ব্রাজিলের ডাচ পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি ব্রাজিলকে। একমাত্র পরীক্ষাটি ছিল পর্তুগালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে। কিন্তু মর্যাদার বাইরে সেই ম্যাচের কোনো গুরুত্ব না থাকায় না হারাটাই মূল লক্ষ্য হয়ে উঠেছিল ব্রাজিল দলের। দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ চিলিও নামে-ডাকে ধারে কাছেও ছিল না ব্রাজিলের। তবে আগামী শুক্রবার বিশ্বকাপের সবচেয়ে শক্ত পরীক্ষায় মাঠে নামতে হচ্ছে দুঙ্গার ছেলেদের। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের চতুর্থ দল হল্যান্ড। ম্যাচটিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। টান টান উত্তেজনা ছড়ানো এক লড়াই। সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের এই ডু অর ডাই ম্যাচকে ‘কঠিন পরীক্ষা’ হিসেবেই মনে করছেন কোচ দুঙ্গা ও ব্রাজিলীয় খেলোয়াড়েরা।হল্যান্ড গত ২৩টি আন্তর্জাতিক ম্যাচে হারেনি। এবারের বিশ্বকাপেও কাগজে-কলমে ব্রাজিলের চেয়েও ভালো রেকর্ড ডাচদের। হল্যান্ড দক্ষিণ আফ্রিকায় টানা চার ম্যাচে জয় পেয়েছে। প্রতিটি জয়ই পরিকল্পিত ফুটবল খেলে পাওয়া। অপর দিকে অনেক সমর্থকেরই অভিযোগ, এবার ব্রাজিলকে ব্রাজিলের মতো খেলতে দেখা যাচ্ছে না। ব্রাজিল-বিরোধীরা আরও এক ধাপ এগিয়ে সরাসরি বলেই দিয়েছেন, ‘চুনোপুঁটি দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েই ব্রাজিলের এত হম্বিতম্বি।’ সেই হিসেবে রোবেন, ফন পার্সি, বাবেল, কিউট, স্নাইডারদের নিয়ে গড়া হল্যান্ড ব্রাজিলের এক অগ্নি পরীক্ষাই।ব্রাজিলের কোচ দুঙ্গাও মানছেন পুরো পরিস্থিতিই। তিনি নিজেই জানিয়েছেন, হল্যান্ড যে মানের দল তাতে খুব সহজেই পার পেয়ে যাবে না ব্রাজিল। ‘আমরা জানি, হল্যান্ডের বিপক্ষে খেলাটা বেশ কঠিন। ডাচ ফুটবলের ধরন অনেকটা লাতিন ফুটবলের মতো। দলটি কখনোই রক্ষণাত্মক খেলে না। ডাচদের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি।’কোচের সুরে সুর মিলিয়ে ব্রাজিলের অধিনায়ক লুসিও বলছেন, ‘এটা ঐতিহ্যবাহী দুটি দলের লড়াই। ম্যাচটি আমাদের জন্য বেশ কঠিন হবে।’ হল্যান্ডকে কঠিন বলে সহজভাবে মেনে নিয়েছেন রবিনহোও। বিশ্বকাপে ব্রাজিলের ভরসার প্রতীক হয়ে ওঠা এই স্ট্রাইকার বলছেন, ‘এই ম্যাচটিই আমাদের জন্য ফাইনাল।’ মাঠের লড়াইয়ের আগে মিডফিল্ডার ক্লোবারসনের প্রতিক্রিয়া, ‘আমরা এমন একটি দল নিয়ে কথা বলছি যেটি অসাধারণ, তারকা-নির্ভর দল। সবার জন্যই ম্যাচটি কঠিন হবে।’