ব্রাজিলের লাভ, ব্রাজিলের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে একের পর এক বিশ্বকাপ থেকে ছিটকে পড়ছেন তারকারা। জার্মানির অধিনায়ক মাইকেল বালাক আগেই ছিটকে পড়েছেন। বিদায় নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক রিও ফার্ডিনান্ড। আইভরিকোস্টের অধিনায়ক দিদিয়ের দ্রগবা ও নেদারল্যান্ডের আরিয়েন রোবেনের বিশ্বকাপে অংশ নেওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্বকাপ ক্রমেই তারকাহীন হয়ে যাওয়ায় আশঙ্কায় পড়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে কাকা-রবিনহো-লুসিওদের বিশ্বকাপ যেকোনো সময় শেষ করে দিতে পারে মাথাচাড়া দিয়ে ওঠা এই চোট!এ তো গেল ব্রাজিলের আশঙ্কার কথা। কিন্তু তারকা ফুটবলাররা একে একে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় ব্রাজিলের কি কোনো উপকার হয়নি? প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বললে ব্রাজিলের অনেক সমর্থকই রেগে যেতে পারেন। রেগে যাওয়াদের অনেকেই পাল্টা প্রশ্ন করবেন, নিজেদের সামর্থ্য দিয়েই সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয় করেছে ব্রাজিল। অন্যের চোট থেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা উপকৃত হওয়ার প্রত্যাশা করবে কেন? মেনে নিচ্ছি, কারও চোট থেকে সুবিধা নেওয়ার স্বপ্ন দেখে না ব্রাজিল। কিন্তু চোটের কারণে কয়েকজন তারকা বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় ব্রাজিলের লাভ হয়েছে—এ নিয়ে দ্বিমত করার সুযোগ নেই। কারণ, ব্রাজিল দল থেকেই লাভের বিষয়টি ওঠে এসেছে।বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে পড়েছে পর্তুগাল, আইভরিকোস্ট ও উত্তর কোরিয়া। অনেকের দাবি, এটাই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী গ্রুপ। ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে আছে পর্তুগাল। অন্যদিকে শক্তির বিচারে দুর্বল হলেও অধিনায়ক দিদিয়ের দ্রগবার দিনে যেকোনো কিছু করে ফেলতে পারে আইভরিকোস্ট। জোহানেসবার্গে দলের হোটেলে রয়টার্সকে তাই ব্রাজিলের মাইকন বলছেন, ‘ফার্ডিনান্ড ও দ্রগবা ছাড়া ইংল্যান্ড বা আইভরিকোস্টের বিপক্ষে খেলা আমাদের জন্য সুবিধাই হবে।’ তবে সতর্ক স্ট্রাইকার গ্রাফিতে বলছেন, ‘চোট নিয়ে এখন আর না ভেবে উপায় নেই। আমাদেরকে অনুশীলনে আরও সতর্ক হতে হবে।’