ব্রাজিলে এক পা দিয়ে রাখল কলম্বিয়া। পরশু ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ঘোচানোর দ্বারপ্রান্তে দক্ষিণ আমেরিকান দলটি। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলেছে কলম্বিয়া। শেষ তিন ম্যাচ থেকে এক পয়েন্ট জোগাড় করতে পারলেই ১৯৯৮ সালের পর দেশটি প্রথম পা রাখবে বিশ্বকাপ ফুটবলে। অবশ্য শেষ তিন ম্যাচে কোনো পয়েন্ট না পেলেও আর্জেন্টিনা ও কলম্বিয়া বিশ্বকাপে যেতে পারে, সে ক্ষেত্রে তাদের অন্য ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করতে হবে।একই দিনে বিশ্বকাপ অভিযানে উরুগুয়েকে গুরুত্বপূর্ণ এক জয় এনে দিয়েছেন লুইস সুয়ারেজ। লিভারপুলের এই বিতর্কিত স্ট্রাইকার জোড়া গোল করে লিমায় হারিয়েছেন পেরুকে (২-১)।ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে চিলি। অন্য ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়ে প্যারাগুয়ে বাছাইপর্ব পেরোনোর ক্ষীণ আশাটা তুলেছে জাগিয়ে।বারাঙ্কিয়ায় কলম্বিয়া-ইকুয়েডর ম্যাচটি ভেসে যেতে বসেছিল প্রবল বর্ষণে। মাঠের জায়গায় জায়গায় জমে গিয়েছিল পানি। মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমে খেলার উপযোগী হয় মাঠ, খেলা শুরু হয় দেড় ঘণ্টা দেরিতে। দ্বিতীয়ার্ধের শুরুটাও ২০ মিনিট বিলম্বিত হয় ফ্লাডলাইট বিড়ম্বনায়। ২৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ইকুয়েডর, সংখ্যাধিক্যের সুবিধায় মোনাকোর স্ট্রাইকার জেমস রদ্রিগেজ ৩১ মিনিটে কলম্বিয়াকে এনে দেন জয়সূচক গোল। অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠে ম্যাচের শুরু থেকেই খেলেছেন মোনাকোর আরেক স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। দ্বিতীয়ার্ধে অধিনায়ক ওয়াল্টার আইয়োভি পেনাল্টি মিস করায় পয়েন্ট পাওয়ার সুযোগ হারিয়েছে ইকুয়েডর। লিমায় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে সুয়ারেজ ছাড়িয়ে গেছেন গঞ্জালো হিগুয়েইনকে। ১০ গোল করে এই উরুগুইয়ান এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা। এই মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে সুয়ারেজের। ওই দিন আসুনসিওনে প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচ, কিন্তু নিষেধাজ্ঞার খাড়ায় হিগুয়েইনকে পাবে না আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে উরুগুয়ে। বিশ্বকাপ না খেলা একমাত্র দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলা (১৬) ও পেরু (১৪) নিঃশ্বাস ফেলছে উরুগুয়ের ঘাড়ে। এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি যাবে ব্রাজিলে। পঞ্চম দলটি নভেম্বরে প্লে-অফ খেলবে এশিয়ার জর্ডান কিংবা উজবেকিস্তানের সঙ্গে। এএফপি, রয়টার্স, ফিফা ডট কম।
মেক্সিকো-যুক্তরাষ্ট্রের হার
যুক্তরাষ্ট্রের জয়রথ থামল অবশেষ। টানা ১২টি আন্তর্জাতিক ম্যাচজয়ী যুক্তরাষ্ট্র পরশু কোস্টারিকার কাছে হেরেছে ৩-১ গোলে। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে কনক্যাকাফ অঞ্চলের শীর্ষে এখন এই কোস্টারিকাই। এক পয়েন্ট কম নিয়ে যুক্তরাষ্ট্র আছে দুইয়ে। অঘটনের এই দিনে হন্ডুরাসের কাছে ২-১ গোলে হেরেছে মেক্সিকো। উত্তর আমেরিকা থেকে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা দলটির দুর্দশা যেন কাটছেই না। সুখবর একটিই, সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে থাকা মেক্সিকো তিন ম্যাচ পর গোল পেল বাছাইপর্বে। এই অঞ্চল থেকে প্রথম তিনটি দল সরাসরি যাবে বিশ্বকাপে। চার নম্বর দলকে খেলতে হবে প্লে-অফ। এএফপি।