ব্রাজিলের কাছে সবাই যে ধরনের ফুটবল চায়, সেটিই নাকি খেলছে হল্যান্ড। সেই দুটো দলই মুখোমুখি হবে আজ কোয়ার্টার ফাইনালে। ম্যাচটি দুর্দান্ত না হয়ে উপায় আছে!ডাচরা প্রতি ম্যাচেই উন্নতি করছে। বিশ্বকাপে টানা চারটি ম্যাচে জয় তো পেয়েছেই, ওরা আসলে টানা ২৩ ম্যাচ ধরেই অপরাজিত। চোট সেরে আরিয়েন রোবেনের ফেরা, টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা স্নাইডারের সঙ্গে তাঁর বোঝাপড়া এসবই ডাচদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ওদের দলে বেশ ভালো মানের অভিজ্ঞ খেলোয়াড় আছে। ওদের রক্ষণও ভালো। স্লোভাকিয়া ম্যাচে গোলরক্ষক স্টেকেলেনবার্গ তো দুর্দান্ত খেলল।মাঝমাঠে ওরা বল চালায় দারুণভাবে। স্নাইডার, কিউট, ফন পার্সি, রোবেন—এই নামগুলোই বলে দেয়, ব্রাজিলের অনিষ্ট করার মতো খেলোয়াড় আছে ওদের। টেকনিক আর ট্যাকটিক—দুটো দিক দিয়েই এই বিশ্বকাপের অন্যতম সেরা দল হল্যান্ড। কিন্তু প্রতিপক্ষ যখন ব্রাজিল, ডাচদের নিজেদের খেলায় আরও উন্নতি আনতে হবে।দক্ষিণ আমেরিকান দলটিও প্রতি ম্যাচে দারুণ উন্নতি করছে। সুদৃঢ় রক্ষণ আর সুতীক্ষ আক্রমণ—দুটোর মিশেল দিয়ে গড়া এই দল। এই ব্রাজিল ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে খুন করতে পারে। কাকার মতো বিশ্বসেরা খেলোয়াড় আছে। আছে রবিনহো, ফ্যাবিয়ানোর মতো ব্যতিক্রমী স্ট্রাইকার। এই ব্রাজিল গভীরভাবে রক্ষণ করতে জানে, দুর্দান্ত গতিতে পাল্টা আক্রমণে উঠে গিয়ে প্রতিপক্ষের সর্বনাশ করতে পারে, আবার ইচ্ছে করলে বলের দখল রেখে ধীরে ধীরে চাপ বাড়াতে পারে প্রতিপক্ষের ওপর। ম্যাচে লড়াই যখন হাড্ডাহাড্ডি হয়, সেই সময় দুর্দান্ত গোল করে ম্যাচ বের করে আনতে ওরা ওস্তাদ।১৯৯৪ আর ১৯৯৮ বিশ্বকাপে দুদলই যখন মুখোমুখি হলো, ব্রাজিলই ম্যাচ বের করে নিয়ে গেছে। এবারও ব্রাজিলই ফেবারিট। তবে ম্যাচটায় খুবই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রথমার্ধে দুই দলই বাড়তি সতর্ক থাকবে, ফলে ম্যাচটা খুলতে পারে দ্বিতীয়ার্ধে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়, এমনকি ম্যাচটা পেনাল্টি শ্যুট-আউটে গেলেও আমি বিস্মিত হব না। ব্রাজিলের পরীক্ষা নেবে হল্যান্ড। ব্রাজিল যদি সামর্থ্যের পুরোটা মেলে ধরতে না পারে আর একটা ভালো দিন যদি যায় ডাচদের, ম্যাচে তারা ব্রাজিলকে হারিয়ে অঘটন ঘটাতে পারে। আশা করি, ব্রাজিলই এগিয়ে যাবে। কিন্তু এই দলটাকে হারানোর সামর্থ্য হল্যান্ডের আছে।টুর্নামেন্ট এখন যত এগিয়ে যাবে, ইনজুরি আর হলুদ কার্ড নিয়ে তত বেশি মাথা ঘামাতে হবে কোচদের। ঘানা দলটার কথাই ধরুন উদাহরণ হিসেবে। ওদের স্ট্রাইকার আসামোয়া জিয়ান, মাঝমাঠের খেলোয়াড় কেভিন-প্রিন্স বোয়াটেং, ডিফেন্ডার স্যামুয়েল ইনকুম আর জন মেনশা সবাই ইনজুরিতে। ডিফেন্ডার জোনাথন মেনশা আর মিডফিল্ডার আন্দ্রে আইয়ু দুজনই হলুদ কার্ডের খাঁড়ায় আজ খেলতে পারবে না।বিশেষ করে জিয়ান ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সার্বিয়াকে হারানো, অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতা ফেরানো আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের অতিরিক্ত সময়ে ঘানাকে জেতানো—তিনটি গুরুত্বপূর্ণ গোল জিয়ানই করেছে। যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসা ঘানার আত্মবিশ্বাস অবশ্য উঁচু তারে বাঁধা থাকবে। পুরো আফ্রিকা মহাদেশের সমর্থনও যে ওদের পেছনে—এটি তারা জানে। এতে ওরা আরও বেশি উজ্জীবিত হয়ে খেলবে। ওরা শরীর খাটিয়ে ফুটবল খেলে। মূলত রক্ষণাত্মক কৌশলই ওদের ভরসা। একমাত্র স্ট্রাইকার হিসেবে সামনে থাকে জিয়ান। ওর ওপর ঘানার এত বেশি নির্ভরতা, আজ যদি সে না খেলে কিংবা পুরো ফিট না থাকে, ঘানাকে অবশ্যই এর খেসারত দিতে হবে।উরুগুয়েও হয়তো আজ দলে পাবে না ডিফেন্ডার ডিয়েগো গডিনকে। অবশ্য মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ওর বদলি হিসেবে খেলা ভিক্তোরিনো বেশ ভালোই খেলেছে। এই একটা জায়গা ছাড়া উরুগুয়ে আজ পুরো শক্তির দলই মাঠে নামাবে। টেকনিক্যাল দিক দিয়ে ঘানার চেয়ে এগিয়ে আছে উরুগুয়ে। ওদের তিন ফরোয়ার্ড সুয়ারেজ, ফোরলান আর কাভানি তো অদম্য। রক্ষণটাও অনেক ভালো। প্রথম চার ম্যাচে ওরা গোল কিন্তু খেয়েছে মাত্র একটি। উরুগুয়ে এই ম্যাচে ফেবারিট। উজ্জ্বলতায় আফ্রিকার কালো তারাদের ম্লান না করলে সেটিই হবে বিস্ময়ের।