প্যারাগুয়েকে ৫-২ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা পাকাপাকি করে ফেলেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দুটি পেনাল্টি গোলের সঙ্গে সার্জিও অ্যাগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া আর ম্যাকসি রদ্রিগুয়েজের দারুণ তিনটি গোল আলেসান্দ্রো সাবেলার দলকে হাতে দুই ম্যাচ রেখেই নিয়ে গেছে ব্রাজিল বিশ্বকাপের মঞ্চে।
প্রাপ্ত দুটি পেনাল্টি কাজে লাগিয়ে মেসি কাল নিজেকে নিয়ে গেছেন দারুণ এক উচ্চতায়। আর্জেন্টিনার পক্ষে গোল করায় তিনি এখন গ্যাব্রিয়েল বাতিস্তুতার পরেই। কাল দুই গোলে আর্জেন্টিনার পক্ষে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩৭। বাতিস্তুতার চেয়ে বেশ খানিকটা (৫৬) পিছিয়ে থাকলেও তিনি পেছনে ফেলেছেন হারনান ক্রেসপোকে (৩৫)। কাল প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি খেলতে নেমেছিলেন নিজের ৮৩তম আন্তর্জাতিক ম্যাচটি।
খেলার দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দারুণ এক প্রতি আক্রমণ থেকে ডি মারিয়া বল অ্যাগুয়েরোর দিকে ঠেলে দিলে তাঁকে ঠেকাতে ফাউলের বাইরে বিকল্প ছিলনা প্যারাগুয়ে গোলরক্ষক ফার্নানদেজের। পেনাল্টি থেকে মেসি খুব ঠান্ডা মাথায় গোলরক্ষকের বামদিক দিয়ে জালে বল প্লেস করেন।
দল এক গোলে এগিয়ে যাওয়ায় মনোযোগে হয়ত একটু ঘাটতি দেখা দিয়েছিল আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর। নয়ত এক নিরীহ দর্শন মুহূর্তে তিনি গোল খান কীভাবে? ম্যাচের ১৭ মিনিটে মিগুয়েল স্যামুদিওর ক্রস থেকে ন্যুনেজের নিরীহ এক ফ্লিক হাতে ধরে রাখতে পারেননি রোমেরো। প্যারাগুয়ে ম্যাচে সমতায় ফেরার পাঁচ মিনিট পরই আবার এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। রদ্রিগো পালাসিওর লক্ষ্যভ্রষ্ট হেড অবশ্য এগিয়ে যেতে দেয়নি তাঁদের।
ম্যাচের ৩২ মিনিটে ডি মারিয়া আর মেসির ‘এলক্ল্যাসিকো’ যুগলবন্দীতে বাজিমাত করেন অ্যাগুয়েরো। ডানপ্রান্ত থেকে ডি মারিয়ার লব মেসি বুকে নিয়ে তা ঘুরিয়ে দেন অ্যাগুয়েরোর দিকে। ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার দারুণ ক্ষিপ্রতায় আর্জেন্টিনাকে এগিয়ে দেন ২-১ গোলে। এর পরপরই প্যারাগুয়ের একটি প্রাপ্ত সুযোগ নস্যাত্ করে দেন আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো। বিরতির ঠিক আগ মুহূর্তে অধিনায়ক সান্তা ক্রুজের হেড পোস্টের ওপর দিয়ে ফিস্ট করে পাঠিয়ে দেন রোমেরো।
দ্বিতীয়ার্ধে প্রায় পুরো সময়জুড়েই ছিল আর্জেন্টিনার আধিপত্য। মেসি-অ্যাগুয়েরো-ডি মারিয়ারা প্যারাগুয়ের রক্ষণকে চাপে রেখেছিলেন বেশ ভালোমতোই। ৫০ মিনিটে মেসির দল এগিয়ে যায় ৩-১ গোলে। আরও একটি প্রতিআক্রমণ থেকে প্রায় উন্মুক্ত প্যারাগুইয়ান রক্ষণের দুর্বলতা কাজে লাগান ডি মারিয়া। মধ্যমাঠ থেকে ফার্নান্দো গ্যাগোর লম্বা পাস পায়ে নিয়ে মারিয়া ডান প্রান্ত থেকে দারুণ ঠান্ডা মাথায় তা পাঠিয়ে দেন প্যারাগুয়ের গোলে।
আর্জেন্টিনার চতুর্থ গোলটিও পেনাল্টি থেকে। বক্সের মধ্যে প্যারাগুয়ের স্যালুসতিয়ানো ক্যান্ডিয়া মেসিকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে টেলিভিশন রিপ্লে দেখে মনে হয়েছে রেফারি ব্যাপারটি এড়িয়ে গেলেই পারতেন। হালকা ফাউলে পেনাল্টি পেয়ে তা কাজে লাগান মেসি। সেই সঙ্গে দেশের হয়ে ৩৭তম গোলটি করে আর্জেন্টিনার পক্ষে সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় নিজের নাম তুলে দেন দ্বিতীয় স্থানে। একইসঙ্গে এটি ছিল এবারের বিশ্বকাপ বাছাইপর্বে মেসির দশম গোল।
৬০ মিনিটের সময় নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যেতে পারতেন ডি মারিয়া। মেসির পাস থেকে বল পেয়ে তাঁর শট গোললাইন থেকে ফিরিয়ে দেন প্যারাগুয়ের অসকার রোমেরো। ৮৬ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন সান্তা ক্রুজ। গোলটি আসে স্যামুদিওর ক্রস থেকে। খেলার একেবারে শেষ মিনিটে রদ্রিগুয়েজের গোল স্কোরলাইনের সৌন্দর্য বাড়ায়, বিশ্বকাপের টিকিট হাতে পাওয়ার উত্সবেও এনে দেয় অন্যরকম আবহ। সূত্র: রয়টার্স।