ব্রাজিলের জয়ের নায়ক নেইমার
নিতান্তই একপেশে খেলায় ল্যান্ডোভারে কাল যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। এই ম্যাচে নেইমার নিজের জাত চিনিয়েছেন একটি গোল করে। অন্য দুটি গোলেও এই গেম মেকারের ভূমিকা ছিল অসাধারণ। সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে জিতে হাওয়ায় ভেসে বেড়াতে থাকা যুক্তরাষ্ট্র কাল মাটিতে নেমে এসেছে ব্রাজিলের তরুণ দলটির দুর্দান্ত পারফরম্যান্সের জোরে।খেলার ১২ মিনিটের সময় নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। গোলটি অবশ্য আসে পেনাল্টি থেকে। নিজেদের ডি-বক্সে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ওগুচি ওনেউর হাতে বল লাগলে সেই পেনাল্টিটি পায় ব্রাজিল। দারুণ ঠান্ডা মাথায় নেইমার পেনাল্টিটি গোলে পরিণত করেন। এরপর নেইমারের কর্নার থেকেই চমত্কার হেডে গোল করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন থিয়াগো সিলভা। প্রথমার্ধের একেবারে শেষের দিকে যুক্তরাষ্ট্র অবশ্য একটি গোল ফিরিয়ে দেয় ব্রাজিলকে। ফ্যাবিয়ান জনসনের ক্রস থেকে যুক্তরাষ্ট্রের পক্ষে গোলটি করেন হারকিউলেজ গোমেজ।কাল ব্রাজিলের পক্ষে অভিষিক্ত হয়েছিলেন তরুণ গোলরক্ষক রাফায়েল। তিনি তাঁর অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখেন দারুণ সব সেভ দিয়ে। এই পর্যায়ে অবশ্য যুক্তরাষ্ট্রের ওনেউর একটি প্রচেষ্টা বারে লেগে প্রতিহত হয়। খেলার ৫৯ মিনিটের সময় ৩-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল। বক্সের মধ্যে নেইমারের বানিয়ে দেওয়া বলটি কেবল গোলে পাঠান মারসেলো। ৮৭ মিনিটের সময় কোনাকুনি শটে দারুণ এক গোল করেন আলেকজান্ডার পাতো। এই জয়ে টানা ১০ ম্যাচে জয়ের দেখা পেলো মানো মেনেজেসের শিষ্যরা। ব্রাজিলের এই দলটিই লন্ডন অলিম্পিকে সোনার লড়াইয়ে অবতীর্ণ হবে আর কিছুদিন পরই। রয়টার্স।