ব্রাজিলের মনস্তাত্ত্বিক লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫০ সালে দেশের মাটিতে প্রথম বিশ্বকাপ, প্রথম শিরোপা লড়াই। কিন্তু ব্রাজিলের মানুষ হতবাক হয়ে উরুগুয়েকে দেখল শিরোপা জিতে নিয়ে যেতে। ব্রাজিলের কান্না দেখেছিল সেদিন প্রায় ২ লাখ দর্শকের মারাকানা স্টেডিয়াম। এর ৮ বছর পর ব্রাজিল জেতে প্রথম শিরোপা, পরেরটি চার বছর পরের বিশ্বকাপেই। একটা বিশ্বকাপ পরেই তৃতীয় শিরোপা জিতে জুলে রিমে ট্রফিটাই চিরতরে নিজেদের করে নেয় ব্রাজিল। এরপর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের শোকেসে উঠেছে আরও দুটি বিশ্বকাপ ট্রফি। পাঁচটি বিশ্বকাপ জেতার কীর্তি নেই আর কারও। তার পরও ১৯৫০ বিশ্বকাপের শোক যে এখনো ফুরোয়নি!আবারও বিশ্বকাপের আয়োজক ব্রাজিল, দ্বিতীয়বারের মতো। ২০১৪ বিশ্বকাপে কি ৬৪ বছর আগের প্রথম আয়োজনের অপ্রাপ্তি ঘোচাতে পারবে ব্রাজিল? গত দুটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই মিলিয়ে যাওয়া শিরোপা-ষষ্ঠকের স্বপ্ন কি হবে পূরণ? ২০১৪ বিশ্বকাপ ব্রাজিলের জন্য নিয়ে আসছে দুর্বহ এক চাপের বোঝা। ব্রাজিলকে এই বিশ্বকাপের জন্য মনস্তাত্ত্বিক দিক দিয়েই বেশি করে তৈরি হতে হবে। কার্লোস আলবার্তো পাহেইরা অন্তত তাই মনে করেন।পাহেইরার মতামতের একটা আলাদা গুরুত্ব আছেই। ২৪ বছর পর এই পাহেইরাই কোচ হিসেবে ব্রাজিলকে জিতিয়েছিলেন চতুর্থ শিরোপা। ১৯৭০-এর তৃতীয় শিরোপাজয়ী ব্রাজিলের কোচিং দলেরও সদস্য ছিলেন তিনি। আবার তাঁর হাতেই ষষ্ঠ শিরোপার মৃত্যু দেখে ব্রাজিল ২০০৬ বিশ্বকাপে। তবে এমন হতে পারে, এবার দেশের মাটিতে তাঁর হাতের ছোঁয়া নিয়েই ষষ্ঠ শিরোপা জিতল ব্রাজিল। কেননা, নতুন কোচ মানো মেনেজেসের টেকনিক্যাল স্টাফে একটা দায়িত্ব পাওয়ার অপেক্ষায়ই রয়েছেন ৬৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।গত বিশ্বকাপের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব সামলানো এই কোচ মনে করছেন, আয়োজক হিসেবে দ্বিতীয় ব্যর্থতা ব্রাজিলের কাছে হবে দুঃসহ, ‘দেশের মাটিতে আমরা একটা বিশ্বকাপে হেরেছি, দ্বিতীয়বার আমরা দেশের মাটিতে হারতে যেমন পারি না, তেমনি সেটি ঘটতেও দিতে পারি না। আমরা ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের জোড়া ব্যর্থতার ধাক্কা নিয়ে নামব এই বিশ্বকাপে এবং এটি জাতীয় দলের জন্য হবে বিরাট বোঝা। দায়িত্বের বোঝাটাও হবে বিশাল।’কিন্তু এই চ্যালেঞ্জের জন্য কেমন প্রস্তুতি দরকার ব্রাজিলের? পাহেইরা বলছেন খেলোয়াড়দের ওপর চেপে বসা দুর্বহ চাপ কমাতে টেকনিক্যাল প্রস্তুতির ওপরই জোর দিতে হবে, ‘মনস্তাত্ত্বিক দিক দিয়ে দারুণভাবেই প্রস্তুত হবে আমাদের।’ ২০১০ বিশ্বকাপে ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে দাঁড়ানো কার্লোস দুঙ্গার স্থলাভিষিক্ত নতুন কোচ মেনেজেস এরই মধ্যে পাহেইরার সুরেই কথা বলেছেন। আর এদিকে ব্রাজিলের দায়িত্বে মেনেজেসের অভিষেক দেখে উৎসাহ পাচ্ছেন পাহেইরাও।গত মাসে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়ে এসেছে ব্রাজিল। পাতো, নেইমার, হেনরিকে গানসোদের মতো নতুন খেলোয়াড়দের নিয়ে মেনেজেস ওই ম্যাচে উপহার দিয়েছেন আক্রমণাত্মক ফুটবল। পাহেইরার কাছে এটা খুব উৎসাহ-জাগানিয়া। তিনি নতুন খেলোয়াড়দের অভিষেককে জানিয়েছেন স্বাগত, ‘নতুন খেলোয়াড়দের পছন্দ হয়েছে আমার। মানের দিক দিয়ে ঘাটতি আমাদের নেই। নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য ব্রাজিলই সেরা দেশ।’ যদিও অভিজ্ঞ কোচ জানেন একেবারেই খোলনলচে বদলে ফেলে ২০১৪ ফুটবলের প্রস্তুতি নেওয়াটা খুবই কঠিন, কেননা ওই দলটা ১২ বছরের শিরোপাশূন্যতাকে পিঠে নিয়েই নামবে শিরোপা লড়াইয়ে। এই চাপ সয়ে নেওয়ার জন্য দলে কাকা, রবিনহো, দানি আলভেজ, রামিরেজ ও থিয়াগো সিলভার মতো অভিজ্ঞদেরও থাকা জরুরি বলে মানছেন পাহেইরা।প্রথম আয়োজনের ব্যর্থতা, পরপর দুটি বিশ্বকাপের শিরোপাহীনতা, নতুন দল নিয়ে লড়াই—২০১০ বিশ্বকাপে ব্রাজিলের চ্যালেঞ্জ শেষ হয়ে যাচ্ছে না এখানেই। পাহেইরা মনে করেন, আয়োজক দেশ হিসেবে বাছাইপর্বে না খেলাও একটা বড় বাধা হবে। দীর্ঘ বাছাইপর্বে একটা দলকে যে গড়ে তোলা যায় নিবিড়ভাবে। সুতরাং এই ঘাটতি পূরণে আগামী বছর আর্জেন্টিনায় অনুষ্ঠেয় কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপকে বড় সুযোগ হিসেবে নিতে হবে। ২০১৩ সালে বিশ্বকাপের পোশাকি মহড়া ফিফা কনফেডারেশনস কাপে খেলার সুযোগটারও সদ্ব্যবহার করতে হবে।দক্ষিণ আফ্রিকা থেকে বিদায় নিয়ে এখন দেশেই বিশ্রাম নিচ্ছেন পাহেইরা। কিন্তু বিশ্রামের মধ্যেও ব্রাজিলের ভবিষ্যতের ছবি ভেসে উঠছে তাঁর মনের পর্দায়। রয়টার্স।