ফিরেছে সেলেসাওরা!পরিসংখ্যান আপনাকে ভুল বোঝাবে। আসল কারণটি অন্য। সত্যি বলতে কি, কোপা আমেরিকাকে সেই অর্থে গুরুত্বের সঙ্গে নেয়নি ব্রাজিল। এ কারণেই আর্জেন্টিনা যেখানে নবমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে, উরুগুয়ে করেছে সাতবার; এমনকি চিলি-পেরুও ছয়বার করে, ব্রাজিল আয়োজন করেছে মাত্র পাঁচবার।কোপাকে গুরুত্ব না দিয়ে বিশ্বকাপকেই সব সময় ধ্যানজ্ঞান মেনে এসেছে ব্রাজিল। এবারও ব্রাজিলের মূল লক্ষ্য ২০১৪ বিশ্বকাপ, যেটার আয়োজক আবার তারাই। কিন্তু কোপাকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কোচ মানো মেনেজেস, এই কোপা যে তাঁর জন্য বিশ্বকাপের ভিত্তি-টুর্নামেন্ট।২০১০ বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলিয়ান ফুটবলে নতুনের আবাহন। কোচ মেনেজেস নিজেও এখনো যথেষ্টই নতুন। তাঁর অধীনে এখন পর্যন্ত মাত্র আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র, ইরান আর ইউক্রেনের বিপক্ষে জয় দিয়ে ভালোই শুরু করেছেন। কিন্তু সর্বশেষ পাঁচ ম্যাচে দুই জয়, দুই পরাজয় আর একটি ড্র, যেন ছন্দপতনের ইঙ্গিত।কিন্তু এতে বেশি মাথা ঘামাচ্ছেন না মেনোজেস। সুদূরে তাকিয়ে আছেন বলেই তিনি জানেন, হাঁটতে শেখার আগে হোঁচট খেতেই হয়। এই দলে অনেক নতুন মুখ। তাদের একটু সময় তো দিতে হবে। কোপার খেলোয়াড় তালিকায় চোখ বুলালেই বোঝা যাবে ব্যাপারটা। সিনিয়র খেলোয়াড়দের মধ্যে আছেন লুসিও (৯৯ ম্যাচ), রবিনহো (৮৪), মাইকন (৬৪) ও হুলিও সিজার (৫৬)। ম্যাচ খেলার সংখ্যা বিবেচনায় পাঁচ বছর আগে অভিষিক্ত এলানো আর দানি আলভেজও সিনিয়রদের তালিকায় চলে যাচ্ছেন। দুজনে খেলেছেন ৪৭টি করে ম্যাচ।বাকিদের প্রায় সবাই তরুণ। অন্তত ম্যাচ খেলার দিক দিয়ে। এখনো অভিষেক হয়নি বদলি গোলরক্ষক জেফারসনের। গানসো খেলেছেন একটি মাত্র ম্যাচ। নেইমার, ভিক্টর, লেভিড লুইজ, স্যান্দ্রো, এলিয়াস, জ্যাডসন আর লুকাসের ১০টি করে ম্যাচই খেলা হয়নি। থিয়াগো সিলভা, লুকাস লেইভা, পাতো, আদ্রিয়ানো, ফ্রেডদের মধ্যে থিয়াগো খেলেছেন সর্বোচ্চ ১৪টি ম্যাচ।কোপা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আগমনী গান শুনিয়েছিলেন রোনালদো-রোনালদিনহোরা। এবারও হয়তো উজ্জ্বল হয়ে উঠবেন এমন কেউ! ওয়েবসাইট।