ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন গণনা শেষ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় আজ রাত একটায় প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।এখন চলছে ইউরোর ডামাডোল। এর পরও ফুটপ্রেমীদের দৃষ্টি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দিকে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। দল দুটির মূল একাদশে কোন খেলোয়াড় থাকছেন, কাকে বাদ দেওয়া হচ্ছে—এ নিয়েও আগ্রহের কমতি নেই। ব্রাজিল এখনো মূল একাদশ ঘোষণা করেনি। তবে আগেভাগেই নিজের চূড়ান্ত দলটি প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। আর্জেন্টাইন দৈনিক বুয়েনস এইরেস হেরাল্ডের খবরে বলা হয়েছে, গতকাল মেটলাইফ স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে চূড়ান্ত একাদশ সাংবাদিকদের সামনে তুলে ধরেন সাবেলা।ব্রাজিলে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় গত শনিবার ইকুয়েডরকে ৪-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। ওই ম্যাচের প্রায় অনুরূপ দলই আজ খেলবে নিউজার্সিতে। পরিবর্তন আছে শুধু একটি। খেলছেন না সার্জিও অ্যাগুয়েরো। তাঁর বদলে দলে আনা হয়েছে মিডফিল্ডার হোসে সোসাকে। গুঞ্জন চলছিল, ব্রাজিলের বিপক্ষে ম্যাচে গঞ্জালো হিগুয়েইনকে বসিয়ে রাখতে পারেন কোচ সাবেলা। তবে তা হয়নি। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে জুটিবদ্ধ রাখা হয়েছে হিগুয়েইনকে।আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচ হলেও প্রতিপক্ষ ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে বলে বাড়তি উত্তেজনা থাকবেই। দলীয় লড়াইয়ের আড়ালে অবশ্য আরও একটা লড়াই থাকছে—আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও ব্রাজিলের উদীয়মান তারকা নেইমারের মধ্যকার লড়াই। এ দুজনের মধ্যে কে সেরা—এই বিতর্ক এ মুহূর্তে ফুটবল বিশ্বে বেশ জমে উঠেছে।আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো, পাবলো জাবালেতা, ফেডেরিকো ফার্নান্দেজ, এজকুয়েল গ্যারি, ক্লেমেন্তে রদ্রিগুয়েজ, হোসে সোসা, ফার্নান্দো গ্যাগো, হাভিয়ের মাচেরানো, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়েইন।