ব্রাজিলের সামনে আজ মেক্সিকো-বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শেষবার অপেক্ষার এই অসহনীয় প্রহরটা গুনতে হয়েছিল জিকো-রিভেলিনোদের। ১৯৭৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছিল গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচ পর্যন্ত। তারপরের ৩৬ বছরে কখনো সমর্থকদের আর এমন অপেক্ষায় রাখেনি ব্রাজিল। বেবেতো-রোমারিও, রোনালদো-রোনালদিনহো কিংবা রবিনহো-ফ্যাবিয়ানোরা প্রতিবারই গ্রুপের প্রথম দুই ম্যাচে জিতে প্রায় নিশ্চিত করে দেন পরের রাউন্ডে খেলা। এবং প্রতিবারই ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।
নেইমার-অস্কাররা কি পারবেন এই ঐতিহ্যটা ধরে রাখতে? নাকি তিন যুগ আগের মতো অপেক্ষার প্রহর দীর্ঘ হবে সেলেসাওদের?
সাধারণ ফুটবলজ্ঞান বলছে, মেক্সিকোর বিপক্ষে আজ জিতেই শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেলবেন নেইমাররা। কিন্তু তাতে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে দিচ্ছে লুইস ফেলিপে স্কলারির দলের প্রথম ম্যাচের পারফরম্যান্স। সন্দেহ থেকে যাচ্ছে প্রতিপক্ষ দলটা মেক্সিকো বলেও।
না, ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স হতাশাজনক ছিল না। তবে ৩-১ গোলের জয়ে সেই পারফরম্যান্সে যতটা মন ভরার কথা ছিল, ভরেনি। শুরুতেই আত্মঘাতী গোলে দুশ্চিন্তা, তারপর বিতর্কিত এক পেনাল্টি থেকে নেইমারের গোল! আর যা-ই হোক, সেলেসাও-সমর্থকেরা যে প্রিয় দলকে এভাবে জিততে দেখতে চান না!
অন্যদিকে ক্যামেরুনের বিপক্ষে প্রথম ম্যাচে বরং রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে মেক্সিকো। জিওভান্নি দস সান্তোসের দুটি গোল বাতিল হয়েছে অফসাইড বলে, প্রথমটি যে ঘোরতর ভুল সিদ্ধান্ত, সে বিষয়ে সন্দেহ নেই বেশির ভাগ ফুটবলবোদ্ধার। শেষ পর্যন্ত পেরালতার একমাত্র গোলে জয়, কিন্তু ব্যবধানটা আরও বড় না হওয়ার দায় মেক্সিকোর নয়, রেফারির। প্লে-অফ খেলে বাছাইপর্ব পার হওয়া মেক্সিকো এমনকি তাদের প্রস্তুতি ম্যাচ দুটিতেও হেরেছে বসনিয়া আর পর্তুগালের কাছে। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেক্সিকো বুঝিয়ে দিয়েছে, সব ভুলে নতুন করে শুরু করতে তারা প্রস্তুত।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজ আরেকটা জয় দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করে দেবে। শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে তাই আজই কাজটা সেরে রাখতে চান অস্কার, ‘কোন দল দ্বিতীয় রাউন্ডে যাবে, এই ম্যাচেই হয়তো সেটা নিশ্চিত হয়ে যাবে। এই ম্যাচটা তাই আমাদের কাছে কঠিন পরীক্ষা।’
সেই কঠিন পরীক্ষায় আজ স্কলারি হয়তো পাবেন না আক্রমণভাগে তাঁর অন্যতম আস্থা হাল্ককে। ঊরুর চোটের কারণে ঠিকঠাক অনুশীলন করতে পারেননি ব্রাজিল স্ট্রাইকার। শেষ পর্যন্ত যদি তিনি খেলেন, একাদশে ঢুকে যেতে পারেন প্রথম ম্যাচে হাল্কের বদলি হিসেবে নামা বার্নার্ড।
এর আগে দুই দলের ৩৮ দেখায় ২২টি জয় ব্রাজিলের, মেক্সিকো জিতেছে ১০ ম্যাচে, ড্র হয়েছে বাকি ৬টি ম্যাচ। এমনকি বিশ্বকাপে তিনবারের সাক্ষাতে প্রতিবারই জিতেছে ব্রাজিল। তবে ব্রাজিলের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড অন্য যেকোনো দলের চেয়ে ভালো মেক্সিকোর। দুই দলের সর্বশেষ ১৫ দেখায় সাতবার জয় পেয়েছে মেক্সিকো। এমনকি ২০১২ লন্ডন অলিম্পিকে নেইমার-অস্কার-হাল্কদের নিয়ে গড়া ব্রাজিলকেই ফাইনালে হারিয়ে সোনা জিতেছিলেন দস সান্তোস-পেরালতারা। সেই ক্ষতটা এখনো শুকায়নি বলেই আজ পুরোনো প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক ব্রাজিল মিডফিল্ডার অস্কার, ‘আমরা সেই ম্যাচের কথা ভুলিনি। মেক্সিকো কত ভালো দল, সেটা ভালোভাবেই জানি। ওরা অনেকবার আমাদের ভুগিয়েছে, আমি নিশ্চিত, এবারও সেটা করতে চাইবে।’
সেই হারের শোধ অবশ্য নেইমাররা নিয়েছিলেন পরের বছর কনফেডারেশনস কাপে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে। কাকতালীয়ভাবে সেই ম্যাচটাও ছিল আজকের ভেন্যু ফোর্তালেজায়। সেটাও ছিল গ্রুপপর্বে দুই দলেরই দ্বিতীয় ম্যাচ।
এত পুনরাবৃত্তির দিনে নিশ্চয়ই ম্যাচের ফলেরও পুনরাবৃত্তি চাইবে ব্রাজিল!