ব্রাজিলের বদলিরাও কম নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় বলা হতো, ব্রাজিলে যে পরিমাণ খেলোয়াড় আছে, তাতে অনায়াসে বিশ্বকাপে আরও একটি দল তারা পাঠাতে পারে। কিন্তু কার্লোস দুঙ্গার এই দলে নাকি তারকার ঘাটতি। হ্যাঁ, তারকার ঘাটতি থাকতে পারে, কিন্তু এই দলে প্রতিভার কমতি নেই। কিছুদিন আগে ব্রাজিলের প্রথম একাদশ আর রিজার্ভ বেঞ্চের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। ওই ম্যাচে মূল একাদশকেই হারিয়ে দিয়েছে বেঞ্চের খেলোয়াড়েরা!ওই ম্যাচে গোল করে দুঙ্গার ‘দৃষ্টি আকর্ষণ’ করেছেন গ্রাফিতে আর লুইজাও। ভলভসবুর্গের এক নম্বর স্ট্রাইকার গ্রাফিতে গোল তো করবেনই, তবে বেনফিকা ডিফেন্ডার লুইজাও রক্ষণ সামলানোর পাশাপাশি একটা গোলও করেছেন, যদি তাতেও মন গলে দুঙ্গার!সেই সম্ভাবনা ক্ষীণ। দুই ইন্টার মিলান সতীর্থ লুসিও, মাইকন; বার্সেলোনার দানি আলভেস আর এসি মিলানের থিয়াগো সিলভা—এঁদের ভিড়ে বিশ্বকাপের প্রথম একাদশে হয়তো নামাই হবে না লুইসাওয়ের। এতেও নাকি মোটেও মন খারাপ হবে না এই ২৯ বছর বয়সীর। বদলি হিসেবে নামলেও নিজের সেরাটা দেখিয়ে দিতে প্রস্তুত তিনি, ‘প্রথম একাদশে থাকাটা শুধু সংবাদমাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বিষয়টি অন্যভাবে দেখি। ব্রাজিল দলটাই এমন। প্রথম একাদশে থাকব কি থাকব না, এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। প্রথম একাদশে থাকব, এই ভেবেই আমি প্রস্তুতি নেব।’ওই ম্যাচে ব্রাজিলের রিজার্ভ এতটাই ভালো খেলেছে, খোদ অধিনায়ক লুসিও পর্যন্ত স্বীকার করেছেন, প্রথম একাদশের ঘাম ঝরিয়ে ছেড়েছে ‘সুবিধাবঞ্চিত’রা। এই উদাহরণ টেনে লুইজাও বলছেন, ব্রাজিল দলে যে প্রতিভার ছড়াছড়ি, এটি তারই প্রমাণ। সম্ভাব্য একাদশের বাইরে থাকা ডিফেন্ডাররা এসব ‘ঘরোয়া’ প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রমাণে মরিয়া হয়ে খেলছেন বলেই কঠিন পরীক্ষার মুখে পড়ছে দলের স্ট্রাইকাররা। এতে স্ট্রাইকারদের প্রস্তুতিও ভালো হচ্ছে বলে মনে করছেন লুইজাও।গত বিশ্বকাপের দলে থেকেও এক মিনিটও মাঠে নামা হয়নি তাঁর। এবার হবে কি না, কে জানে। তবে লুইজাও-সতীর্থ লুসিও কিন্তু ঠিকই নিজের তৃতীয় বিশ্বকাপে খেলতে নামছেন। ২০০২ বিশ্বকাপজয়ী দলটার অন্যতম সদস্য এবার দলের অধিনায়ক। লুসিও জানাচ্ছেন, এত দিন ধরে খেলছেন তার পরও তাঁর মনে প্রথমবারের মতো হলুদ জার্সিটা পরার রোমাঞ্চ জাগছে। এএফপি