ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে অসন্তুষ্ট ফিফা
ব্রাজিলে ২০১৪ সালে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। ফুটবলের এ মহাযজ্ঞ উপলক্ষে দেশটির প্রস্তুতি যথাযথ হচ্ছে না বলে অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা—ফিফা। তবে ফিফার অভিযোগ নাকচ করে দিয়ে সংস্থাটিকে ‘হস্তক্ষেপ’ না করার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের রাজনীতিবিদেরা।ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে অসন্তুষ্টি প্রকাশ করে ফিফার জেনারেল সেক্রেটারি জেরোম ভাল্কে রয়টার্সকে বলেছেন, ‘সময় গড়িয়ে চলেছে। বুঝতে পারছি না, কেন প্রস্তুতি ঠিকঠাক মতো চলছে না। স্টেডিয়ামগুলোর কাজ এখনো প্রত্যাশামতো এগোয়নি। সবচেয়ে আশঙ্কার ব্যাপার, অনেক মানুষকে গ্রহণ করার মতো কোনো প্রস্তুতি এখনো নেওয়া হয়নি। বলতে বাধ্য হচ্ছি, ব্রাজিলে কোনো কিছুই ঠিকঠাক চলছে না।’ ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী রেবেলোর পাল্টা অভিযোগ করে বলেন, ‘ফিফা একটি বেসরকারি প্রতিষ্ঠান। বিশ্বকাপ থেকে আমরা যা অর্জন করতে চাই, ওরা তা চায় না। ফিফা লাভ খুঁজছে। বিশ্ব ফুটবলের জন্য প্রত্যাশার চেয়েও বেশি কিছু করেছি আমরা।’বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে ফিফার সমালোচনায় ক্ষুব্ধ ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার ও বর্তমানে কংগ্রেসের প্রভাবশালী সদস্য রোমারিও। তাঁর অভিযোগ, ব্রাজিলের সার্বভৌম ক্ষমতায় হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে ফিফা।