ব্রাজিলের ভাগ্য ভালো, মানছেন স্কলারি

চিলির বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচে টাইব্রেকারে নিশ্চিত হয়েছে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল। কিন্তু ১২০ মিনিটের লড়াইয়ে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু ঘটেনি। পুরো ম্যাচে চিলির লড়িয়ে পারফরম্যান্সে ব্রাজিল সমর্থকেরা মানতে বাধ্য হচ্ছেন, ভাগ্য সঙ্গে না থাকলে কাল চিলিয়ানদের হারানো মুশকিলই হতো। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ক্রসবারে লেগে চিলির ভাগ্য বিড়ম্বিত না হলে এই ম্যাচ টাইব্রেকারে গড়াত কি না, সন্দেহ। পেনাল্টি শুট আউটে গোলরক্ষক হুলিও সিজার ত্রাণকর্তা হতেই শেষ আটের টিকিট মিলল সেলেসাওদের। কিন্তু এই জয়ে উদ্বেলিত হওয়ার মতো কি কিছু আছে? ব্রাজিল কোচ স্কলারি অন্তত তা মানেন না। বলেছেন, কপালগুণে রক্ষা পেয়েছে দল।
এই ‘কপাল’ নিয়েই আবার আফসোস চিলি কোচ সাম্পাওলির, ‘ক্রসবারই আমাদের ইতিহাস রচনা থেকে কয়েক ইঞ্চি দূরে আটকে দিয়েছে।’ কিন্তু প্রতিপক্ষ কোচ স্কলারির কণ্ঠে চিলিয়ানদের প্রশংসা ঝরেছে আন্তরিকভাবেই, ‘চিলিও দুর্দান্ত দল ছিল। সুসংগঠিত দল। খুবই ভারসাম্যপূর্ণ দল । পুরো খেলাতেই ওরা দুর্দান্ত খেলেছে।’
পুরো খেলা নিয়ে বিশ্লেষণে ‘বিগ ফিল’ বেছে নিয়েছেন আত্মসমালোচনার পথই, ‘আমাদের তিন-চারটি সুযোগ এসেছিল দ্বিতীয় গোল করার (নির্ধারিত সময়ে) কিন্তু পারিনি। আমাদের বল দখলে ছিল, লক্ষ্যে অনেক শটও নিয়েছি। এ সুযোগগুলো কাজে লাগাতে না পারলে অত্যধিক ঝুঁকিতে পড়ে যেতে হবে।’ কিন্তু গতকালের মতো ভুলগুলো যদি সামনের ম্যাচে হয়, তাহলে রক্ষা নাও পেতে পারে সেলেসাওরা। এ নিয়ে সতর্কবাণীই দিয়েছেন স্কলারি, ‘পরবর্তী ম্যাচে কতটা কম ভুল করতে পারি, সেটিই দেখার। যদি ভুল করতেই থাকি, সুযোগ ক্রমেই দূরে চলে যাবে। সামনে এতটা ভাগ্যবান নাও থাকতে পারি।’
কালকের খেলা ছিল প্রচণ্ড স্নায়ুক্ষয়ী। ব্রাজিলের প্রায় সব খেলোয়াড়ই স্নায়ুচাপে ভুগছিলেন বলে স্বীকার করেছেন স্কলারি, ‘এটি নতুন দল। এমনকি দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও চাপে ভুগেছেন। যদি এটি না স্বীকার করা হয়, তবে মিথ্যা বলা হবে। উইলিয়ান পেনাল্টি থেকে গোল করতে পারেনি। এ থেকে সে অভিজ্ঞতা অর্জন করবে। সব ভুলত্রুটি পেছনে রেখে স্কলারির চোখ এখন শিরোপায়। বললেন, ‘স্বর্গে পৌঁছাতে আর মাত্র তিনটি ম্যাচ।’ এএফপি, রয়টার্স