ব্রাজিলের স্বস্তি, আর্জেন্টিনার প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশোধ! ফ্রাঙ্কফুর্টের কমার্জব্যাংক অ্যারেনায় শ্রবণসীমার অতিরিক্ত ডেসিবেলে আর্জেন্টাইন সমর্থকেরা এই একটা শব্দেরই গুঞ্জন তুলে গেল। ২০১০ বিশ্বকাপের ক্ষত নিয়েই পরশু মাঠে নেমেছিল আর্জেন্টিনা। অবশেষে জার্মানিকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে সেই ক্ষতে সান্ত্বনার প্রলেপ দিতে পারল লিওনেল মেসির দল।জার্মানির সঙ্গে মেসির নিজের ব্যক্তিগত কিছু হিসাব-নিকাশ ছিল। ২০০৬ বিশ্বকাপে ডাগ-আউটে বসে দেখেছেন, জিততে জিততে কীভাবে হেরে গেছে তাঁর দল। ২০১০ বিশ্বকাপে মাঠে থেকেই পেয়েছেন বিষম লজ্জা। সেই মেসি পরশু নেতৃত্ব দিলেন আর্জেন্টিনার জয়ে। যদিও একটি পেনাল্টি মিস করেছেন, একটি শট পোস্টে লেগে ফিরেও এসেছে তাঁর। না হলে জাতীয় দলের হয়ে সর্বশেষ চার ম্যাচে তৃতীয় হ্যাটট্রিকটিও পেতেন খুদে জাদুকর। শেষ পর্যন্ত অবশ্য একটা গোলেই তৃপ্ত থাকতে হয়েছে। অন্য দুটি গোলের একটি স্যামি খেদিরার আত্মঘাতী, শেষ গোলটি করেছেন খেদিরার ক্লাব-সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া। জার্মানির বেনেডিক্ট হোয়েডেস ৮১ মিনিটে করেন সান্ত্বনার গোলটি।জার্মানি অবশ্য আক্ষেপ করতে পারে। এমনিতেই চোট, বিশ্রাম আর ক্লাবসূচির কারণে গোমেজ-শোয়েনস্টাইগার-পোডলস্কিরা খেলতে পারেননি। এর ওপর প্রায় ৬০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে তাদের। জাতীয় দলের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা গোলরক্ষক রন-রবার্ট জিয়েলার ৩০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। বক্সের মধ্যে হোসে আর্নেস্তো সসাকে অবৈধ ফাউল করার শাস্তি। জিয়েলারের দুটি ম্যাচই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে শেষ হলো। অভিষেকে ইউক্রেনের বিপক্ষে হজম করেছিলেন তিন গোল!জিয়েলারের বদলি হিসেবে মাঠে নামেন মার্ক-আন্দ্রে স্টেজেন। ২০১২ ইউরোর আগে তাঁরও অভিষেক হয়েছিল ৫ গোল খাওয়ার অভিজ্ঞতা দিয়ে। কিন্তু ৩২তম মিনিটে নেওয়া মেসির পেনাল্টি ঠেকিয়ে দেন স্টেজেনই। ৩৯ মিনিটে মেসির আরেকটি দারুণ প্রচেষ্টাও রুখে দিয়েছিলেন। ৪৫ মিনিটে খেদিরার আত্মঘাতী গোল দিয়ে গোলমুখ খোলে। প্রাপ্য গোলটি মেসি পান ৫২ মিনিটে। ৭৩ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন ডি মারিয়া। এরই মিনিট কয় পর চার জার্মান ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে ঢুকে পড়লেও মেসির শট শুধু পোস্টই কাঁপায়।ম্যাচের শুরুতে অবশ্য জার্মানিরই দারুণ দাপট ছিল। ওই লাল কার্ডই রং পাল্টে দেয়। ম্যাচ শেষে দুই কোচই টার্নিং পয়েন্ট বলেছেন এটিকে। পার্থক্য হলো, আলেসান্দ্রো সাবেলার বলার ধরনে ছিল আনন্দ, জোয়াকিম লোয়ের কণ্ঠে হতাশা। ঠিক প্রতিশোধ নয়, আবার প্রতিশোধের ব্যাপারটি ছিল সুইডেন-ব্রাজিল ম্যাচটিতেও। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে সুইডিশ-স্বপ্ন ধুলোয় মিশিয়ে নিজেদের পাঁচ শিরোপার প্রথমটি জিতেছিল ব্রাজিল। পরশুও ব্রাজিলই জিতল। ৮৪ আর ৮৬—দুই মিনিটে পাতোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে। অলিম্পিক ফাইনালে হেরে যাওয়ার শোক দ্রুতই ভুলে জয় তুলে নিতে পেরেছে মানো মেনেজেসের দল। অলিম্পিকের সর্বোচ্চ গোলদাতা লিয়ান্দ্রো দামিয়াও ৩২ মিনিটে করেছেন প্রথম গোলটি। নেইমারের ক্রস থেকে হেড করে গোলটি করেন দামিয়াও। ওয়েবসাইট।