ব্রাজিলের টাকা ব্রাজিলেই
বিশ্বকাপ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছেই। আন্দোলনটা গড়িয়েছে সহিংসতায়। তবে জেরোম ভালকের কথা মেনে নিলে ব্রাজিলে বিশ্বকাপ-বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতাই নেই। ফিফার মহাসচিব দাবি করেছেন, ব্রাজিলের জনগণের টাকায় বিশ্বকাপ আয়োজিত হচ্ছে না।
বিশ্বকাপের বিরোধিতাকারী ব্রাজিলিয়ানরা মনে করে জনগণের টাকায় বিশ্বকাপের বিপুল অর্থসংস্থান করা ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশের জন্য বিলাসিতার নামান্তর। যে দেশে অনেক লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে, সেখানে বিশ্বকাপের জন্য অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ আসলে শ্বেতহস্তী নির্মাণ। বিশ্বকাপের পক্ষে থাকায় পেলে-রোনালদোদের ‘বিশ্বাসঘাতক’ও বলা হচ্ছে।
কিন্তু ভালকে বলছেন বিশ্বকাপের খরচ বাবদ এক হাজার ১০০ কোটি ডলারের বেশির ভাগই ফিফাই ব্যবস্থা করছে এবং বিশ্বকাপ আয়োজনের সুফল ব্রাজিলের জনগণই পাবে, ‘ফিফা ব্রাজিল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য চায় না। সরকার বিভিন্ন শহরে বা অন্যান্য খাতে যে টাকা খরচ করছে, সেটা তো ব্রাজিলেই থেকে যাচ্ছে। ব্রাজিলে বিশ্বকাপ যখন শেষ হবে, তখন তো এসব দেশেই থেকে যাবে। ২০০৬ সালে জার্মানিতে যেমন ছিল, সেই ধারাটা ব্রাজিলেও থেকে যাবে। অবকাঠামোগত উন্নয়নের ফলে ব্রাজিলে আরও পর্যটক আসবে।’
তবে ভালকে যত যুক্তিই দেখান, বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে ব্রাজিলে জনমতের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। কাপের পক্ষে শুরুতে ছিল সমর্থন ছিল ৭৯ শতাংশ, সেটি নেমে এসেছে ৫২ শতাংশে।
তবে ব্রাজিল কর্তৃপক্ষ এই বিক্ষোভকে খুব একটা পাত্তা দিচ্ছে না। দেশটির ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলোর দাবি, বিশ্বকাপ কাছে আসার সঙ্গে সঙ্গে প্রতিবাদও স্তিমিত হতে থাকবে। এএফপি।