ব্রাজিলে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর শুরু হতে এখনো দুই বছরেরও বেশি সময় বাকি। সবার কাছে এটা অনেক দূরের ব্যাপার মনে হলেও আয়োজক ব্রাজিলের জন্য সময়টা খুব দ্রুতই কেটে যাচ্ছে। ক্রীড়াজগতের অন্যতম বৃহত্ এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য রীতিমতো ঘড়ি ধরে কাজ করতে হচ্ছে ব্রাজিলকে। তার পরও তাদের অগ্রগতিতে খুব একটা খুশি হতে পারছে না ফিফা। নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামোগত কাজ সম্পন্ন করার জন্য ব্রাজিলকে তাগাদা দিয়েছেন ফিফার সাধারণ সম্পাদক জেরোমে ভালকে।গত সেপ্টেম্বরে ব্রাজিল ফিফাকে আশ্বস্ত করেছিল যে ২০১২ সালের ডিসেম্বর মাসের মধ্যেই সব স্টেডিয়ামের সংস্কার ও নির্মাণ শেষ হয়ে যাবে। কিন্তু দেশটির সরকার এটাও স্বীকার করেছে যে ১৩টি বিমানবন্দরের মধ্যে পাঁচটিতে এখনো কাজ শুরু হয়নি। জেরোমে ভালকে গত বৃহস্পতিবার বলেছেন, ‘আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। আমরা আর একটা দিনও নষ্ট করতে চাই না। ব্রাজিলে যাতায়াত করাটা খুব একটা সহজ না। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। বিমানবন্দর ছেড়ে যেতে প্রায় অর্ধেক দিন লেগে যায়। এভাবে কোনোমতেই চলতে পারে না।’বিশ্বকাপ শুরুর আগে ২০১৩ সালে ফিফার কনফেডারেশন কাপও অনুষ্ঠিত হওয়ার কথা ব্রাজিলে। এই আসরটাকেই বিশ্বকাপের প্রস্তুতির চূড়ান্ত মঞ্চ হিসেবে বিবেচনা করছে ফিফা। তার আগেই যেন সব ধরনের কাজ সমাপ্ত হয়, সেটা স্মরণ করিয়ে দিয়ে ভালকে বলেছেন, ‘কনফেডারেশন কাপই যে বিশ্বকাপের প্রস্তুতি যাচাইয়ের একটা চূড়ান্ত আসর হবে, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই এখনই প্রস্তুতিমূলক কাজ ত্বরান্বিত করা প্রয়োজন।’ ওয়েবসাইট।