ব্রাজিলের শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলকে আর পাঁচটা দলের মতো হলে চলে না। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, এই নিয়ে অভিযাত্রী তারা উনিশটি বিশ্বকাপের সব কটিরই। অভিযাত্রী মানে শিরোপা অভিযাত্রী। সারা বিশ্বের প্রায় সব কটি প্রান্তই তাদের হাতে শিরোপা ওঠা দেখতে আনন্দ পায়। দক্ষিণ আফ্রিকাতেও ব্রাজিলের তেমনই উপস্থিতি। সুতরাং এই দলটিকে মাঠে নামার আগে অযুত অযুত চোখের নৈমিত্তিক আগ্রহের ছোঁয়া বাঁচিয়ে চলতে হয়। তারা তাই ডেরা বাঁধল জোহানেসবার্গের এমন এক জায়গায়, যেখানে সহজে ঢোকা যায় না, সহজে তাদের নাগাল পাওয়া যায় না।জোহানেসবার্গের একটা প্রান্তে, উঁচু-নিচু পথ পেরিয়ে প্রায় গুহা হয়ে ওঠার উপযোগী জায়গায় তাদের হোটেলটি। র‌্যান্ডপার্ক ব্রিজের মে ফেয়ার হোটেল। এখানেই যুদ্ধের ক্যামোফ্লেজ নিয়েছে তারা। এত দিন ধরে লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতি চলেছে। কিন্তু আজ সব গোপন রহস্য সরিয়ে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে যুদ্ধের ময়দানে। প্রতিপক্ষ অবশ্য একেবারেই সহজ—উত্তর কোরিয়া, যারা ৪৪ বছর পর এসেছে বিশ্বকাপে। বিশ্বকাপ যাদের কাছে এখন অচেনা কোনো কল্পলোক, যেখানে চলার রাস্তাটা আবার খুঁজে নিতে হবে নতুন করে।তো জোহানেসবার্গের এলিস পার্কে আজ উত্তর কোরিয়ার বিপক্ষে বিশাল একটা জয় দিয়েই শুরু করার কথা ব্রাজিলের। পেছনে থাকবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সমর্থন, অজস্র ভুভুজেলা উচ্চগ্রামে বেজে মাঙ্গলিক একটা আবহ তৈরি করবে তাদের জন্য। আর টুর্নামেন্টটা যেহেতু চার দিনের পুরোনো হয়ে গেছে, অন্য দলগুলো পথ দেখিয়ে দিয়েছে, কোনো অনিশ্চয়তা লুকিয়ে নেই নতুন মহাদেশে। সুতরাং শব্দময় মঞ্চে কাকা, রবিনহো, ফ্যাবিয়ানোরা প্রথম দিনেই এঁকে দেবেন ষষ্ঠ শিরোপার গতিপথ। এটা আসলে একটু কল্পনার চোখে দেখা। বিশ্ব ফুটবলের সন্দেহাতীত চ্যাম্পিয়নের শুরুটা এমনই হওয়া উচিত।তবে ব্রাজিলের মনের মধ্যে একটা অস্বস্তির গুমোট বাতাস কিন্তু আছে। সেটা ওই উত্তর কোরিয়া বলেই। এরা অজানা শক্তি। ফুটবলের আলোকিত পৃথিবী থেকে দূরে ছিল অনেক দিন। তবে অতীতটা রূপকথার মতো। এর আগে যে একবার বিশ্বকাপে খেলেছে তারা, তাতেই ‘ভিনি ভিডি ভিসি’ করে ফেলেছে। ইতালিকে হারিয়ে পৌঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে, শেষ আটে গিয়েও পর্তুগালের মতো দলকে ২৭ মিনিটে দিয়ে ফেলেছিল তিন গোল। তারপর তো ইউসেবিওর সেই অমর কাব্যগাথা। একাই চার গোল করে জিতিয়েছিলেন পর্তুগালকে (৫-৩)। সে কোন আদ্যিকালের কথা, তবে উত্তর কোরিয়া বলেই ফিরে ফিরে আসে ১৯৬৬, মিডলসবরোর উপাখ্যান। সেবারও কিন্তু বিশ্বকাপে নতুন দল ছিল উত্তর কোরিয়া, ছিল অচেনা শক্তি। ব্রাজিল শিবিরে খোঁজখবর নিয়ে যা জানা গেল, তাতে আসলেই সতর্ক তারা। উসাইন বোল্টও যেমন তাঁর স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে একটু পাশের প্রতিযোগীর দিকে তাকিয়ে নেন। ব্রাজিলের সতর্ক থাকার পক্ষে আরেকটা জায়গা হতে পারে, টুর্নামেন্টের শুরুটা তাদের অনেক দিন ধরেই চ্যাম্পিয়নসুলভ হচ্ছে না। গতবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু। তার আগেরবার ২০০২ বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে জয়টা ছিল ঘামঝরানো। তবে জয়টা খাঁটি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে এখনো। রেফারি বাতিল করে দিয়েছিলেন তুরস্কের একটি গোল। ‘লঘু’ দণ্ডে পেনাল্টি হয় তুরস্কের বিপক্ষে। ম্যাচ শেষে তুরস্কের কোচ বলেছিলেন, ‘রেফারি ফিফার পাঠানো এক ব্রাজিলিয়ান।’ ১৯৯৮ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও পরীক্ষা নিয়েছিল স্কটল্যান্ড (২-১)। আর এবার তো ইনজুরি একটা দুষ্ট গ্রহের মতো লেগে রয়েছে পিছু পিছু। প্লে-মেকার কাকা সর্বস্ব নিংড়ে খেলতে পারবেন কি না, সে নিয়ে চিন্তার ঘুণপোকা এখনো কুরে কুরে খাচ্ছে। এক জোড়া বিশ্বস্ত হাতের শেষ প্রহরী হুলিও সিজার প্রস্তুতি ম্যাচ থেকে কুড়িয়ে এনেছেন ইনজুরি। আর দলের মধ্যে একটু রেষারেষির গন্ধও পাওয়া যাচ্ছে। অনুশীলনে কাকা-মেলো কাণ্ডের পর পরশু দানি আলভেজের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে ব্যাপ্টিস্টার। ব্রাজিলের উড্ডয়নটা মসৃণ হবে তো!তবে রবিনহো, জিলবার্তো সিলভা, কাকার কথা শুনলে মনে হবে তাঁদের মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। সব সময়ই উচ্চকণ্ঠ রবিনহো যেমন বলে দিয়েছেন, ‘আমরা প্রস্তুত। এখন মাঠে নেমে আসল কাজটা দেখাতে যা বাকি।’ সেদিন জিলবার্তোও সমর্থকদের আশ্বস্ত করেছেন, ‘ভয় পাবেন না। ষষ্ঠ শিরোপার জন্য যেমনটা দরকার, তার সব প্রস্তুতিই আমরা সেরে নিয়েছি দুঙ্গার অধীনে।’ কাকা খুব একটা কথা না বললেও যেটুকু উচ্চারণ করেছেন, সেটাই সমর্থকদের আশার পালে হাওয়া দেওয়ার জন্য যথেষ্ট, ‘একটা করে ম্যাচ যাবে, আর আশা করি আমি ফিরে পাব নিজেকে।’হ্যাঁ, নিজেকে ফিরে পাওয়া খুব জরুরি কাকার জন্য। ব্রাজিলের আক্রমণ রচনা করার সব ভার যে তাঁরই ওপর। এই বিশ্বকাপটা মেসির হবে, নাকি কাকা, রোনালদো কিংবা রুনির—সেই লড়াইয়ে প্রথম দৌড়েই এগিয়ে গেছেন মেসি। এখন কাকারও তো আলো ছড়াতে হয়।সুন্দর ফুটবল! ব্রাজিলের এই দলটির কাছে সুন্দর ফুটবল আর কেউ আশা করছে না। কারণ এই দলটির সবচেয়ে শক্তিশালী দিক রক্ষণভাগ। এই দলটি সুন্দর ফুটবল বিসর্জন দিয়ে বেছে নিয়েছে ইউরোপিয়ান ঘরানার প্রতি আক্রমণ-নির্ভর ফুটবল। কয়েকজন ব্রাজিল সমর্থক সাম্বা নাচের উপকরণ হাতে নিয়ে সেদিন বললেন, ‘আমরা সুন্দর ফুটবলের আশায় যাচ্ছি না। যাচ্ছি জয়ের আশায়। যাচ্ছি মাইকনের খেলা দেখার জন্য।’ মাইকন রাইটব্যাক, রক্ষণাত্মক ফুটবলের আঁতুড়ঘর ইতালির ইন্টার মিলানকে ট্রেবল জিতিয়েছেন তাঁর রক্ষণাত্মক সামর্থ্যের সঙ্গে পাল্টা আক্রমণের দক্ষতা মিশিয়ে। কাকা নয়, ব্রাজিলের অনেক ভক্তের কাছে আজ মাইকনই সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ!