ব্রাজিলের বাতাসে রোনালদিনহো রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ বিশ্বকাপের সেই ছবিটা মনে আছে? কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি ইংল্যান্ড-ব্রাজিল। ৪৯ মিনিট পর্যন্ত স্কোর ১-১। মাইকেল ওয়েনের ২৩ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে গোল শোধ করে দেন রিভালদো। কিন্তু এর পর গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই।৫০ মিনিটে ফ্রি-কিক পেয়ে গেল ব্রাজিল। ৩৫ মিটার দূর থেকে কিক নিলেন রোনালদিনহো। কী আশ্চর্য সুন্দর সেই ফ্রি-কিক। ইংলিশ গোলরক্ষক ডেভিড সিম্যানকে হতবুদ্ধি করে দিয়ে বল ঢুকে গেল সোজা জালে। ২-১-এ জিতে সেমিফাইনালে উঠে গেল সেবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।সেদিন সেই দুর্দান্ত কিক নেওয়ার মিনিট সাতেক পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। কিন্তু ২২ বছর বয়সী প্লে-মেকার বিশ্বমঞ্চে সদম্ভে ঘোষণা করেছিলেন তাঁর আবির্ভাব। নজর কেড়েছিলেন বার্সেলোনার। আর বার্সেলোনায় গিয়ে সুন্দর ফুটবলের পসরাই সাজিয়েছিলেন এই ব্রাজিলিয়ান।এর পর নিজেকে হারিয়ে ফেলা, নাইট ক্লাবে উন্মত্ত নিশিযাপনের কারণে তখনকার কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের সঙ্গে সম্পর্কের অবনতি, বার্সা ছেড়ে চলে আসা এসি মিলানে...সবই জানা কথাই। কিন্তু এখনো অজানা এই প্রশ্নটার উত্তর—রোনালদিনহোকে কি দেখা যাবে ২০১০ বিশ্বকাপে? মাস দুয়েক আগে প্রশ্নটার উত্তরে ‘না’-এর পাল্লাই হতো ভারী। কিন্তু কিছুদিন ধরে রোনালদিনহো যেন ফিরে পেয়েছেন তাঁর সোনালি ফর্ম। ৯ গোল করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। সব মিলে মিলানের এ মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও। লিগে গত দুই ম্যাচে ৫ গোল তাঁর! ‘সিরি আ’র প্রথম ১০ ম্যাচের মাত্র চারটিতে জেতা মিলান তাঁর দুর্দান্ত ঝলকেই গত নয় ম্যাচের আটটিতেই জিতেছে।ব্রাজিলজুড়ে তাই সম্মিলিত কণ্ঠস্বরের একটা দাবি উঠেছে, ২০০৪ আর ২০০৫ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়কে ব্রাজিল দলে ফিরিয়ে আনা হোক আবার। দাবি উঠেছে সাধারণ্যে। পরিবহন প্রতিষ্ঠানের কর্মী থিয়াগো লিমা যেমন বলছেন, ‘রোনালদিনহোকে ছাড়া ব্রাজিল ঠিক ব্রাজিল নয়। বিশেষ করে ওরা এখন যে ধরনের খেলা খেলছে।’‘যে ধরনের’ বলতে ‘জোগো বনিতো’র দিকেই ইঙ্গিত করেছেন এই ২১ বছর বয়সী। অনেকের মতেই, এককালের ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস দুঙ্গা বড় রক্ষণাত্মক। এমনিতেই সবই ঠিক আছে। মাঝমাঠের কারিগর রোনালদিনহোকে ফিরিয়ে আনলেই ষষ্ঠ শিরোপার স্বপ্নপূরণ হবে এবারই। ব্রাজিলের ‘চিরশত্রু’ ডিয়েগো ম্যারাডোনা পর্যন্ত দিনকয়েক আগে বলেছেন দক্ষিণ আফ্রিকায় রোনালদিনহোকে দেখতে চান তিনি।কিন্তু দুঙ্গা কি দলে নেবেন রোনালদিনহোকে? ২০০৭ কোপা আমেরিকায় না খেলে ছুটিতে ছিলেন বলে রোনালদিনহোর কড়া সমালোচনা করেছিলেন। ৩-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তারকা ছাড়াই তাঁর চলে। সেই দুঙ্গার সুর নরম হয়ে যাচ্ছে রোনালদিনহোর সাম্প্রতিক ফর্ম দেখে। গত মাসেই দুঙ্গা প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন, ফর্মে ফিরলে অবশ্যই বিশ্বকাপের দলে জায়গা হবে তাঁর, ‘ওর জন্য দরজা বন্ধ নয়। আমরা সবাই ভালো করেই জানি, ও যখন প্রাণখুলে খেলে ম্যাচের মোড়টাই পাল্টে দেয়।’দুঙ্গার এবার কথা রাখার পালা। ওয়েবসাইট।