ব্রাজিলের জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী বিশ্বকাপ জিতবে না ব্রাজিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারসিয়া ফার্নান্দেজ
মারসিয়া ফার্নান্দেজ

এখনো পুরোপুরি শুকায়নি ১৯৫০ সালের মারাকানা ট্র্যাজেডির ক্ষত। নিজেদের মাটিতে আয়োজিত প্রথম বিশ্বকাপটি জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হতাশায় ডুবে যেতে হয়েছিল ব্রাজিলিয়ানদের। এবার ৬৪ বছর পরে সেই দুঃসহ স্মৃতি ভোলার সুযোগই এসেছে ব্রাজিলের সামনে। আগামী বছরের বিশ্বকাপটা জিতে মারাকানার ক্ষতে প্রলেপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা নিশ্চয়ই করবে স্কলারির শিষ্যরা। কিন্তু ব্রাজিলেরই আধ্যাত্মিক জ্যোতিষী ডিভা মারসিয়া ফার্নান্দেজের কথাই যদি ফলে যায় তাহলে আরও একবার কাঁদতে হবে ব্রাজিলের সমর্থকদের।

লাতিন আমেরিকার মাটিতে এখন পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ইউরোপের কোনো দেশ। তবে ফার্নান্দেজের কথা সত্য হলে এবারই ঘটে যাবে সেই অভূতপূর্ব ঘটনা। ব্রাজিলের জনপ্রিয় এই জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী বিশ্বকাপের শিরোপা উঠবে জার্মানির হাতে। সম্প্রতি সাও পাওলোতে আয়োজিত এক আধ্যাত্মিক মেলায় এই ভবিষ্যদ্বাণী করেছেন ফার্নান্দেজ। ব্রাজিলের অন্যতম জনপ্রিয় জ্যোতিষী সেরেনা সালগাডোকেও খুব একটা আশাবাদী মনে হয়নি ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে। দ্বিধাজড়িত কণ্ঠে তিনি বলেছেন, ‘ব্রাজিল শিরোপা জিততে পারে। কিন্তু এটা শুধুই একটা সম্ভাবনা।’

তবে ফুটবল ভক্তদের নিরাশ করলেও ব্রাজিলের সাধারণ মানুষের জন্য আশার বাণীই শুনিয়েছেন ফার্নান্দেজ। তাঁর মতে, ‘ব্যবসা-বাণিজ্য, প্রেম-বিবাহের জন্য ২০১৪ সালটা খুবই ভালো যাবে। বিশেষত এপ্রিল ও মে মাসটা।’ সেই সময়টা যে ব্রাজিলের জন্য সত্যিই ভালো যাবে, সেটা অবশ্য এমনিতেই অনুমান করা যায়। কারণ বিশ্বকাপের আগেভাগে প্রচুর পর্যটক পাড়ি জমাবেন লাতিন আমেরিকার সবচেয়ে বড় এই দেশটিতে। তাদেরকে কেন্দ্র করে সত্যিই সরগরম হয়ে উঠবে ব্রাজিলের পর্যটননির্ভর ব্যবসাগুলো।

তবে এখানে কোনো দ্বিমত না করলেও ফার্নান্দেজের ফুটবল-সংক্রান্ত ভবিষ্যদ্বাণী যেন ভুল প্রমাণিত হয়, সেটা মনেপ্রাণেই চাইবেন ব্রাজিলের সমর্থকেরা।

ক্যাপ: মারসিয়া ফার্নান্দেজ