ব্রাজিলের স্মৃতি

৬৪ বছর পর ব্রাজিলে বিশ্বকাপ ফিরছে। ইশ্, বিশ্বকাপ দেখতে যদি ব্রাজিল যাওয়ার সুযোগ হতো! তবে যেতে পারি না-পারি মনটা কিন্তু ওখানেই পড়ে আছে।
বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ফাইনাল। অনুমান করছি, ব্রাজিল ফাইনালে উঠলে মারাকানার দৃশ্যটা কেমন হবে। সেদিন বোধ হয় জনস্রোতে ভাসবে গোটা স্টেডিয়াম এলাকা। ব্রাজিলের ঘরোয়া ম্যাচেই মারাকানায় দর্শক উন্মাদনার যে ছবি দেখে এসেছি, বিশ্বকাপ ফাইনাল ঘিরে সেটি তো কয়েক গুণ বাড়বেই। অনুমান করতে গিয়েই শিহরিত হচ্ছি।
১৯৯৮ সালে কোচিংয়ের ওপর ডিগ্রি নিতে ব্রাজিল গিয়ে মারাকানায় ম্যাচ দেখেছি। ফ্ল্যামেঙ্গো-পালমেইরাসের ম্যাচে দেখলাম ৭০ হাজার দর্শক একসঙ্গে চেঁচাচ্ছে-লাফাচ্ছে। একটা মিনিটও ওরা চুপ থাকে না। ব্রাজিলিয়ান দর্শকেরা আমুদে স্বভাবের জানতাম, কিন্তু এতটা ভাবিনি। ওরা সারাক্ষণ চিৎকার করে। গোল দেখারও বোধ হয় সময় পায় না! ওই স্রোতে অবচেতনে আমিও ভেসে গিয়েছিলাম।
শুনেছি, মারাকানায় নিচ দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা ছিল, ওই রাস্তাও লোকে ভরে গিয়েছিল ১৯৫০ সালের ঐতিহাসিক সেই ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে। স্টেডিয়ামে ঢোকার পর আমার শরীরে শিহরণ বয়ে গিয়েছিল। ওখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। যে ছবি এখনো সব সময় অ্যালবাম থেকে বের করে দেখি।
বাংলাদেশে বসে সবাই ভাবছেন, ব্রাজিলে কী জানি হচ্ছে! আমি যেহেতু একবার গিয়েছি, তাই দৃশ্যগুলো কল্পনায় এনে ভাবছি আর স্মৃতিকাতরতায় ডুবছি। ১৬ বছর আগে রিও ডি জেনিরোতে দেখে আসা ব্রাজিলের ফুটবলীয় আবহ আমার মনে এখনো সজীব।

মনে পড়ছে, ফ্ল্যামেঙ্গো-পালমেইরাস ম্যাচের আগে পালমেইরাসের সমর্থকেরা রিওতে ঢোকার পর ওদের সঙ্গে মারামারি লেগে গিয়েছিল ফ্ল্যামেঙ্গো সমর্থকদের। রাস্তাঘাট সব রণক্ষেত্র! দেখতে দেখতে ভাবলাম, আহা, আমাদের আবাহনী-মোহামেডান ম্যাচ নিয়েও তো একসময় এমন কাণ্ড হতো!
পরক্ষণে বাস্তবে ফিরে এলাম। আমরা কোথায় আর ব্রাজিল কোথায়! ব্রাজিল ফুটবলের তীর্থভূমি। সেখানে ফুটবল একটা শিল্পও। সেটি বাণিজ্য অর্থেও। ফুটবলার রপ্তানি করে ওরা কোটি কোটি ডলার আয় করে। বিশ্বকাপের এই সময় আয়ের পরিমাণ বিলিয়ন-বিলিয়ন ডলার হবে। ফুটবল বিপণন করে যদি এত আয় হয়, তা হলে দেশটায় ফুটবলের ‘চাষ’ তো হবেই।
ব্রাজিলে এমনও দেখেছি, ছোট্ট ছেলেকে বাবা তাঁর প্রিয় দলের জার্সি পরিয়ে মাঠে নিয়ে যায়। মানে ছোট থেকেই ফুটবল, মাঠ, স্টেডিয়াম...এসব শিশুর মনের ঢুকিয়ে দেওয়া হয়। আমার সঙ্গে থাকা দোভাষী জানালেন, ব্রাজিলে ছেলেসন্তান হওয়া মানেই ওকে ফুটবল ছোঁয়াতে হবে। এটা নাকি অলিখিত নিয়ম!
শিশুরা এখন তো বিশ্বকাপের রঙিন পোস্টার দেখছে রাস্তায় রাস্তায়। বড় তারকাদের ছবি ঝুলছে ওদের নাকের ওপর। ওরা ফুটবলে আকৃষ্ট হবে না কেন বলুন? শিশুদের গড়ে তোলার এত কার্যকর পদ্ধতি কমই আছে পৃথিবীতে। আমি তো ফ্ল্যামেঙ্গো আর ভাস্কো দা গামার অনূর্ধ্ব-১৩ দলেরও একটা ম্যাচ দেখেছি। সেটি ছিল দারুণ অভিজ্ঞতা। জানতে পারলাম, তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করার জন্য কিছু এজেন্ট পুরো ব্রাজিল চষে বেড়ায়। যেসব প্রতিভা চোখে পড়ে, বেশির ভাগই গরিব ঘরের ছেলে।
ব্রাজিলিয়ানদের শারীরিক গঠন প্রায় আমাদের মতোই। তাহলে ওরা এত ভালো খেলে কীভাবে? শুনেছি, ছোট থেকেই ওভাবে গড়ে তোলা হয় শিশুদের। ওখানে শত শত মাঠ। পাড়াভিত্তিক মাঠকে কেন্দ্র করে গড়ে ওঠে কিশোরেরা। এরপর ঢুকে পড়ে ক্লাবগুলোর বয়সভিত্তিক দলে।
বিশ্বকাপ এসে পুরোনো স্মৃতি আবার নাড়া দিয়ে যাচ্ছে আমাকে। বেবেতো, রোমারিও, হুলিও সিজারসহ আরও অনেক নামী খেলোয়াড়ের সঙ্গে দেখা হয়েছিল। পাহেইরা, জাগালোর মতো ভুবনবিখ্যাত কোচের অনুশীলন সেশনে থেকেছি। আধুনিক এবং প্রকৃত ‘ফুটবল শিক্ষা’ নিয়ে বেরিয়ে আসছে শত শত কোচ।
এখন বিশ্বকাপের জন্য নতুন স্টেডিয়াম হয়েছে। রাস্তাঘাটের চেহারা বদলাচ্ছে। আমি যখন গিয়েছিলাম, সবকিছুই বেশ ভালো লেগেছিল। যে কয়টি ক্লাবে গিয়েছি, প্রতিটিরই একটি করে বালুর মাঠ দেখেছি। খেলোয়াড় আহত হলে বালুর মাঠে যায় পুনর্বাসনের জন্য। সব সামর্থ্যবান লোকের বাসার সামনে একটা করে ছোট্ট মাঠ থাকবেই।
বলতে ভুলে গেছি, রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকত পৃথিবী বিখ্যাত। ব্রাজিলে ছড়িয়ে-ছিটিয়ে আছে আরও অনেক সৈকত। ছোটবেলা থেকেই সৈকতে দৌড়ে শিশুদের পেশি শক্ত হয়। পাহাড়ও অনেক। সাগরপার এবং পাহাড়ি এলাকার ছেলেরা শারীরিকভাবে এগিয়ে। ব্রাজিলে থাকার সময় ছোট ছোট বাচ্চার স্কিল দেখে অবাক হয়েছি। জিকোর একাডেমিতে গিয়ে তো আমি বিস্মিত। পাঁচ-ছয়টা বয়সভিত্তিক দল। কী অসাধারণ ব্যাপার!
ব্রাজিল দেশটাই আসলে অসাধারণ। ইউরোপিয়ান জীবনধারাই ওখানে প্রবহমান। সমাজে ধনী-গরিব বিভেদ স্পষ্ট। তবে অভিজ্ঞতা থেকে নিশ্চিত করে বলতে পারি, বিশ্বকাপযাত্রীদের কাছে উপভোগ্যই হবে ব্রাজিল সফর। ব্রাজিল যাঁঁরা যাবেন, আজীবন বলার মতো অনেক গল্পই পাবেন!
শফিকুল ইসলাম মানিক: কোচ, সাবেক ফুটবলার