ব্রাজিলের পথে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান
দক্ষিণ কোরিয়াকে হারিয়েই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিজ্ঞা করেছিলেন ইরানের অধিনায়ক জাভাদ নেকুনাম। কথা রেখেছেন তিনি। আজ ১-০ গোলের জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ব্রাজিল বিশ্বকাপে পা রেখেছে ইরান। তবে হারলেও কোনো আফসোস করতে হয়নি দক্ষিণ কোরিয়াকে। গোল ব্যবধানে উজবেকিস্তানকে পেছনে ফেলে তারাও পেয়ে গেছে চূড়ান্ত পর্বের টিকিট। এশিয়ান বাছাইপর্বের ‘বি’ গ্রুপ থেকে জাপানের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া। আজ নিজেদের মাঠে তারা ইরাককে হারিয়েছে ১-০ গোলে।
এশীয় বাছাইপর্বের প্রথম দল হিসেবে বিশ্বকাপে পা রেখেছিল জাপান। ‘বি’ গ্রুপ থেকে আজ তাদের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া। ইরাকের বিপক্ষে ঘামঝরানো জয় দিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে অস্ট্রেলিয়ার পক্ষে জয়সূচক গোলটি করেছেন বদলি হিসেবে মাঠে নামা জশুয়া কেনেডি।
তুলনামূলকভাবে অনেক কঠিন ছিল ‘এ’ গ্রুপের লড়াইটা। চূড়ান্ত পর্ব নিশ্চিত করার জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছিল দক্ষিণ কোরিয়া, ইরান ও উজবেকিস্তান। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ইরান ও দক্ষিণ কোরিয়ার লড়াইয়ের আগে চলেছিল স্নায়ুযুদ্ধও। ইরানি ফুটবলারদের ‘জীবন ওষ্ঠাগত’ করে তোলার পণ করেছিলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। আর আজকের ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপ নিশ্চিত করার প্রতিজ্ঞা ছিল ইরানের। শেষ পর্যন্ত জয় হয়েছে ইরানেরই। ৬০ মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়ার জালে বল জড়িয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেন ইরানের স্ট্রাইকার রেজা গোচানেজাদ।
‘এ’ গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল উজবেকিস্তানের সামনেও। কাতারের বিপক্ষে আজকের ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানের জয়ও পেয়েছিল তারা। কিন্তু গোল ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলতে পারেনি উজবেকিস্তান। তবে এখনো শেষ হয়নি তাদের বিশ্বকাপ-স্বপ্ন। প্লে-অফ খেলে এখনো প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে পারে তারা।— রয়টার্স