ব্রাজিলের হার, স্পেনের কষ্টের জয়
মুদ্রোর উল্টো পিঠটা এবার ব্রাজিলিয়ানদের ভালোই দেখাল মেক্সিকানরা। টানা ১০ ম্যাচ জিতে উড়তে থাকা ব্রাজিলকে গত রোববার ২-০ গোলে হারাল তারা। কনক্যাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারে! ডালাসের এই প্রীতি ম্যাচের শুরুতেই জিওভান্নি দস সান্তোসের গোলে এগিয়ে যায় মেক্সিকো। এই গোল ব্রাজিল তো শোধ করতে পারেইনি, উল্টো প্রথমার্ধেই ব্রাজিল ডিফেন্ডার হুয়ান দস সান্তোসকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার হাভিয়ের ‘চিচারিতো’ হার্নান্দেজ। বল দখলের লড়াইতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাই এগিয়ে ছিল, কিন্তু নেইমারসহ আক্রমণভাগের নিষপ্রভতায় গোলবঞ্চিতই থেকে যায় তারা। রিয়ালের রাডারে থাকা তরুণ ব্রাজিলিয়ান প্লে-মেকার লুকাস মাউরা অবশ্য হারটাকে বড় করে দেখতে নারাজ, ‘এই ম্যাচ থেকে অনেক কিছুই শেখার আছে। মেক্সিকো অবশ্যই যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো দল, আর লন্ডন অলিম্পিকে আরও কঠিন সব প্রতিপক্ষকে সামলাতে এই ম্যাচ কাজে দেবে।’ ব্রাজিল কোচ মানো মেনেজেসের আত্মসমালোচনা, ‘প্রথমার্ধেই আমরা ওদের ১০ বার পাল্টা-আক্রমণের সুযোগ করে দিয়েছি, কেননা দল হিসেবে নয়, আমরা ব্যক্তিগত নৈপুণ্য দেখাতে গেছি।’এদিকে ইউরো শিরোপার দাবিদার স্পেনকে ঘরের মাঠে ভালোই নাড়িয়ে দিয়েছিল চীন। ন্যূনতম ব্যবধানে চীনকে হারাতে ঘামই ছুটে গেছে ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নদের। জয়সূচক গোলটা ডেভিড সিলভার হলেও জয়ের কৃতিত্ব বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার। ৮৪ মিনিটে তাঁর পাস থেকেই ফাঁকায় দাঁড়ানো সিলভা একমাত্র গোলটি করেন। প্রথমার্ধে চীন গোলরক্ষক চেং দুর্দান্ত কিছু সেভ করে স্প্যানিশদের গোলবঞ্চিত রাখেন। ইনিয়েস্তা ও তোরেস দ্বিতীয়ার্ধে নেমেই ঘুরিয়ে দেন খেলার মোড়। ‘প্রথমার্ধে তারা ভালোই খেলেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা গুছিয়ে উঠি। আন্দ্রেস (ইনিয়েস্তা) বলটা এমনভাবে বানিয়ে দিল আমার কাজ ছিল বলটাকে স্রেফ ঢুকিয়ে দেওয়া। আসলেই সে দারুণ এক খেলোয়াড়। আরও কিছু গোল আমরা পেতেই পারতাম,’—ম্যাচ শেষে বলেছেন ডেভিড সিলভা। চীনের দায়িত্বে এখন স্পেনের সাবেক কোচ হোসে কামাচো, সেভিয়ায় এই হারের পর তিনি মেতে ওঠেন ইনিয়েস্তা বন্দনায়, ‘সে (ইনিয়েস্তা) এই প্রজন্মের মিডফিল্ডারদের মধ্যে বিরল প্রতিভার। সে বিপজ্জনক ও সব সময়ই অননুমেয় হুমকি।’ স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্ক গোপন করেননি নিজের অসন্তুষ্টি, ‘আমরা অন্য সময়ের চেয়ে অনেক শ্লথ ছিলাম। চীন তাদের কাজটা ভালোই করেছে। তার পরও আরও গোল করা উচিত ছিল আমাদের।’ রয়টার্স।