ব্রাজিলের সামনে দুরন্ত কলম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের শঙ্কা উড়িয়ে দিয়ে আজ থাকছেন নেইমার। উড়িয়ে দিতে চাইবেন কলম্বিয়াকেও। পরশু তেরেসোপোলিসে অনুশীলনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড l ছবি: এএফপি
চোটের শঙ্কা উড়িয়ে দিয়ে আজ থাকছেন নেইমার। উড়িয়ে দিতে চাইবেন কলম্বিয়াকেও। পরশু তেরেসোপোলিসে অনুশীলনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড l ছবি: এএফপি

অন্য কোনো সময় হলে এই ম্যাচ নিয়ে এত কথা বলার দরকারই হতো না।
যে দলটা আগের ২৫ বারের দেখায় ব্রাজিলকে হারিয়েছে মাত্র দুবার, সর্বশেষ জয়টাও ২৩ বছর আগে, তারা ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে দেবে? খুব সাহসী এবং আশাবাদী কলম্বিয়ান সমর্থক না হলে অন্য কোনো সময় এ প্রশ্নের ‘হ্যাঁ’সূচক জবাব দেওয়াটাই কঠিন হতো।
কিন্তু এই ব্রাজিল যে সেই ব্রাজিল নয়! এক নয় সেই কলম্বিয়া আর এই কলম্বিয়াও।
এই ব্রাজিল মেক্সিকোকে হারাতে পারে না। চিলিকে হারাতে তাদের টাইব্রেকার পর্যন্ত যেতে হয়। আজ শেষ আটে কলম্বিয়া-বাধা সহজে পেরোতে পারবে—এমনটা ভাবতে তাই সাহস পাচ্ছেন না পাঁড় ব্রাজিল সমর্থকেরাও। হোক না ম্যাচটা নিজেদের মাঠে, চেনা পরিবেশে, চেনা দর্শকদের সামনে!
ইতিহাস কলম্বিয়ার পক্ষে নেই। ব্রাজিল যেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, কলম্বিয়ার সেখানে এই প্রথম বিশ্বকাপের শেষ আটে উঠে আসা। পরিসংখ্যানেও তারা ব্রাজিলের চেয়ে যোজন পিছিয়ে। কিন্তু একটা জায়গায় তাদের ব্রাজিলের চেয়ে এগিয়ে রাখতে হচ্ছে, সেটা এবারের বিশ্বকাপের পারফরম্যান্সে। ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে কলম্বিয়া। শেষ ষোলোতে হারিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে। গ্রুপপর্ব ও দ্বিতীয় রাউন্ড মিলিয়ে এ বিশ্বকাপে কলম্বিয়ার চেয়ে বেশি গোল করেছে কেবল হল্যান্ড। ৫ গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে কলম্বিয়ান প্লে-মেকার হামেস রদ্রিগেজ। কে বলবে এই দলটাই বিশ্বকাপ খেলছে তাদের সবচেয়ে বড় তারকাকে ছাড়া!
কলম্বিয়া এগিয়ে থাকছে আরও একটা কারণে। আগের চারটা ম্যাচেই ব্রাজিলের নেইমার-নির্ভরতা চোখে পড়েছে। এ পর্যন্ত ব্রাজিলের ৮ গোলের চারটাই বার্সেলোনা ফরোয়ার্ডের। ফ্রেড-হাল্ক-জোরা নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছেন না। নেইমার নিষ্প্রভ থাকলে কঠিন হয়ে যাচ্ছে ব্রাজিলের জয়টাও।
অন্যদিকে হামেস রদ্রিগেজ দুর্দান্ত ফর্মে থাকার পরও কলম্বিয়া খেলছে দল হিসেবে। গোল পাচ্ছেন জ্যাকসন মার্টিনেজ, তিওফিলো গুতিয়েরেজ, হুয়ান কিনতেরোরা। স্বাগতিকদের মতো প্রত্যাশার এত চাপ নেই বলে কলম্বিয়া খেলছে একেবারে নির্ভার হয়ে। সাবেক কলম্বিয়া ফরোয়ার্ড ফাওসতিনো আসপ্রিল্লাতো তাই আগেই হুমকি দিয়ে রাখছেন, ‘ব্রাজিল চিলির বিপক্ষে যেভাবে খেলেছে আর কলম্বিয়া উরুগুয়েকে যেভাবে হারিয়েছে তাতে আমার মনে হয় ব্রাজিলের উচিত কলম্বিয়াকে নিয়ে দুশ্চিন্তায় থাকা। এখন পর্যন্ত কলম্বিয়া যেভাবে খেলছে, যদি একই রকম খেলতে পারে তাহলে খুব সহজেই তারা ব্রাজিলকে হারাতে পারবে।’
কলম্বিয়াকে হারানোটা কঠিন হবে এটা মানছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও। তবে ব্রাজিল তার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে এটা মেনে নিতে রাজি নন তিনি, ‘মাঠে বা মাঠের বাইরে কোথাও আমার ওপরে বাড়তি চাপ নেই। সতীর্থরা আমাকে সাহায্য করছেন। কেউ বল বানিয়ে দিচ্ছেন, কেউ গোল করছেন। ব্রাজিল শুধু একজনের ওপর নির্ভরশীল নয়।’
পারফরম্যান্স অসাধারণ না হলেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পথটুকু সাফল্যের সঙ্গেই পাড়ি দিয়েছে ব্রাজিল। যদিও চিরাচরিত ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি বলে আফসোস অনেকের। তবে সাফল্যের জন্য ফলনির্ভর খেলতে মোটেও আপত্তি নেই নেইমারের, ‘আপনি তো সব সময় ৪-০ বা ৫-০ গোলে জিততে পারবেন না। ফুটবল এখন অনেক কঠিন হয়ে গেছে। আমি খেলা দেখাতে চাই না, ফল চাই। আমাদের লক্ষ্য বিশ্বকাপের শেষ পর্যন্ত যাওয়া এবং জয়ী হিসেবে শেষ করা।’
চোটের কারণে ম্যাচটা খেলতে পারেন কি না, এটা নিয়ে শুরুতে শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে নেইমার থাকছেন। ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির জন্য কিছুটা দুশ্চিন্তা হতে পারে নিষেধাজ্ঞার কারণে লুইস গুস্তাভোর না থাকাটা। মাঝমাঠে রদ্রিগেজের সঙ্গে বল দখলের মূল লড়াইটা তাঁর সঙ্গেই হওয়ার কথা ছিল। গুস্তাভোর জায়গা আজ নিতে পারেন রামিরেস কিংবা পাওলিনহো। কয়েক ম্যাচ ধরে নিষ্প্রভ থাকা হাল্ককে আজ একাদশের বাইরে রেখে তাঁর জায়গায় উইলিয়ানকে খেলানোর কথাও ভাবতে পারেন স্কলারি।
দলে চোটের কোনো সমস্যা নেই। তাই একাদশে বদল আনার কথা না ভাবলেও চলছে কলম্বিয়ান কোচ হোসে পেকারম্যানের। উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়া দলটাকে যতটা সম্ভব অপরিবর্তিত রেখেই তাই হয়তো আজ ব্রাজিল-বধের মিশনে নামবে কলম্বিয়া। এএফপি, রয়টার্স, গোলডটকম।