ব্রাজিলের জয়, স্পেনের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়েই অলিম্পিকের সোনা জয়ের লড়াইটা শুরু করেছে ফেবারিট ব্রাজিল। অন্যদিকে জাপানের বিপক্ষে ম্যাচে অঘটনের শিকার হয়েছে শক্তিশালী স্পেন।অলিম্পিকে পুরুষদের ফুটবলের উদ্বোধনী দিনে গতকাল বৃহস্পতিবার ১৬ দলের সবাই মাঠে নামে। এদিন মিসরকে ৩-২ গোলে হারায় ব্রাজিল। অপর ম্যাচে জাপানের কাছে ০-১ গোলে হারে স্পেন। স্বাগতিক গ্রেট ব্রিটেনকে ১-১ গোলে আটকে দেয় সেনেগাল। ৮৪ বছর বিরতির পর অলিম্পিকে খেলতে আসা উরুগুয়ে ফুটবল দল ২-১ গোলে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। অলিম্পিকের ইতিহাসে এখনো সোনার দেখা পায়নি ফুটবলের দেশ ব্রাজিল। এবারের আসরের বাছাইপর্বে আর্জেন্টিনা ছিটকে পড়ায় ফেবারিট ভাবা হচ্ছে ব্রাজিলকে। শুরুটা জয় দিয়ে হয়েছে ব্রাজিলীয়দের, তবে সেটা অবশ্যই খুব স্বস্তির জয় নয়। খেলার ৩০ মিনিটের মধ্যেই ব্রাজিলকে তিনটি গোল এনে দেন রাফায়েল, লিওনার্দো ড্যামিও ও নেইমার। এরপর অবশ্য গোলের দেখা মেলেনি। উল্টো দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের মধ্যে দুটি গোল শোধ করে ব্রাজিলকে চাপে ফেলে দেয় মিসর। ম্যাচ শেষে তাই নিজেদের উন্নতির ওপরই জোর দিলেন হেড থেকে গোল করা নেইমার, ‘আমাদেরকে আরও উন্নতি করতে হবে।’স্পেনকে হারিয়ে এবারের অলিম্পিকে প্রথম অঘটনের জন্ম দিয়েছে জাপান। খেলার ৩৪ মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেন ইউকি ওতসু। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার ইনিগো মার্টিনেজ। এর পর ১০ জনের দল নিয়েই খেলতে হয়ে স্পেনকে।স্পেনের বিপক্ষে ১-০ গোলের জয়টাই নিজেদের সেরা জয় কি না, এ প্রশ্নে জাপানের কোচ তাকাশি সেকিজুকা বলেন, ‘এখন মরক্কো ও হন্ডুরাসের বিপক্ষে জয়ের প্রস্তুতি নিতে হবে আমারদের। কিন্তু আজকের (গতকাল) ফলাফলে আমি খুব সন্তুষ্ট।’ রয়টার্স।