ব্রাজিলের সঙ্গে বায়ার্নের দ্বন্দ্ব !

এবারের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমে জার্মান লিগ ও পরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। এবার তাদের সামনে আছে ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জয়ের হাতছানি। আগামী শনিবার স্টুটগার্টের বিপক্ষে জার্মান কাপের ফাইনালটি জিততে পারলেই এই ইতিহাস গড়তে পারবে বাভারিয়ানরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারছে না বায়ার্ন মিউনিখ। দুই ব্রাজিলিয়ান ফুটবলার দান্তে ও লুইজ গুস্তাভোকে ছাড়াই দল গঠন করতে হচ্ছে জার্মানির শীর্ষ এই ক্লাবটিকে। আর এজন্য ব্রাজিলের সঙ্গে খানিকটা মনোমালিন্যও হয়েছে বায়ার্ন মিউনিখের।
আগামী মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ফিফা কনফেডারেশনস কাপ। নিজেদের মাঠে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার জন্য সর্বোচ্চ প্রস্তুতিটাই নিতে চায় স্বাগতিক ব্রাজিল। সে জন্যই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় দান্তে ও গুস্তাভোকে প্রতিযোগিতা শুরুর ১৪ দিন আগে অনুশীলনে হাজির থাকতে বলেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। এই নির্দেশেই কিছুটা অসন্তুষ্ট হয়েছে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ। ব্রাজিলে ফেরার জন্য এই দুই খেলোয়াড়কে মানসিকভাবে চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছি। আমরা ফিফা ও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে একটা সমাধানে আসার চেষ্টা করছিলাম। কিন্তু পরিস্থিতিটা আমাদের জন্য সুখকর ছিল না। আমাদের মনে হয়েছে যে, দেশে ফেরার জন্য তাদের মানসিক চাপ দেওয়া হয়েছে। হয়তো এ রকম বলা হয়েছে যে, সময়মতো দেশে না ফিরলে তোমাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটবে। এটা আমাদের কাছে খুবই অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে।’ তবে এখন দান্তে ও গুস্তাভোকে জোর করে ধরে রাখার চেষ্টা করা হবে না বলেও জানিয়েছেন রুমিনিগে। তিনি বলেছেন, ‘তাদেরকে যেতে না দেওয়াটা খুবই অমানবিক একটা ব্যাপার হবে। বায়ার্ন মিউনিখ সে ধরনের ক্লাব না। আর ব্রাজিলে কনফেডারেশনস কাপের গুরুত্ব কতখানি সেটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না।’ রয়টার্স