ব্রাজিলের দুর্দশায় সতর্ক সাবেলা

চোখের সামনে যখন বিরাট দুর্ঘটনা ঘটে যায়, তখন শিহরিত হওয়ার চেয়ে সতর্ক হওয়াই উত্তম। আলেসান্দ্রে সাবেলা তাই জার্মানির বিপক্ষে ব্রাজিলের বিধ্বস্ত হওয়ার দৃশ্যে শিহরিত না হয়ে বরং সতর্কই হচ্ছেন। তবে প্রথম সেমিফাইনালের ম্যাচের ফল অপ্রত্যাশিত মনে হলেও একে ফুটবলের ‘চিরায়ত সৌন্দর্য’ বলতে ভোলেননি আর্জেন্টাইন কোচ।
সাবেলা বললেন, ‘আমি প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের কিছু অংশ দেখেছি... বিশ্ব ফুটবলে দুই পরাশক্তির ফল ৭-১ কোনো স্বাভাবিক ঘটনা নয়। কালেভদ্রেই এমনটা ঘটতে পারে। এটাই ফুটবল। ফুটবলে এ ধরনের অভাবনীয় ঘটনা ঘটে থাকে, যা মেনে নেওয়া আসলেই কঠিন। এটিই খেলার চিরায়ত সৌন্দর্য।’
রাতেই সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে হল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। সাবেলা জানালেন, তাঁর শিষ্যরা ব্রাজিল-জার্মানির ম্যাচ পুরোটাই দেখেছে। এ কারণে অনুশীলনে আসতে দেরি হয়েছে তাদের। ঘোর প্রতিদ্বন্দ্বীর এ পরাজয়ে যথেষ্ট সতর্ক হয়েই মাঠে নামছে নীল-সাদারা। আর্জেন্টিনা কোচ বললেন, ‘খেলোয়াড়দের ভাবনায় ম্যাচটি ছিল। ওরা পুরো ম্যাচ দেখেছে। প্রথমার্ধ হোটেলে, দ্বিতীয়ার্ধ এখানে এসে (অনুশীলন মাঠে)। হালকা অনুশীলনের পর আগামীকাল আমাদের কী করণীয়—সেটি নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি।’ এএফপি ও রয়টার্স