ব্রাজিলের হ্যাটট্রিক, না স্পেনের প্রথম?

সেমিফাইনালের লড়াই শেষ। এখন অপেক্ষা ফাইনালের। কোন দল জিতবে শিরোপা? ব্রাজিল কি পারবে টানা তৃতীয় কনফেডারেশনস কাপ শিরোপা ঘরে তুলতে? নাকি প্রথমবারের মতো মহাদেশীয় শিরোপার স্বাদ পাবে ইউরো ও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন? ফাইনালের আগে ঘুরেফিরে আসছে প্রশ্নগুলো। সব প্রশ্নের সমাধান মিলবে আগামী পরশু, বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে। ফাইনালে ফেবারিট কে, বলা কঠিন। কারণ কয়েক বছর ধরেই স্পেন অপ্রতিরোধ্য। স্প্যানিশদের মুখোমুখি হওয়া মানেই এখন বাঘের মুখে পা দেওয়া। কম নয় ব্রাজিলও। ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা অনেকটাই অজেয়। গত ৫০ বছরে নিজেদের মাঠে একটাই প্রতিযোগিতামূলক ম্যাচে হেরেছে ব্রাজিল, তা-ও ৩৮ বছর আগে।
গ্রুপ পর্বের পারফরম্যান্সে দুই দলই ছিল সমানে সমান। ব্রাজিল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন স্পেন। অপেক্ষা এখন দুই গ্রুপ চ্যাম্পিয়নের রোমাঞ্চকর ফাইনালের।
গত রাতে টাইব্রেকারে ইতালিকে ৭-৬ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। এই ইতালিকেই গ্রুপ পর্বে ৪-২ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল। ভাগ্যের জোরে ইতালিকে হারানোর পর ব্রাজিলকেই শিরোপা নির্ধারণী লড়াইয়ে ফেবারিট মানলেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক, ‘ব্রাজিলই ফেবারিট। ওরা পাঁচটি বিশ্বকাপ জিতেছে। তিনটি কনফেডারেশনস কাপ জিতেছে।’
নির্ধারিত আর অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট খেলে ইতালির জাল খুঁজে পাননি স্পেনের খেলোয়াড়েরা। ব্যাপারটা অবশ্যই হতাশার। ব্রাজিলকে হারাতে হলে যে পারফরম্যান্সে উন্নতি করতে হবে, তা স্বীকার করলেন দেল বস্কও, ‘আরও ভালো করতে হবে আমাদের। যতটা সম্ভব পারফরম্যান্সে উন্নতি করতে হবে। জানি না, ফাইনাল কে নিয়ন্ত্রণ করবে। আমরা চেষ্টা করব। আশা করছি, রোববার নিজেদের শতভাগ উজাড় করে খেলতে পারব।’
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নতুন সাজে সজ্জিত মারাকানা স্টেডিয়ামে। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামকে বিবেচনা করা হয় ব্রাজিলীয় ফুটবলের অন্যতম কেন্দ্রস্থল হিসেবে। এই স্টেডিয়ামেই ১০০০তম গোল করে ইতিহাস গড়েছিলেন কিংবদন্তি পেলে। গারিঞ্চা, জিকো, রোমারিওর মতো তারকা ফুটবলারের চারণভূমিও ছিল এই মারাকানা। এখানেই ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ব্রাজিলীয়দের কাছে তো বটেই, মারাকানায় ম্যাচ যেকোনো দলের কাছেই বিশেষ কিছু। স্পেনের কোচ দেল বস্কের কথায়ও তা স্পষ্ট, ‘মারাকানায় ব্রাজিলের মুখোমুখি হচ্ছি আমরা। এখানে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।’