ব্রাজিলের টানা দ্বিতীয় শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫০ সালের পর দীর্ঘ এক যুগের বিরতি। ১৯৬২ সালে বিশ্বকাপ ফুটবল আবার ফিরে আসে লাতিন আমেরিকাতে। এবারের আয়োজক চিলি। অথচ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরপরই ১৯৬০ সালে এক ভয়ংকর ভূমিকম্প ও সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশটি। বিশ্বকাপ নিয়ে সংশয়ে পড়ে যায় সবাই। তবে ফিফা চিলির ওপর আস্থা রাখে এবং সবার আন্তরিক প্রচেষ্টায় চিলি ঠিক সময়েই বিশ্বকাপের সফল আয়োজন করে সবাইকে অবাক করে দেয়।বিশ্বকাপের আগে অবশ্য ফিফা কংগ্রেসে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের অজুহাতে অনেক দেশই চিলি থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার প্রস্তাব তোলে। এ সময় চিলীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কার্লোস দিতাবর্ন কংগ্রেসে তাঁর বক্তৃতার সময় এক ঐতিহাসিক ও মর্মস্পর্শী উক্তি করেন। এই উক্তিতে দিতাবর্ন বলেন, ‘ভূমিকম্প আমাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছে। দয়া করে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। আমরা সফলভাবে বিশ্বকাপ আয়োজনে বদ্ধপরিকর। বিশ্বকাপ আয়োজনই হবে ভূমিকম্প-পরবর্তী সময়ে চিলির পুনর্গঠনের মূল হাতিয়ার।’পিনপতন নিস্তব্ধতায় কংগ্রেসে কার্লোস দিতাবর্নের এই বক্তব্য সবাইকে এতটাই আবেগপ্রবণ করে তোলে যে শেষ পর্যন্ত ফিফা চিলিকেই বিশ্বকাপ আয়োজনের কাজ চালিয়ে যেতে নির্দেশ দেয়। সেই সঙ্গে ফিফাও চিলিকে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দেয়। ১৯৬২ সালের বিশ্বকাপের জন্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সত্ত্বেও চিলি চারটি অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করে। সান্তিয়াগো, ভিনা ডেল মার, আরিকা ও রাঙ্কাগুয়াতে অবস্থিত এ চারটি স্টেডিয়ামেই সেবার বিশ্বকাপের সব খেলা অনুষ্ঠিত হয়। তবে চিলির চমত্কার প্রাকৃতিক সৌন্দর্য, দৃষ্টিনন্দন স্টেডিয়ামে বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হলেও তা একেবারেই মন ভরাতে পারেনি দর্শকদের। এ বিশ্বকাপে কেন যেন দলগুলো রক্ষণাত্মক ফুটবলের এক দৃষ্টিকটু প্রদর্শনীর প্রতিযোগিতায় নামে। রক্ষণাত্মক ফুটবলের জন্য এ বিশ্বকাপে গোলের সংখ্যাও ছিল অনেক কম। সে সঙ্গে যুক্ত হয় শক্তি প্রয়োগ করে খেলার প্রবণতা। সব মিলিয়ে ১৯৬২ সালের বিশ্বকাপ ছিল খেলার মানের দিক দিয়ে অত্যন্ত হতাশাজনক একটি বিশ্বকাপ। এ বিশ্বকাপেও ১৬টি দেশ অংশগ্রহণ করে। ফরম্যাট ছিল আগেরবারের মতোই। ১৬টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করে দুটি করে দলের কোয়ার্টার ফাইনালে খেলার ব্যবস্থা করা হয়। ১৯৫৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল এ আসরেও ছিল পরিষ্কার ফেবারিট। পেলে, গারিঞ্চারা ছিলেন তাঁদের ফর্মের তুঙ্গে। তবে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেকে ঠেকানোর জন্যই যেন বিভিন্ন কৌশল সাজিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিল দলগুলো। ‘পেলে’ মাঠে বল পেলেই প্রতিপক্ষের খেলোয়াড়েরা তাঁকে ফাউল করে ব্যতিব্যস্ত করে রাখতেন। এ কারণে ১৯৬২ সালের বিশ্বকাপে পেলে তাঁর স্বাভাবিক খেলা উপহার দিতে পারেননি। তার পরও তিনি ব্রাজিলের টানা দ্বিতীয়বারের বিশ্বকাপ জয়ে রাখেন কার্যকর ভূমিকা।১৯৬২ সালের বিশ্বকাপে ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক লেভ ইয়াসিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন (বর্তমানের রাশিয়া) ছিল অন্যতম ফেবারিট।এ বিশ্বকাপে দুটি ম্যাচকে নানা কারণে মনে রাখতে বাধ্য হয়েছে ফুটবলপ্রেমীরা। জার্মানি ও ইতালির মধ্যে অনুষ্ঠিত একটি ম্যাচ চিরকালীন বিরক্তির উত্স হয়ে আছে দর্শকদের। বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তি সেদিন রক্ষণাত্মক ও নেগেটিভ ফুটবলের অশোভন প্রদর্শনী করে। ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। আরেকটি ম্যাচ ইতিহাসে ‘ব্যাটল অব সান্তিয়াগো’ নামে পরিচিতি। ইতালি ও চিলির মধ্যে অনুষ্ঠিত এ খেলার আগে ইতালির বিশ্বকাপ কভার করতে আসা ইতালির দুই সাংবাদিকের লেখায় চিলির সান্তিয়াগো শহরকে নিয়ে কিছু আজেবাজে মন্তব্য একেবারেই মেনে নিতে পারেনি স্বাগতিক চিলির দর্শকেরা। ম্যাচটি শুরু হওয়ার আগেই এই দুই ইতালীয় সাংবাদিককে নিরাপত্তাজনিত কারণে চিলি ত্যাগ করতে হয়। এই দুই ইতালীয় সাংবাদিকের ওপর চিলীয়দের ক্ষোভ এতটাই চরমে উঠেছিল যে ওই দুই সাংবাদিকের একজন মনে করে ভুলে একজন আর্জেন্টাইন সাংবাদিককে সান্তিয়াগোর রাস্তায় প্রহার করা হয়। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই চিলি ও ইতালীয় খেলোয়াড়দের মধ্যে মাথা গরম করে খেলার প্রবণতা দেখা দেয়। শারীরিক শক্তি প্রয়োগে খেলাটি পরিণত হয় রীতিমতো যুদ্ধে। চিলি ম্যাচটি ২-০ গোলে জয়লাভ করলেও দুই দলের কয়েকজন খেলোয়াড় ফাউলের কারণে এতটাই মারাত্মকভাবে আহত হন যে তাঁদের হাসপাতালে ভর্তি করতে বাধ্য হন আয়োজকেরা। এই ম্যাচের পরেই ফুটবলে লাল ও হলুদ কার্ডের প্রচলন হয়। ফিফায় এই ম্যাচ নিয়ে প্রতিবেদন দেওয়ার সময় রেফারি কেন অ্যাস্টন জোরালোভাবে খেলায় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে লাল ও হলুদ কার্ড প্রচলনের প্রস্তাব করেন। ফিফা সাদরে অ্যাস্টনের এই যুগান্তকারী প্রস্তাব গ্রহণ করে। ১৯৬২ সালের বিশ্বকাপে ব্রাজিলের গারিঞ্চা সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। তিনি চার গোল করেন। সর্বোচ্চ গোলদাতার গোলসংখ্যা বিচার করেই বলা যায় এ বিশ্বকাপ কী ধরনের গোলখরায় ভুগেছিল।এ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া চমত্কার খেলে ফাইনালে জায়গা করে নেয়। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তারা যথাক্রমে যুগোশ্লাভিয়া ও হাঙ্গেরিকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে সান্তিয়াগোর ‘এস্তাঁদিও ন্যাসিওনেলে’ প্রায় ৭০ হাজার দর্শকের সামনে চেকোস্লোভাকিয়া শক্তিশালী ও ফেবারিট ব্রাজিলের মুখোমুখি হয়। ব্রাজিল ফাইনালে ৩-১ গোলে চেকোস্লোভাকিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।