ব্রাজিলের সামনে জাপান
কনফেডারেশনস কাপে আজ উদ্বোধনী দিনেই মাঠে নামছে স্বাগতিক ব্রাজিল। ব্রাসিলিয়ার বিশ্বকাপ স্টেডিয়ামে প্রতিপক্ষ এশিয়ার চ্যাম্পিয়ন জাপান। তিনবারের শিরোপাজয়ী ব্রাজিল। চ্যাম্পিয়ন সর্বশেষ দুই আসরেই। গতবার, ২০০৯ দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে পিছিয়ে পড়েও সেলেসাওরা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ৪-২ গোলে হারিয়ে জিতেছে শিরোপা।এবার তাই ব্রাজিলের শিরোপা ধরে রাখার মিশন। ব্রাজিল দলটি ভালো খেলছে না, লুইস ফেলিপে স্কলারির অধীনে সাত ম্যাচে জিতেছে মাত্র দুবার। তার পরও স্বাগতিক হিসেবে ব্রাজিল মাঠে নামছে ফেবারিটের তমকা নিয়েই। জাপানের মুখোমুখি হওয়ার আগে নেইমারদের অনুপ্রেরণা জোগাচ্ছে দুই দলের সর্বশেষ ম্যাচটি। পোল্যান্ডে গত অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে হারিয়েছিল জাপানকে। নেইমার করেছিলেন জোড়া গোল। আরেক গোলদাতা পলিনহোও আছেন দলে। সব মিলিয়ে জাপানকে সহজ প্রতিপক্ষই মনে করছেন অনেকে।তবে সেই দলে নেই পেলে-নেইমার। পেলে আগেই বলেছেন, ব্রাজিলের এ দলটি জাপানকেও হালকাভাবে নেওয়ার বিলাসিতা দেখাতে পারে না। পেলের মতো সম্প্রতি বার্সেলোনায় যোগ দেওয়া নেইমারও বলছেন, ‘জাপান চতুর প্রতিপক্ষ। তাদের খাটো করে দেখার কিছু নেই। কেইসুকে হোন্ডা, কাগাওয়ারা অসাধারণ খেলোয়াড়। দল হিসেবেও তারা শক্তিশালী।’ ওই ম্যাচই শুধু নয়, দুই দলের নয়বারের সাক্ষাতে সাতবারই জিতেছে ব্রাজিল। বাকি দুটি ম্যাচ ড্র। জাপানিদের জন্য অনুপ্রেরণার যে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে দুটি ড্রই তারা করেছে এই কনফেডারেশনস কাপে। গত ম্যাচটির কথা মাথায় রেখেও তাই আত্মবিশ্বাসী জাপানি মিডফিল্ডার ইয়াসুহিতো এন্ডো, ‘ব্রাজিল খুবই শক্তিশালী দল। আমাদের নিশ্চিত করতে হবে, পোল্যান্ডের মতো তাদের মুখের গ্রাসে পরিণত হওয়া যাবে না।’ এএফপি।