ব্রাজিলের দারুণ জয়ে দুঃখ কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের দারুণ জয়ে দুঃখ কাকাক্রীড়া প্রতিবেদক‘ও তো ক্লাবের’—এই অপবাদটা অনেক ফুটবলারের কপালেই জুটেছে। লুইস ফ্যাবিয়ানো আশ্চর্য ব্যতিক্রম। ব্রাজিলের জার্সি গায়ে তাঁর গোলের হার অবিশ্বাস্য রকমের। সেই ফ্যাবিয়ানো ছয় মাস ধরে গোল না পেলে হাহাকার তো উঠবেই। হলুদ জার্সি গায়ে ছয় মাসে নিজের প্রথম গোলটি পেলেন কাল। দ্বিতীয়টিও। ফ্যাবিয়ানোর জোড়া গোলের সঙ্গে এলানো মিলে আইভরিকোস্টকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল ব্রাজিল। আইভরিকোস্টের গোলটি দিদিয়ের দ্রগবার। স্নায়ুক্ষরা শেষ কয় মিনিটে আইভরিকোস্টের মুহুর্মুহু আক্রমণ ছিল, ছিল লাল কার্ড দেখে কাকার মাঠ ছেড়ে যাওয়ার নাটকও। ফ্যাবিয়ানো নিজেকে ফিরে পেলেন মোক্ষম সময়ে। ম্যাচের ঘড়িতে তখন ২৫ মিনিট। কাকা-রবিনহোর ওয়ান-টু থেকে বাড়িয়ে দেওয়া পাস। আইভরিকোস্টের ডিফেন্ডারদের পরাস্ত করে বক্সের ডান দিকে ঢুকে গেলেন ফ্যাবিয়ানো। ডান পায়ের জোরালো শট খুঁজে নিল জাল। প্রথমার্ধ ওই এক গোলেই এগিয়ে ছিল ব্রাজিল। আরও গোটা কয়েক সুযোগ তৈরি করলেও স্কোরলাইনটাকে বাড়ানোর মতো যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই দ্বিতীয় গোলটি করেছেন ফ্যাবিয়ানো। অবশ্য বল লেগেছিল তাঁর হাতে। রেফারির চোখ এড়িয়ে গেলে সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেননি সেভিয়া তারকা। ব্রাজিলের সবচেয়ে আশাপ্রদ ব্যাপার ফ্যাবিয়ানোর গোল পাওয়া। এবং অবশ্যই কাকার খোলস ছেড়ে বেরিয়ে আসার আভাস দেওয়া। দুটো গোলই বানিয়ে দিয়েছেন। ৬২ মিনিটে তাঁর জোরালো শট গোলরক্ষক ঠেকিয়ে না দিলে গোলও পেতে পারতেন। শেষ দিকে দুটো হলুদ কার্ডের যোগফলে লাল কার্ড দেখে ছেড়েছেন মাঠ। ব্রাজিলের জন্য এই ম্যাচে যোগ হয়েছে আরেকটি দুশ্চিন্তা—দুই ম্যাচে দুই গোল করা এলানোর স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া।