বিশ্ব ফুটবলের তিন রত্ন। নিজ দলের সবচেয়ে বড় ভরসা। বিশ্বকাপের দুর্গম গিরি কান্তার মরু পেরোতে এই তিনজনের দিকে তাকিয়ে তাঁদের দল। চ্যালেঞ্জ তিনজনের ভিন্ন, লক্ষ্য এক। আর কেউ চ্যালেঞ্জ জিতলেই তাঁর পুরস্কার ইতিহাসের মহানায়কের আসন

অনেকের কাছে সেটা ‘বিশ্বকাপের মহড়া’। আবার কেউ বলেন, আটটি দল নিয়ে বিশ্বকাপের মহড়া হয় কী করে! তাঁদের কাছে কনফেডারেশনস কাপ শুধুই কতগুলো প্রীতি ম্যাচের সমাহার, যার শেষটা হয় শিরোপা দিয়ে।
শুধু নেইমারের কাছেই এটা ছিল অগ্নিপরীক্ষা! ব্রাজিলের ২০ কোটি মানুষের কাছে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ।
ওই অগ্নিপরীক্ষায় বসার কিছুদিন আগেই নিজের দেশে দর্শকদের কাছে দুয়ো শুনতে হয়েছিল তাঁকে। বেলো হরিজন্তেতে চিলির সঙ্গে একটা প্রীতি ম্যাচে ২-২ ড্র করেছিল স্কলারির দল। নেইমার সেদিন এত নিষ্প্রভ ছিলেন যে, ম্যাচের শেষের দিকে পুরো স্টেডিয়াম মিলে চিৎকার তুলেছে, ‘নেইমার পিপোকুয়েইরো’। ব্রাজিলিয়ানদের কাছে ‘পিপোকুয়েইরো’ শব্দটা গালির মতো। কাছাকাছি বাংলা অর্থ, যে অনেক কিছু দেওয়ার কথা বলে, কিন্তু কাজের সময় কিছুই দিতে পারে না। একজন ফুটবলারের জন্য এটা বড় অপমানই!
ওই অপমান হজম করে, নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নিয়েই ২১ বছরের নেইমার আবার মাঠে নেমেছিলেন গত জুনে।
জাপানের বিপক্ষে প্রথম ম্যাচের তৃতীয় মিনিটেই অসাধারণ এক ভলিতে গোল করে শুরু। তারপর একটা ম্যাচ গেছে আর একে একে নেইমার জবাব দিয়েছেন তাঁকে ঘিরে থাকা সব প্রশ্নের। উড়িয়ে দিয়েছেন সব সন্দেহ, ভুল প্রমাণ করেছেন অনেককেই। এমনকি পেলেকেও! তাঁকে নিয়ে যখন মাতামাতি হচ্ছে, ব্রাজিলের নতুন ‘সেনসেশন’ তকমা সেঁটে গেছে গায়ের সঙ্গে, তখন পেলেই বলেছিলেন, ‘ছেলেটার কাঁধে যে অনেক দায়িত্ব সেটা সে জানেই না। এর চেয়ে নিজের চুলের স্টাইল বদলানোর দিকেই সে বেশি মনোযোগী।’
ব্রাজিলকে কনফেডারেশনস কাপ জিতিয়ে, নিজে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে নেইমার প্রমাণ করলেন, দায়িত্বটা ভুলে যাননি। উতরে গেলেন অগ্নিপরীক্ষায়।
কিংবা শুধু উতরাননি, আরও বড় দায়িত্ব নিলেন কাঁধে। কনফেডারেশনস কাপের সেই পারফরম্যান্স তাঁর কাছে ব্রাজিলিয়ানদের প্রত্যাশা এতই বাড়িয়ে দিল যে, বিশ্বকাপের আগেই তিনি মহাতারকা। হেক্সার স্বপ্নসারথি। দেশের হয়ে ৪৯ ম্যাচে ৩১ গোলের পরিসংখ্যান বলছে, প্রতিপক্ষের জালে বল পাঠানোকে প্রায় নিজের অভ্যাস বানিয়ে নিয়েছেন নেইমার। পেলে, পাহেইরা, রোনালদো থেকে শুরু করে সতীর্থ থিয়াগো সিলভারও তাই বিশ্বাস, তাঁর হাত ধরেই আসবে বিশ্বকাপের ষষ্ঠ ট্রফি। ২২ বছর বয়সে একা এত প্রত্যাশার চাপ কি পেলেকেও নিতে হয়েছিল?
বড় মঞ্চের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতেই গত বছর জুনে সান্তোস ছেড়ে পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায়। প্রথম মৌসুমটা খুব আহামরি না কাটলেও নিজের জাত ঠিকই চিনিয়েছেন নেইমার। মাঠে তাঁর নড়চড়া মাঝেমধ্যে তরুণ বয়সের জর্জ বেস্টকে মনে করিয়ে দেয়। ব্রাজিলিয়ান প্রতিভার সহজাত গুণ হিসেবে দুর্দান্ত ড্রিবলিংটা তো জানেনই, সঙ্গে তাৎক্ষণিক সৃষ্টিশীলতায়ও মুগ্ধ করে দেন প্রায়ই। মাত্র এক মৌসুম পরেই তাই তিনি বার্সেলোনায় মেসির পরে সবচেয়ে বড় তারকা।
আর ব্রাজিলে? রিও ডি জেনিরো থেকে বাহিয়া কিংবা আমাজনে ঘেরা সুদূর মানাউস—সবখানেই ২০১৪ বিশ্বকাপের পোস্টারে জ্বলজ্বল করছে নেইমারের ছবি।
এখন অপেক্ষা শুধু ছবির সেই মানুষটার সময়মতো আরও একবার জ্বলে ওঠার।
কামরুল হাসান