ব্রাজিলের সামনে চেনা চিলি
এ যেন সেই দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের খেলা। ব্রাজিলের সামনে চিলি। তাহলে তো ব্রাজিল জিতবে হয় ৩-০ গোলে, নতুবা ৪-২ গোলে। বিশ্বকাপে এসে চিলিরও যেমন বিশেষ কোনো পরিবর্তন হয়নি, দুঙ্গার ব্রাজিলও টেলে সান্টানার ব্রাজিল হয়ে যায়নি।এলিস পার্কে আজ ব্রাজিল জিতবে ২-১ গোলে। এটা কোনো জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নয়। দ্বিতীয় রাউন্ডের খেলা যে ধারায় শুরু হলো, সেই অনুযায়ী অনুমান। প্রথম ম্যাচে উরুগুয়ে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়াকে, দ্বিতীয় ম্যাচে ঘানাও একই ব্যবধানে স্বপ্ন চুরমার করে দিল যুক্তরাষ্ট্রের। তাহলে এ ম্যাচের স্কোরলাইনটাও কি একই হবে? হ্যাঁ, আলোচনা হতে পারে মীমাংসা অতিরিক্ত সময়ে হবে কি না।মোটেই না। ব্রাজিলের সামনে চিলি এমন কোনো শক্তি নয় যে খেলাটা অতিরিক্ত সময়ে গড়াবে। এক যুগ পর বিশ্বকাপে আসা দলটির কাছে রাস্তাঘাটই তো অনেকটা অচেনা। জামোরানো-সালাসের বিখ্যাত সেই ‘জা-সা’ জুটির মতো ভয়ংকর খেলোয়াড়ও তাদের নেই যে অঘটন ঘটিয়ে দেবে। অতএব, ১৯৯৮ বিশ্বকাপের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার মধুর স্মৃতি নিয়েই ফিরে যাবে চিলি। চিলি হারবে আরেকটা কারণে—ধারার বাইরে গিয়ে ওরা চেষ্টা করবে উন্মুক্ত খেলার। এবং ওটাই হবে ওদের মৃত্যুফাঁদ। লুসিও-হুয়ান-মাইকন-বাস্তোস, এই চার ব্যাকের সঙ্গে জিলবার্তো সিলভা ও ফেলিপ মেলোকে নিয়ে রক্ষণটাকে ঠিক দুর্গ বানিয়ে বসে থাকে দুঙ্গার এই ব্রাজিল। প্রলোভনে পড়া প্রতিপক্ষ উন্মুক্ত হয়ে খেলতে গিয়েই জর্জরিত হয় প্রত্যাঘাতে। দুঙ্গার সূত্রটা যেন এই বিশ্বকাপেরই সাফল্য-সূত্র। কোন দলটি উন্মুক্ত মনে সুন্দর ফুটবল খেলে জিতেছে বলুন তো এই বিশ্বকাপে? উত্তর কোরিয়া ওই দুর্গ বানিয়েই ব্রাজিলকে ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু পর্তুগালের বিপক্ষে রক্ষণ ছেড়ে একটু খেলতে গিয়েই তাদের পরতে হলো সাত গোলের মালা, যেটি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা। না, ব্যাপারটা এত সহজ নয়। চিলিও ব্রাজিলের ফাঁদটা চেনে। ফুল বিছানো রাস্তা তারা দেবে না। অসাধারণ তাদের রক্ষণভাগ। ভালদো পঞ্চে এবং গ্যারি মেডেল এই বিশ্বকাপেরই অন্যতম সেরা দুই ডিফেন্ডারের খ্যাতি জুটিয়ে ফেলেছেন। সঙ্গে আছেন গঞ্জালো জারা, মরিসিও ইসলা। এই রক্ষণ ভাঙা কতটা কঠিন সেদিন হাড়ে হাড়ে বুঝেছে স্পেন। রকেটের গতিতে পাল্টা আক্রমণে ওঠার অস্ত্রও তাদের হাতে মজুদ—জিয়ান বোশেজো, মার্ক গঞ্জালেস। একমাত্র সমস্যা মার্কো এস্ত্রাদার লাল কার্ড। তবে এই ঘাটতিও পুষিয়ে দিতে পারে শক্তিশালী রিজার্ভ বেঞ্চ। সুতরাং চিলি লড়বে, আর লড়াইটা যেহেতু বাঁচা-মরার, ঢেলে দেবে তারা শরীরের শেষ রক্তবিন্দু। আপাত সহজ মনে হলেও ব্রাজিল-চিলি ম্যাচটা কার্যত কঠিন হবে বলেই অনেকের ধারণা। স্পেনের এল পাইস পত্রিকার সাংবাদিক মার্টিন গোমেজ লুইস প্রায় নিশ্চিত, স্পেনের চেয়ে চিলিই ব্রাজিলকে বেশি কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে।সেদিন প্রিটোরিয়ার লফটাস স্টেডিয়ামে স্পেনের কাছে হারের পর চিলির খেলোয়াড়েরা যেন বোবা হয়ে গিয়েছিলেন। মিক্সড জোন দিয়ে সার বেঁধে যাচ্ছেন, কারও মুখে কথা নেই। শত অনুরোধেও সাড়া মেলেনি কারও। ওটা কি ছিল পরাজয়ে মুহ্যমান বেদনার ভাষা, না ব্রাজিলের বিপক্ষে আসন্ন লড়াইয়ের প্রতিজ্ঞায় শাণিত প্রকাশ? লাল পতাকা নিয়ে চিলির সমর্থকেরা যে স্লোগান নিয়ে মাঠ ছাড়ল, তাতে দ্বিতীয়টিকেই সত্যি ভাবতে বলে। স্প্যানিশ ভাষায় স্লোগান শোনা গেল, ‘এবার ব্রাজিল’!জোহানেসবার্গের শহরতলি র্যান্ডবার্গের ফেয়ার ওয়ে হোটেলের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দুঙ্গাকে আগের মতোই অবিচলিত দেখাল। স্বদেশি সাংবাদিকদের উত্ত্যক্ত করা (যদি সেভাবে দেখেন) প্রশ্নে বললেন, ‘আমাদের কৌশলটা হবে জেতার। জয়টাই আসল।’ব্রাজিল আজ ফিরে পাচ্ছে লাল কার্ডের শাস্তি কাটিয়ে ফেরা কাকাকে, পর্তুগাল ম্যাচে না খেলা কাকাকে। ব্রাজিল অনেক বেশি বিজয়ীর সাজে সজ্জিত। গোলরক্ষক হুলিও সিজার সতর্কসংকেত দিয়ে রেখেছেন প্রতিপক্ষকে, ‘ব্রাজিল এখনই আসল রূপটা দেখাবে।’শীতের প্রকোপে গ্যালারিতে সাম্বা পেখম মেলতে পারেনি এখনো। আর পেন্টাজয়ীদের খেলাটাও এ পর্যন্ত এমন কিছু হয়নি যে শীতকে তুচ্ছ জ্ঞান করে সাম্বার দল নাচবে। আশা, আজ থেকেই তা শুরু হবে এলিস পার্ক থেকে। এরপর পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বেতে, তারপর...সকার সিটিতে। যতই বলা হোক, চিলি কি ব্রাজিলের সামনে কোনো চ্যালেঞ্জ! সাম্বা পেখম মেলবেই।