ব্রাজিলের বিশ্বকাপ আয়োজন হবে ‘অবিস্মরণীয়’
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে কোনোমতেই খুশি হতে পারছে না ফিফা। ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সংস্কারকাজের গতি নিয়ে প্রায়ই অভিযোগ ও অসন্তোষ দানা বেঁধে উঠছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে। তিক্ততার সৃষ্টি হচ্ছে ফিফা ও ব্রাজিলীয় ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। তবে এই পরিস্থিতির মধ্যেও ‘অবিস্মরণীয়’ এক বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধান রিকার্ডো টেইক্সেইরা।কয়েক দিন আগেই ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনের কর্মযজ্ঞের ধীর গতি দেখে ফিফার সাধারণ সম্পাদক জেরোমে ভালকে কটাক্ষ করে বলেছিলেন, ‘ব্রাজিলীয় আয়োজকদের পেছনে একটা লাথি দেওয়া দরকার।’ এর প্রতিক্রিয়ায়, জেরোমের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করা হবে না বলে গতকাল জানিয়েছে ব্রাজিল সরকার। এ ধরনের রেষারেষিমূলক পরিস্থিতির অবসান ঘটাতেই হয়তো আকর্ষণীয় এক বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করলেন ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান রিকার্ডো টেইক্সেইরা। আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যেকোনো বিশ্বকাপ আয়োজন নিয়েই ফিফার উদ্বেগ দেখানো যথেষ্ট স্বাভাবিক ও যুক্তিযুক্ত। কিন্তু সংগঠনটা নিশ্চিন্তে থাকতে পারে। কারণ ব্রাজিল আর ব্রাজিলের মানুষদের যথেষ্ট যোগ্যতা ও সততা আছে একটা নিখুঁত ও অবিস্মরণীয় বিশ্বকাপ আয়োজনের জন্য।’ রয়টার্স।