ব্রাজিলের পথে এগোল নাইজেরিয়া
ম্যাচের ৫৪ মিনিট। ইথিওপিয়ার বেহাইলু আসেফার ক্রসটা বুঝতে পারলেন না নাইজেরিয়া গোলরক্ষক ভিক্টর এনিয়ামা। বল গোল-লাইন অতিক্রম করেছে কি না, সেটাও বুঝতে পারেননি। কিন্তু লাইনসম্যান ততক্ষণে গোলের বাঁশি বাজিয়ে দিয়েছেন। গোল-লাইন প্রযুক্তি ব্যবহার করা হয়নি। হতভম্ব নাইজেরিয়া পিছিয়ে পড়ল ১-০ গোলে। সুপার ইগলরা তখন যেন ডানা ঝাপটাচ্ছে।
তবে শেষ পর্যন্ত ওড়ার আকাশ তাঁরা খুঁজে পেয়েছে ইমানুয়েল এমেরিকের কল্যাণে। দুই গোল করে এই স্ট্রাইকার নাইজেরিয়াকে এনে দিয়েছেন ২-১ গোলের মহাগুরুত্বপূর্ণ এক জয়। শেষ গোলটা করেছেন অন্তিম সময়ের পেনাল্টি থেকে। নিজেদের মাঠে ড্র করলেই নাইজেরিয়া চলে যাবে বিশ্বকাপে। আর ইথিওপিয়ার সামনে বাধার বিন্ধ্যাচল। নাইজেরিয়ার মাঠে গিয়ে নাইজেরিয়াকেই যে হারাতে হবে এখন!
বিশ্বকাপ বাছাইপর্ব আফ্রিকান অঞ্চলের অন্য ম্যাচটিতে পরশু তিউনিসিয়া ও ক্যামেরুন করেছে গোলশূন্য ড্র। তবে ক্যামেরুন গোলরক্ষক চার্লস ইতানজে বাধা না হয়ে দাঁড়ালে জয় নিয়েই হয়তো মাঠ ছাড়তে পারত তিউনিসিয়া। ১৭ অক্টোবর ইয়াউন্ডিতে আবার মুখোমুখি হবে দুই দল। এএফপি।